প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬ ১৫:০৩ পিএম
দেশের প্রেক্ষাগৃহে এখনো মুক্তির অপেক্ষায়, অথচ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে একের পর এক সাফল্যের গল্প লিখছে রেজওয়ান শাহরিয়ার সুমিতের সিনেমা ‘মাস্টার’। রটারড্যাম চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে আলোচনায় আসার পর এবার ইতালির লুক্কা ফিল্ম ফেস্টিভ্যালে শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার জিতেছে সিনেমাটি। ফলে আন্তর্জাতিক অঙ্গনে ‘মাস্টার’-এর যাত্রায় যুক্ত হলো আরও একটি উল্লেখযোগ্য অর্জন।
ইতালির ২২তম লুক্কা ফিল্ম ফেস্টিভ্যালে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের প্রতিযোগিতা বিভাগে অংশ নেয় ‘মাস্টার’। রোববার (৪ অক্টোবর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে সুখবরটি জানান নির্মাতা রেজওয়ান শাহরিয়ার সুমিত। উচ্ছ্বাস প্রকাশ করে তিনি জানান, লুক্কা ফিল্ম ফেস্টিভ্যালের সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে তাঁদের সিনেমা। তাঁর ভাষায়, এই অর্জন ‘মাস্টার’-এর সর্বজনীনতা ও প্রাসঙ্গিকতার আরেকটি প্রমাণ।
এবারের উৎসবে বিশ্ব চলচ্চিত্রের দুই গুরুত্বপূর্ণ নাম নান্নি মোরেত্তি ও জুলিয়ান শ্নেবেলকে দেওয়া হয়েছে আজীবন সম্মাননা। অন্যদিকে পরিচালক নিকোলাস উইন্ডিং রেফনও উপস্থিত ছিলেন নিজের নতুন সিনেমা নিয়ে। সেই আয়োজনেই প্রতিযোগিতা বিভাগে থাকা বেশ কয়েকটি শক্তিশালী ছবির মধ্যে ‘মাস্টার’কে শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে বেছে নেয় জুরি।
পুরস্কার ঘোষণার পর জুরি বোর্ডের পক্ষ থেকে ‘মাস্টার’-এর প্রশংসা করা হয়। স্থানীয় একটি গল্পের মধ্য দিয়ে বর্তমান সময়ে বিশ্বজুড়ে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের সংকট তুলে ধরার সক্ষমতাকে সিনেমাটির অন্যতম শক্তি হিসেবে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি সূক্ষ্ম ও বুদ্ধিদীপ্ত চিত্রনাট্য, সামাজিক ন্যায়বিচারের প্রতি এক শিক্ষকের দায়বদ্ধতা এবং ব্যক্তিস্বার্থনির্ভর রাজনৈতিক ব্যবস্থার জটিলতা তুলে ধরার জন্যও প্রশংসা পেয়েছে সিনেমাটি।
জুরি বোর্ডের মতে, সিনেমাটি সাবলীল গতিতে এগিয়ে যাওয়ার পাশাপাশি মূল চরিত্রের সামনে থাকা নানা বৈপরীত্য দক্ষতার সঙ্গে তুলে ধরেছে। শেষ পর্যন্ত দুর্নীতির কাছে তাঁর নতি স্বীকারের মধ্য দিয়ে যে বাস্তবতা উঠে এসেছে, সেটিও বিশ্বের নানা প্রান্তের মানুষের কাছে পরিচিত বলে মন্তব্য করেছে জুরি।
এই সাফল্যে নিজের পুরো কলাকুশলী দলকে কৃতজ্ঞতা জানিয়েছেন নির্মাতা সুমিত। তাঁদের নিষ্ঠা ও কাজের প্রতি নিবেদনের প্রশংসা করে জানিয়েছেন ভালোবাসা। তবে আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য পেলেও ‘মাস্টার’ নিয়ে দেশের দর্শকদের অপেক্ষা এখনো শেষ হয়নি। কারণ সিনেমাটি এখনো বাংলাদেশে মুক্তির অনুমতি পায়নি। অনুমতি মিললেই দেশের প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।
‘মাস্টার’-এর নাম ভূমিকায় অভিনয় করেছেন নাসির উদ্দিন খান। সিনেমাটিতে আরও আছেন আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম, ফজলুর রহমান বাবু, শরীফ সিরাজ, তাসনোভা তামান্না ও মাহমুদ আলমসহ অনেকে।