প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬ ১২:৪১ পিএম
পাকিস্তানি অভিনেতা ওয়াহাজ আলী ও নুসরাত ফারিয়া।
ঢালিউডে নিজের অভিনয় ও গ্ল্যামার দিয়ে দর্শকের নজর কেড়েছেন নুসরাত ফারিয়া। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনের তারকাদের সঙ্গেও বিভিন্ন আয়োজনে দেখা মেলে এই অভিনেত্রীর। এবার পাকিস্তানি জনপ্রিয় অভিনেতা ওয়াহাজ আলীর সঙ্গে একই ফ্রেমে ধরা দিয়ে নতুন করে আলোচনায় এলেন তিনি। ‘তেরে বিন’ সিরিয়ালে মুরতাসিম চরিত্রে অভিনয় করে আন্তর্জাতিক দর্শকের কাছে পরিচিতি পাওয়া ওয়াহাজের সঙ্গে ফারিয়ার ছবি প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা।

সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত একটি ফ্যাশন শোতে মুখোমুখি হন দুই দেশের দুই পরিচিত তারকা। গত শনিবার সন্ধ্যায় রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত ‘ইমিরা : দ্য ওয়েডিং চ্যাপ্টার’ আয়োজনে অংশ নেন ওয়াহাজ আলী। একই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নুসরাত ফারিয়াও। অনুষ্ঠানের ফাঁকে ওয়াহাজের সঙ্গে ছবি তোলেন ফারিয়া। পরে সেই মুহূর্তের ছবি নিজের ফেসবুক পেজে প্রকাশ করেন অভিনেত্রী।

ছবির সঙ্গে ফারিয়া লিখেছেন, ‘জামদানি পরে গর্বের সঙ্গে হেঁটেছি, ভালোবাসা দিয়ে প্রতিনিধিত্ব করেছি, আর স্মৃতি জমিয়েছি।’
ছবিটি প্রকাশের পরই ভক্তদের মধ্যে শুরু হয় নানা প্রতিক্রিয়া। অনেকেই দুজনের একসঙ্গে কাজ দেখার আগ্রহ প্রকাশ করেছেন। তবে এখন পর্যন্ত তাদের কোনো নাটক বা সিনেমায় একসঙ্গে কাজ করার ঘোষণা আসেনি। ছবিটি মূলত ফ্যাশন শোতে তাদের উপস্থিতির সময় তোলা একটি মুহূর্ত।