প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬ ১৩:০৮ পিএম
নতুন সিনেমা কিংবা ওয়েব সিরিজÑ প্রতি সপ্তাহেই দর্শকের আগ্রহ থাকে ওটিটি প্লাটফর্মে কী আসছে, তা জানার। চলতি সপ্তাহেও বিভিন্ন প্লাটফর্মে মুক্তি পেয়েছে বাংলা, হিন্দি ও ইংরেজি ভাষার বেশকিছু সিনেমা ও সিরিজ।
হ্যাপিলি ম্যারিড : চরকিতে গত ৮ অক্টোবর মুক্তি পেয়েছে বাংলা ওয়েব ফিল্ম ‘হ্যাপিলি ম্যারিড’। এতে অভিনয় করেছেন আরিফিন শুভ, কেয়া পায়েল ও দীপা খন্দকার। গল্পের একদিকে রয়েছে সহজ-সরল ও সৎ যুবক আনিস, অন্যদিকে উচ্চবিত্ত আধুনিক শহুরে পরিবেশে বেড়ে ওঠা অনামিকা। পারিবারিকভাবে বিয়ের পর দুজনের চিন্তাভাবনা ও দৃষ্টিভঙ্গির পার্থক্য থেকে তৈরি হয় মতানৈক্য।
প্রেশার কুকার : হইচইয়ে গত ৮ অক্টোবর মুক্তি পেয়েছে বাংলা সিনেমা ‘প্রেশার কুকার’। এতে অভিনয় করেছেন শবনম বুবলী, নাজিফা তুষি, মারিয়া শান্ত ও স্নিগ্ধা চৌধুরী। ঢাকা শহরে বসবাসকারী ভিন্ন পেশার চার নারীর জীবনসংগ্রাম, না বলা কষ্ট এবং সামাজিক দ্বন্দ্ব উঠে এসেছে সিনেমাটিতে। নগরজীবনের পরিচিত বাস্তবতার আড়ালে নারীদের অদৃশ্য চাপ ও প্রতিকূলতার গল্প তুলে ধরেছে এই আয়োজন।
বিজয়নগরের হীরে : বাংলা সিনেমা ‘বিজয়নগরের হীরে’ হইচইয়ে মুক্তি পাবে আজ ১০ অক্টোবর। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, চিরঞ্জিত চক্রবর্তী ও আরিয়ান ভৌমিক অভিনীত সিনেমাটি নির্মিত হয়েছে সুনীল গঙ্গোপাধ্যায়ের কাকাবাবু সিরিজের উপন্যাস অবলম্বনে। এবার কাকাবাবু, সন্তু ও জোজোর অভিযান হাম্পিতে। বিজয়নগর সাম্রাজ্যের একটি মূল্যবান পাথরের সন্ধানে তাদের এই যাত্রায় থাকছে রহস্য ও রোমাঞ্চের উপাদান।
অ্যানিমেলস : নেটফ্লিক্সে গতকাল ৯ অক্টোবর মুক্তি পেয়েছে ইংরেজি সিনেমা ‘অ্যানিমেলস’। এতে অভিনয় করেছেন বেন অ্যাফ্লেক, জিলিয়ান অ্যান্ডারসন ও কেরি ওয়াশিংটন। গল্পের কেন্দ্রে রয়েছেন লস অ্যাঞ্জেলেসের মেয়র পদপ্রার্থী এক রাজনীতিবিদ। নির্বাচনী প্রচারণার সময় তার ছেলে অপহৃত হলে মুক্তিপণের অর্থ জোগাড় করতে গিয়ে তিনি জড়িয়ে পড়েন জটিল ষড়যন্ত্রে।
রিপোর্টিং লাইভ : হিন্দি সিনেমা ‘রিপোর্টিং লাইভ’ নেটফ্লিক্সে গতকাল ৯ অক্টোবর মুক্তি পেয়েছে। এতে অভিনয় করেছেন পরিণীতি চোপড়া, দেবেন ভোজানি ও আদিল হুসেন। গল্পে এক নির্ভীক তরুণী সাংবাদিক ও তার ক্যামেরাম্যান খবরের সন্ধানে গিয়ে জড়িয়ে পড়েন অবৈধ বালু উত্তোলন চক্রের সঙ্গে। সত্য প্রকাশের চেষ্টা করতে গিয়ে প্রভাবশালী ব্যক্তি ও অপরাধীদের রোষানলে পড়েন তারা।
ম্যাচবক্স দ্য মুভি : অ্যাপল টিভিতে গতকাল ৯ অক্টোবর মুক্তি পেয়েছে ইংরেজি সিনেমা ‘ম্যাচবক্স দ্য মুভি’। এতে অভিনয় করেছেন জন সিনা, জেসিকা বিয়েল ও স্যাম রিচার্ডসন। বহু বছর পর শৈশবের বন্ধুদের সঙ্গে দেখা করতে নিজ শহরে ফেরেন আন্ডারকভার সিআইএ এজেন্ট শন। কিন্তু সেখানে গিয়ে অস্ত্র চুরির মিথ্যা অভিযোগে জড়িয়ে পড়েন তিনি। নিজেকে নির্দোষ প্রমাণ করতে শনকে নামতে হয় বিপজ্জনক এক অভিযানে। অ্যাকশন ও রোমাঞ্চে ভরপুর এই গল্পে শেষ পর্যন্ত কীভাবে পরিস্থিতি সামাল দেন তিনি, সেটিই দেখার বিষয়।