× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নানা পাটেকরের মৃত্যুতে মোদি-কোহলিসহ তারকাদের শোক

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬ ১৩:১৯ পিএম

নানা পাটেকর। ছবি: সংগৃহীত

নানা পাটেকর। ছবি: সংগৃহীত

ভারতীয় সিনেমায় নেমে এসেছে শোকের ছায়া। কিংবদন্তি অভিনেতা নানা পাটেকরের মৃত্যুতে শোক ও গভীর শ্রদ্ধা জানিয়েছেন ভারতের রাজনীতিক, অভিনেতা, নির্মাতা ও ক্রিকেট তারকারা। 

গোয়ার ডোনা পাউলা এলাকার নিজ বাসভবনে বৃহস্পতিবার হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ৭৫ বছর বয়সে মারা যান এই বর্ষীয়ান অভিনেতা।

নানা পাটেকরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক শোকবার্তা আসতে থাকে। তার অভিনয়, ব্যক্তিত্ব ও পর্দায় অসাধারণ উপস্থিতির কথা স্মরণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছেন সহকর্মী ও ভক্তরা।

এক শোকবার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নানা পাটেকরকে ভারতীয় সিনেমার অন্যতম স্বতন্ত্র অভিনেতা হিসেবে স্মরণ করেছেন।

তিনি বলেন, “নানা পাটেকরের অভিনয়ে যে তীব্রতা, স্বকীয়তা ও অনন্য উপস্থিতি ছিল, তা খুব কম অভিনেতার মধ্যেই দেখা গেছে। প্রতিটি চরিত্রে তিনি বৈচিত্র্য ও সৃজনশীলতার ছাপ রেখেছেন, যা প্রজন্মের পর প্রজন্ম দর্শকের মনে বেঁচে থাকবে”।

অভিনেতার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন ভারতের ক্রিকেট তারকা বিরাট কোহলিও। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি অভিনেতাকে ‘ভারতীয় সিনেমার সত্যিকারের কিংবদন্তি’ হিসেবে উল্লেখ কোহলি লেখেন, “ভারতীয় চলচ্চিত্রের এক প্রকৃত কিংবদন্তি। তার কাজ ও অবদান প্রজন্মের পর প্রজন্ম ধরে বেঁচে থাকবে”।

পাঞ্জাবি অভিনেতা গিপ্পি গ্রেওয়ালও নানা পাটেকরের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তাকে ‘অসাধারণ অভিনয়শিল্পী’ উল্লেখ করে গিপ্পি বলেন, “নানা পাটেকরের অভিনয়, কণ্ঠ ও পর্দায় উপস্থিতি ভারতীয় সিনেমায় কখনো ভোলার নয়”।

অভিনেতা বিন্নু ধিলোঁ স্মৃতিচারণা করে বলেন, “কিছু শিল্পী শুধু পর্দায় চরিত্র তৈরি করেন না, নিজেদের শিল্পের মাধ্যমে মানুষের হৃদয়ে চিরস্থায়ী জায়গা করে নেন। নানা পাটেকরের চলে যাওয়া ভারতীয় সিনেমার জন্য অপূরণীয় ক্ষতি”।

দক্ষিণী অভিনেতা ও অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কে. পবন কল্যাণ, সাবেক মুখ্যমন্ত্রী ওয়াই.এস. জগন মোহন রেড্ডি এবং পর্যটন ও চলচ্চিত্রবিষয়ক মন্ত্রী কান্দুলা দুর্গেশও বর্ষীয়ান অভিনেতার মৃত্যুতে শোক জানিয়েছেন।

নানা পাটেকরের মৃত্যুতে শোক জানিয়েছেন নির্মাতা রাম গোপাল ভার্মা, মধুর ভান্ডারকর, অভিনেতা মনোজ যোশিসহ চলচ্চিত্র অঙ্গনের আরও অনেকে। প্রিয় শিল্পীকে হারানোর বেদনায় সামাজিক যোগাযোগমাধ্যমে তারা নানা পাটেকরের সঙ্গে কাজের স্মৃতি ও তার অভিনয়জীবনের নানা দিক তুলে ধরেছেন।


অভিনয়ে অনন্য নানা

১৯৭৮ সালে ‘গমন’ সিনেমার মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় নানা পাটেকরের। এরপর ‘পারিন্দা’, ‘অঙ্গার’, ‘ক্রান্তিবীর’, ‘খামোশি: দ্য মিউজিক্যাল’, ‘শক্তি: দ্য পাওয়ার’, ‘আব তক ছাপ্পান’ ও ‘ওয়েলকাম’-এর মতো সিনেমায় অভিনয় করে তিনি দর্শকের মনে স্থায়ী জায়গা করে নেন।

‘পারিন্দা’ সিনেমায় আন্না চরিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পান তিনি। অভিনয়ের পাশাপাশি নির্মাতা হিসেবেও নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন নানা। ১৯৯১ সালে ‘প্রহার: দ্য ফাইনাল অ্যাটাক’ সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে অভিষেক হয় তার।

ভারতীয় চলচ্চিত্র ও শিল্পকলায় অবদানের স্বীকৃতি হিসেবে ২০১৩ সালে তাকে ভারতের অন্যতম বেসামরিক সম্মাননা পদ্মশ্রী দেওয়া হয়।

সাম্প্রতিক সময়েও অভিনয়ে সক্রিয় ছিলেন নানা পাটেকর। ‘হাউসফুল ৫’সহ বেশ কয়েকটি সিনেমায় তাকে দেখা গেছে। মৃত্যুর আগে ‘সাইয়্যারা’ খ্যাত অভিনেত্রী অনীত পাড্ডার সঙ্গে ‘শাক্তি শালিনী’ সিনেমায় কয়েকদিন শুটিং করেছিলেন তিনি।  

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা