প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬ ১৩:২৭ পিএম
সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন
বাংলাদেশের সংগীতাঙ্গনে তার কণ্ঠ যেন এক স্বতন্ত্র অধ্যায়। দীর্ঘ সংগীতজীবনে অসংখ্য কালজয়ী গানে শ্রোতাদের মুগ্ধ করেছেন উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন। আধুনিক গান, চলচ্চিত্রের গান, লোকসংগীত কিংবা দেশাত্মবোধকÑ সব ধারার গানেই রয়েছে তার অনন্য অবদান। সেই কিংবদন্তি শিল্পী এবার গানের সুর ছড়িয়ে দিতে পাড়ি জমিয়েছেন যুক্তরাজ্যে। সেখানে দুটি অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন তিনি।
গতকাল সকাল ৭টা ৪০ মিনিটের ফ্লাইটে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন সাবিনা ইয়াসমিন। আগামী ১১ অক্টোবর লন্ডনে এবং ১৫ অক্টোবর স্কটল্যান্ডে দুটি অনুষ্ঠানে সংগীত পরিবেশনের জন্যই তার এই সফর। তার সঙ্গে যন্ত্রশিল্পী হিসেবে রয়েছেন তবলায় চন্দন দত্ত, লিড গিটারে মনোয়ার হোসেন টুটুল এবং কি-বোর্ডে পার্থ প্রতীম বাপ্পী।
চন্দন দত্ত জানান, আগামী ১০ অক্টোবর থেকে লন্ডনের হ্যানবুরি স্ট্রিটের দ্য ব্রাডি আর্টস অ্যান্ড কমিউনিটি সেন্টারে শুরু হবে ১৭তম লন্ডন বাংলা বইমেলা ও সাহিত্য-সাংস্কৃতিক উৎসব। এই উৎসবের দ্বিতীয় দিনে সংগীত পরিবেশন করবেন সাবিনা ইয়াসমিন।
চন্দন দত্ত আরও জানান, ১১ অক্টোবর যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের মেফেয়ার ভেন্যুতে টিকিটের বিনিময়ে আগত অতিথিদের জন্য সংগীত পরিবেশন করবেন সাবিনা ইয়াসমিন। এদিকে, শুধু এই আয়োজনে সংগীত পরিবেশনের জন্য আগামী ৭ অক্টোবর আরটিভির ‘লিটল স্টার’ রিয়েলিটি শো কর্তৃপক্ষকে জানিয়ে লন্ডনে যাচ্ছেন ফেরদৌস ওয়াহিদ। তিনি আগামী ১৪ অক্টোবর দেশে ফিরবেন।

এ প্রসঙ্গে সাবিনা ইয়াসমিন বলেন, ‘এই উৎসব হলো যুক্তরাজ্যে বসবাসরত বাঙালি প্রবাসী ও সংস্কৃতিপ্রেমীদের জন্য অন্যতম প্রধান বার্ষিক উৎসব। প্রবাসী প্রজন্মের কাছে বাংলা ভাষা, সাহিত্য ও সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরা এবং তাদের শেকড়ের সঙ্গে সংযুক্ত রাখার লক্ষ্য নিয়ে এই উৎসবের আয়োজন করা হয়। গত বছরই আমি প্রথম এই উৎসবে সংগীত পরিবেশন করি। এবারও আয়োজক ও শ্রোতাদের আগ্রহে একই উৎসবে আবারও সংগীত পরিবেশন করতে যাচ্ছি। সঙ্গে যাচ্ছে চন্দন, টুটুল আর বাপ্পী। লন্ডনে শো শেষে আগামী ১৫ অক্টোবর স্কটল্যান্ডে আরেকটি শোতে সংগীত পরিবেশন করব। এরপর আশা করছি, আগামী ১৮ অক্টোবর দেশে ফেরার উদ্দেশে রওনা হতে পারব। আশা করছি, এবারের আয়োজনও সবদিক দিয়ে সুন্দর হবে, ইনশাআল্লাহ।’
সাবিনা ইয়াসমিন ছোটবেলা থেকেই সংগীতের পরিবেশে বেড়ে উঠেছেন। সংগীত-নির্ভর পরিবার তার গানের প্রতি আগ্রহ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। শৈশবের সেই চর্চাই পরবর্তী সময়ে তাকে নিয়ে যায় পেশাদার সংগীতের জগতে। দীর্ঘ সংগীতজীবনে তিনি গেয়েছেন অসংখ্য গান। আধুনিক গান, চলচ্চিত্রের গান, লোকগান কিংবা দেশাত্মবোধকÑ প্রায় প্রতিটি ক্ষেত্রেই তৈরি করেছেন নিজের স্বতন্ত্র অবস্থান।
বিশেষ করে বাংলাদেশের চলচ্চিত্রের গানে তার অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রেম থেকে বিচ্ছেদ, আনন্দ থেকে বিষাদÑ বিভিন্ন অনুভূতির গান তার কণ্ঠে পেয়েছে আলাদা মাত্রা। দেশাত্মবোধক গানেও সাবিনা ইয়াসমিনের উপস্থিতি বিশেষভাবে স্মরণীয়। দেশ, মাটি ও মানুষের প্রতি ভালোবাসার আবেগ তার কণ্ঠে পৌঁছেছে অসংখ্য শ্রোতার কাছে। এ কারণেই তার অনেক গান কেবল শ্রুতিমধুর সংগীত হয়ে থাকেনি, বরং মানুষের আবেগের সঙ্গেও মিশে গেছে।