প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬ ১৩:২০ পিএম
আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে একের পর এক সাফল্যের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের সিনেমা ‘রইদ’। এবার কানাডার মর্যাদাপূর্ণ ‘মোজাইক ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’-এর ১২তম আসরে তিনটি বিভাগে পুরস্কার জিতে নতুন করে আলোচনায় এসেছে মেজবাউর রহমান সুমন পরিচালিত চলচ্চিত্রটি। এর মধ্যে সেরা অভিনেত্রীর সম্মান অর্জন করেছেন নাজিফা তুষি। আন্তর্জাতিক এই স্বীকৃতিতে দেশের চলচ্চিত্রাঙ্গনে তৈরি হয়েছে আনন্দ ও গর্বের আবহ।
সিনেমাটিতে ‘সাদুর বউ’ চরিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন নাজিফা তুষি। তার প্রাণবন্ত ও সাবলীল অভিনয় বিচারকদের নজর কেড়েছে। এ ছাড়া সেরা সিনেমাটোগ্রাফি বিভাগে জোয়াহের মুসাভভির জ্যোতি এবং সেরা সংগীত বিভাগে রাশিদ শরীফ শোয়েবের কাজ পুরস্কৃত হয়েছে। তিনটি বিভাগে এই অর্জনের খবর সামাজিক মাধ্যমে ভাগ করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন নির্মাতা মেজবাউর রহমান সুমনসহ সিনেমাটির কলাকুশলীরা।
পুরস্কার অর্জনের অনুভূতি জানিয়ে জোয়াহের মুসাভভির জ্যোতি বলেন, ‘আমার কাছে পুরস্কার মানে শুধু একটা স্বীকৃতি নয়। বরং মনে হয়, যে কাজটা ভালোবেসে এবং মন দিয়ে করেছি, সেটাকে কেউ দেখেছে, অনুভব করেছে; এটাই সবচেয়ে আনন্দের। একই সঙ্গে পুরস্কার একটা দায়িত্বও তৈরি করে। মনে করিয়ে দেয়, সামনে আরও ভালো কাজ করতে হবে, আরও মন দিয়ে কাজ করতে হবে।’
এবারের উৎসবে সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে নেপালের ‘এলিফ্যান্টস ইন দ্য ফগ’। এর আগে কান চলচ্চিত্র উৎসবের আঁ সার্তে রিগা বিভাগে জুরি পুরস্কার পেয়েছিল সিনেমাটি।