সামাজিক যোগাযোগমাধ্যমে যৌথ পোস্ট দিয়ে ভক্তদের সুখবরটি জানিয়েছেন কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রা। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ
দ্বিতীয়বারের মতো বাবা-মা হতে চলেছেন বলিউডের তারকা দম্পতি কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রা।
সামাজিক যোগাযোগমাধ্যমে যৌথ পোস্ট দিয়ে ভক্তদের সুখবরটি জানিয়েছেন তারা।
পোস্টে কিয়ারা ও সিদ্ধার্থ লিখেছেন, “আবারও জীবনের সবচেয়ে বড় উপহারে আশীর্বাদপুষ্ট হলাম। আমাদের হৃদয় ভালোবাসা ও কৃতজ্ঞতায় পরিপূর্ণ।”
পোস্টের ছবিতে দেখা যায়, দুজনের হাতের ওপর রাখা রয়েছে একজোড়া ছোট্ট সাদা মোজা। সেই ছবির মাধ্যমেই দ্বিতীয় সন্তানের আগমনের খবর প্রকাশ করেন তারা।
সুখবরটি প্রকাশ্যে আসার পরপরই ভক্ত-অনুরাগী ও বলিউড তারকারা শুভেচ্ছায় ভাসিয়ে দেন এই দম্পতিকে। করণ জোহর, মনীশ মালহোত্রা, ভূমি পেডনেকর ও আলিয়া ভাটসহ অনেক তারকাই মন্তব্যের ঘরে কিয়ারা-সিদ্ধার্থকে অভিনন্দন জানিয়েছেন।
এর আগে ২০২৫ সালের ১৫ জুলাই প্রথমবার বাবা-মা হন কিয়ারা ও সিদ্ধার্থ। তাদের ঘর আলো করে আসে কন্যাসন্তান সারায়াহ মালহোত্রা। প্রথম সন্তানের আগমনের কয়েক মাস আগে, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে হাতের মুঠোয় ছোট্ট একজোড়া শিশুর মোজার ছবি প্রকাশ করে অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়েছিলেন তারা।
ব্যক্তিজীবনের সুখবরের পাশাপাশি পেশাগত জীবনেও ব্যস্ত সময় পার করছেন বলিউডের এই দুই তারকা।
কিয়ারাকে সর্বশেষ দেখা গেছে যশ অভিনীত ‘টক্সিক: অ্যা ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’ সিনেমায়। গীতু মোহনদাস পরিচালিত সিনেমাটিতে কিয়ারার সঙ্গে অভিনয় করেছেন নয়নতারা, হুমা কুরেশি, রুক্মিণী বসন্ত, তারা সুতারিয়াসহ আরও অনেকে। সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ থাকলেও বক্স অফিসে প্রত্যাশা পূরণ করতে পারেনি। হলে ব্যর্থ হলেও এখনও ওটিটি মুক্তির তারিখ ঘোষণা করা হয়নি সিনেমাটির।
অন্যদিকে সিদ্ধার্থ মালহোত্রাকে সর্বশেষ দেখা গেছে তামান্না ভাটিয়ার সঙ্গে ‘দ্য ভ্যান: ফোর্স অব দ্য ফরেস্ট’ সিনেমায়। মুক্তির প্রথম সপ্তাহে সিনেমাটি বক্স অফিসে ভালো ব্যবসা করলেও পরবর্তী সময়ে নতুন সিনেমা মুক্তির পর আয় উল্লেখযোগ্যভাবে কমে যায়।
স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, সিনেমাটি ভারতে এখন পর্যন্ত প্রায় ৫৫ কোটি ২ লাখ রুপি নেট আয় করেছে। বিশ্বব্যাপী সিনেমাটির আয় প্রায় ৬৯ কোটি ১৪ লাখ রুপি।