প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬ ১৩:১৭ পিএম
বিশ্বজুড়ে দর্শকদের হাসির খোরাক জোগানো চরিত্র ‘মিস্টার বিন’ কিংবা ‘ব্ল্যাকঅ্যাডার’Ñ নামগুলো উচ্চারণ করলেই চোখের সামনে ভেসে ওঠে রোয়ান অ্যাটকিনসনের অভিনব অভিব্যক্তি আর হাস্যরসের জাদু। দীর্ঘ চার দশক পর আবারও লন্ডনের ওয়েস্ট এন্ডের মঞ্চে ফিরছেন এই ব্রিটিশ কমেডিয়ান। ‘রোয়ান লাইভ’ শিরোনামের বিশেষ শোর মাধ্যমে নিজের ক্যারিয়ারের জনপ্রিয় সব পরিবেশনা নিয়ে দর্শকদের সামনে হাজির হবেন তিনি।
আগামী বছরের ৮ ফেব্রুয়ারি থেকে ১৩ মার্চ পর্যন্ত লন্ডনের গিলিয়ান লিন থিয়েটারে চলবে এই আয়োজন। সীমিত পরিসরের এই শোতে থাকছে মোট ৩০টি প্রদর্শনী। পুরনো জনপ্রিয় পরিবেশনার পাশাপাশি দর্শকদের জন্য নতুন কিছু পরিবেশনাও প্রস্তুত করছেন অ্যাটকিনসন। এ আয়োজনে আবারও তার সঙ্গে কাজ করছেন প্রখ্যাত লেখক রিচার্ড কার্টিস ও বেন এলটন এবং সুরকার হাওয়ার্ড গুডাল।
দীর্ঘ বিরতির পর ওয়েস্ট এন্ডের মঞ্চে ফেরার বিষয়ে রোয়ান অ্যাটকিনসন বলেন, ‘ওয়েস্ট এন্ডে আমার সর্বশেষ কমেডি স্কেচ শো করার পর ৪০ বছর পেরিয়ে গেছে। যেসব পরিবেশনা দিয়ে রিচার্ড কার্টিস ও আমার পথচলা শুরু হয়েছিল, সেগুলো আবারও মঞ্চে পারফর্ম করা দারুণ মজার হবে বলে মনে হচ্ছে। এর সঙ্গে বিশেষ কিছু নতুন পরিবেশনাও থাকছে।’
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় রিচার্ড কার্টিস ও হাওয়ার্ড গুডালের সঙ্গে অ্যাটকিনসনের পেশাগত যাত্রার সূচনা হয়।
আশির দশকে মঞ্চে ‘মিস্টার বিন’ চরিত্রটি প্রথম উপস্থাপন করেন অ্যাটকিনসন। পরবর্তী সময়ে নব্বইয়ের দশকে টেলিভিশন ও চলচ্চিত্রের মাধ্যমে চরিত্রটি বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। সংলাপের চেয়ে শারীরিক অভিব্যক্তি ও অদ্ভুত সব কাণ্ডকারখানার মাধ্যমে দর্শকদের হাসানোর এই কৌশলই তাকে আন্তর্জাতিক পরিচিতি এনে দেয়।
এ ছাড়া আশির দশকের জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘ব্ল্যাকঅ্যাডার’-এর চরিত্রটিও তার অভিনয়জীবনের অন্যতম স্মরণীয় সংযোজন। ২০১২ সালে একটি বিশেষ দাতব্য পরিবেশনায় চরিত্রটিকে আবারও মঞ্চে হাজির করেছিলেন তিনি। এবার ‘রোয়ান লাইভ’-এর মাধ্যমে সেই পরিচিত চরিত্র ও পুরনো পরিবেশনাগুলো নতুন করে উপভোগ করার সুযোগ পাবেন দর্শকরা। চার দশক পর ওয়েস্ট এন্ডে অ্যাটকিনসনের এই প্রত্যাবর্তন তাই তার দীর্ঘ অভিনয়জীবনের স্মরণীয় অধ্যায়গুলোকে আবারও মঞ্চে ফিরিয়ে আনার আয়োজন।