× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পর্দার বাইরে ফারিণ, কবে ফিরছেন?

মাহমুদা বিশ্বাস

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৬ ১৪:০২ পিএম

তাসনিয়া ফারিণ

তাসনিয়া ফারিণ

পর্দায় প্রিয় তারকাকে নিয়মিত দেখতে অভ্যস্ত দর্শকের কাছে হঠাৎ তার অনুপস্থিতি তৈরি করে অন্যরকম এক কৌতূহল। নতুন কোনো সিনেমা, নাটক কিংবা ওয়েব সিরিজের খবর নেই, নেই শুটিংয়ের ব্যস্ততার ছবিও। তবু সামাজিক মাধ্যমে তার উপস্থিতি চোখে পড়লেই ভক্তদের মনে ঘুরতে থাকে একই প্রশ্নÑ আবার কবে পর্দায় ফিরবেন প্রিয় অভিনেত্রী?

তাসনিয়া ফারিণকে ঘিরে এখন ঠিক এমনই অপেক্ষা তৈরি হয়েছে। অভিনয়ে নিজের জায়গা তৈরি করে নেওয়া এই অভিনেত্রী বর্তমানে নতুন কোনো কাজের আনুষ্ঠানিক ঘোষণায় নেই। ফলে তার পরবর্তী পর্দায় ফেরার সময় নিয়েই বাড়ছে দর্শকের আগ্রহ।

ছোট ও বড়পর্দার দর্শকের কাছে জনপ্রিয় তাসনিয়া ফারিণ রুপালি পর্দায় যাত্রা শুরু করেন ‘ফাতিমা’ সিনেমার মাধ্যমে। এরপর ওপার বাংলার ‘আরও এক পৃথিবী’ এবং বাংলাদেশের ‘ইনসাফ’ সিনেমায় অভিনয় করেন তিনি। তবে বড়পর্দায় তার সবচেয়ে বেশি আলোচনার জন্ম দেয় চলতি বছরের ঈদুল ফিতরে মুক্তি পাওয়া ‘প্রিন্স’ সিনেমা। এই সিনেমায় প্রথমবারের মতো ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানের বিপরীতে জুটি বাঁধেন ফারিণ। নতুন জুটি নিয়ে দর্শকের আগ্রহ থাকলেও মুক্তির পর প্রত্যাশিত সাড়া পায়নি সিনেমাটি।

‘প্রিন্স’ মুক্তির পর থেকেই যেন ফারিণের ক্যারিয়ারে এসেছে এক ধরনের নীরবতা। সিনেমাটি মুক্তির পর প্রায় পাঁচ মাস পেরিয়ে গেলেও তার নতুন কোনো চলচ্চিত্রের আনুষ্ঠানিক খবর সামনে আসেনি। এমনকি নতুন কোনো নাটক বা ওয়েব প্রজেক্ট নিয়েও এখন পর্যন্ত কোনো ঘোষণা শোনা যায়নি। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে— এই বিরতি কি সাময়িক, নাকি নতুন কোনো কাজ বেছে নেওয়ার ক্ষেত্রে আরও সময় নিচ্ছেন অভিনেত্রী?

এর মধ্যেই নন্দিত নির্মাতা অমিতাভ রেজা চৌধুরীর সঙ্গে ফারিণের একটি ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ পাওয়ার পর নতুন সিনেমা নিয়ে শুরু হয়েছিল জল্পনা। অনেকেই ধারণা করেছিলেন, হয়তো নতুন কোনো চলচ্চিত্রের কাজ শুরু করতে যাচ্ছেন তিনি। পরে অবশ্য জানা যায়, সেটি সিনেমা নয়, বিজ্ঞাপনচিত্রের কাজ। ফলে নতুন চলচ্চিত্রের প্রত্যাশা আবারও অপেক্ষাতেই রয়ে যায়।

অবশ্য ফারিণের অভিনয়জীবনে এমন বিরতি এবারই প্রথম নয়। গত বছর ‘ইনসাফ’ মুক্তির পরও কিছু সময় নতুন কোনো প্রজেক্টে দেখা যায়নি তাকে। তার আগে কলকাতার মেগাস্টার দেবের ‘প্রজাপতি ২’ চলচ্চিত্রে কাজ করার কথা ছিল তার। সে সময় ওপার বাংলায় নিয়মিত কাজ করার আগ্রহের কথাও জানিয়েছিলেন অভিনেত্রী। শেষ পর্যন্ত সেই কাজটি আর হয়ে ওঠেনি।

এখন তাই ফারিণকে ঘিরে দর্শকের আগ্রহ শুধু নতুন সিনেমা নয়, তিনি পরবর্তী সময়ে কোন মাধ্যমে ফিরবেন— সেটি নিয়েও। বড়পর্দার নতুন কোনো চলচ্চিত্র, নাকি নাটক কিংবা ওয়েব প্রজেক্ট— কোন পথে আবার দর্শকের সামনে হাজির হবেন এই অভিনেত্রী, সেটিই এখন মূল কৌতূহল।

সামাজিক মাধ্যমে ফারিণের নতুন কোনো ছবি বা বার্তা প্রকাশ পেলেই তাই ভক্তদের নজর যায় তার কাজের দিকেই। অপেক্ষা তৈরি হয় নতুন ঘোষণার। তবে এখন পর্যন্ত সেই অপেক্ষার আনুষ্ঠানিক অবসান ঘটেনি। পর্দার বাইরে থাকা ফারিণ কবে নতুন চরিত্র নিয়ে ফিরবেন, কোন গল্পে নিজেকে নতুন করে তুলে ধরবেন— সেই উত্তর আপাতত সময়ের কাছেই।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা