প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬ ১৮:১০ পিএম
ভারতের উত্তর প্রদেশের এক প্রত্যন্ত গ্রামের নারী যশোদা লোধি ও বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ
ভারতের উত্তর প্রদেশের এক প্রত্যন্ত গ্রামের নারী যশোদা লোধি। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি পরিচিত ‘ইংলিশ উইথ দেহাতি ম্যাডাম’ নামে। সম্প্রতি এই গ্রামীণ নারীর তৈরি একটি ভিডিও নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া। আর তাতেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রে চলে এসেছেন যশোদা।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, যশোদা মাঠে কৃষিকাজ করার সময় ভিডিওটি রেকর্ড করছিলেন। সে সময় এমন কাজের জন্য স্বামীর বকুনিও শুনতে হয় তাকে। তবে স্বামীর বকুনি উপেক্ষা করেই তিনি ভিডিও তৈরি চালিয়ে যান এবং পরে তা ইনস্টাগ্রামে পোস্ট করেন। এরপরই ঘটে সেই অভাবনীয় ঘটনা—ভিডিওটি চোখে পড়ে প্রিয়াঙ্কা চোপড়ার এবং তিনি তা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন।
প্রিয়াঙ্কার শেয়ার করা সেই পোস্টের প্রতিক্রিয়ায় যশোদা বলেন, “তারপর এমন কিছু ঘটল, যা আমি সত্যিই কল্পনা করিনি।”
পরে আরেকটি ভিডিওর মাধ্যমে প্রিয়াঙ্কা চোপড়াকে আন্তরিক ধন্যবাদ জানান যশোদা। মুহূর্তটিকে জীবনের অত্যন্ত বিশেষ প্রাপ্তি উল্লেখ করে তিনি বলেন, “প্রিয়াঙ্কা চোপড়া জোনাস ম্যাম আমার ভিডিওটি তার স্টোরিতে শেয়ার করে আমার দিনটি অনন্য করে তুলেছেন।”
প্রিয়াঙ্কার পোস্টের পর সামাজিক যোগাযোগমাধ্যমে রাতারাতি বেড়ে যায় যশোদার অনুসারীর (ফলোয়ার) সংখ্যা। বর্তমানে ইনস্টাগ্রামে তার অনুসারী ৫ লাখ ৮৩ হাজার এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার সংখ্যা ছাড়িয়েছে ৪ লাখ।
ভিডিওর ক্যাপশনে যশোদা জানান, তার বাড়িতে কোনো টেলিভিশন নেই এবং সেলিব্রিটিদের বিষয়েও তিনি খুব একটা খোঁজখবর রাখেন না। ফলে বড় বড় তারকারা যে তার ভিডিও দেখছেন এবং প্রশংসা করছেন, শুরুতে তা তিনি টেরই পাননি।
আবেগাপ্লুত হয়ে যশোদা আরও লেখেন, “ক্ষেতখামারে কাজ করা সাধারণ এক গ্রামীণ মেয়ের ছোট্ট কনটেন্ট এমন একজনের কাছে পৌঁছে গেল, যাকে আমি ভীষণ শ্রদ্ধা করি। মুহূর্তটি সত্যিই অসাধারণ। আমার কাজ নজরে আনা, প্রশংসা করা ও শেয়ার করার জন্য প্রিয়াঙ্কা চোপড়া ম্যামকে আন্তরিক ধন্যবাদ। আপনার এই সামান্য উদ্যোগ আমাকে অনেক আনন্দ দিয়েছে। নিজের মতো থাকা, কাজ চালিয়ে যাওয়া এবং নতুন কিছু শেখার ক্ষেত্রে এটি এক বিরাট অনুপ্রেরণা। বন্ধুদের উদ্দেশে শুধু একটাই কথা বলব—নিজের ছোট প্রচেষ্টাকে কখনোই অবহেলা করবেন না; কে জানে, হয়তো কেউ একজন আপনার দিকে তাকিয়ে আছে!”
শুধু প্রিয়াঙ্কাই নন, যশোদার কনটেন্ট দৃষ্টি কেড়েছে আরও কয়েকজন বলিউড তারকার। অভিনেত্রী ম্রুণাল ঠাকুরও ইনস্টাগ্রামে যশোদার একটি ভিডিও শেয়ার করে তার কাজের ভূয়সী প্রশংসা করেছেন। এছাড়া অভিনেতা অভয় দেওল ও আর মাধবনও তাঁর ভিডিওর প্রতি সমর্থন জানিয়েছেন।
দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করা যশোদা সহজ ও সাবলীল ঢঙে কথ্য ইংরেজি (স্পোকেন ইংলিশ) শিখিয়ে বিপুল জনপ্রিয়তা পেয়েছেন। মূলত গ্রামীণ ও হিন্দিভাষী মানুষদের ইংরেজিতে কথা বলার জড়তা দূর করতে এবং আত্মবিশ্বাস বাড়াতে তিনি নিয়মিত এসব ভিডিও তৈরি করেন।