অভিনেত্রী রাইমা ইসলাম। ছবি: সংগৃহীত
অভিনেত্রী রাইমা ইসলাম শিমু হত্যা মামলায় তার স্বামী সাখাওয়াত আলী নোবেল ও নোবেলের বাল্যবন্ধু এস এম ফরহাদের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে।
আগামী ২৬ অক্টোবর আসামিদের আত্মপক্ষ সমর্থনের শুনানির দিন ধার্য করেছেন আদালত।
ঢাকার চতুর্থ অতিরিক্ত জেলা ও দায়রা জজ নুসরাত জাবীন নিম্মীর আদালতে মঙ্গলবার এ মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয়।
মামলার সর্বশেষ সাক্ষী হিসেবে ময়নাতদন্তকারী চিকিৎসক স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের চিকিৎসক প্রজ্ঞা পারমিতা দত্ত সাক্ষ্য দেন।
আদালতের বেঞ্চ সহকারী সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মামলায় মোট ৩৩ জন সাক্ষীর মধ্যে ২০ জনের সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালের ১৭ জানুয়ারি সকাল ১০টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে কলাতিয়া ফাঁড়ির পুলিশ, কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হযরতপুর ইউনিয়নের আলীপুর ব্রিজ থেকে প্রায় ৩০০ গজ উত্তর পাশে পাকা রাস্তার পাশের ঝোপ থেকে বস্তাবন্দি অবস্থায় অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার করেন।
মরদেহটির বয়স আনুমানিক ৩২ বছর বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়। পরিচয় শনাক্তের জন্য মরদেহের আঙুলের ছাপ নেওয়া হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে পাঠানো হয়।
পরবর্তী সময়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় মরদেহটির পরিচয় শনাক্ত করা হয়। তদন্তে জানা যায়, মরদেহটি চিত্রনায়িকা রাইমা ইসলাম শিমুর।
মামলার তদন্তসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, দাম্পত্য কলহের জেরে ২০২২ সালের ১৬ জানুয়ারি সকাল আনুমানিক ৭টা থেকে ৮টার মধ্যে যেকোনো সময় শিমুকে হত্যা করা হয়। এ ঘটনায় শিমুর ভাই হারুনুর রশীদ বাদী হয়ে কেরানীগঞ্জ মডেল থানায় মামলা করেন।
মামলাটি তদন্ত শেষে একই বছরের ২৯ আগস্ট কেরানীগঞ্জ মডেল থানার পরিদর্শক শহিদুল ইসলাম নোবেল ও ফরহাদকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেন। পরে ২৯ নভেম্বর দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন আদালত।
এখন সাক্ষ্য গ্রহণ পর্ব শেষ হওয়ায় আগামী ২৬ অক্টোবর আসামিদের আত্মপক্ষ সমর্থনের শুনানি অনুষ্ঠিত হবে।