প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬ ১৪:১২ পিএম
বলিউডে নিজের অভিনয়দক্ষতা ও চরিত্রের বৈচিত্র্য দিয়ে স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন বিদ্যা বালান। পর্দায় কখনও দৃঢ়চেতা নারী, কখনও রহস্যময় চরিত্র, আবার কখনও সাধারণ জীবনের অসাধারণ গল্পে নিজেকে মেলে ধরেছেন এই অভিনেত্রী। এবার নতুন এক চমক নিয়ে হাজির হচ্ছেন তিনি। দীর্ঘ ১৭ বছর পর পরিচালক আর বালকির সঙ্গে আবারও কাজ করতে যাচ্ছেন বিদ্যা। নতুন একটি তামিল সিনেমার মাধ্যমে ফিরছেন এই জুটি।
সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করেছেন বিদ্যা বালান। ভ্যানিটি ভ্যানে আয়নার সামনে বসে হাতে চিত্রনাট্য, চোখে চশমা আর পিঠে লম্বা বিনুনিÑ ছবিতে নতুন চরিত্রের প্রস্তুতিতে ব্যস্ত দেখা গেছে তাকে। ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘নতুন শুরু, নতুন তামিল ফিল্ম’। তার এই পোস্ট থেকেই নতুন সিনেমায় কাজ করার খবর সামনে আসে।
জানা গেছে, সিনেমাটির শুটিং ইতোমধ্যে শুরু হয়েছে। তবে এখনও প্রকাশ করা হয়নি সিনেমার নাম, গল্প কিংবা বিদ্যার চরিত্র সম্পর্কে বিস্তারিত তথ্য। এমনকি সিনেমাটিতে তার সঙ্গে আর কারা অভিনয় করছেন, সে বিষয়েও আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। মুক্তির তারিখ নিয়েও এখনও কিছু জানানো হয়নি।
২০০৯ সালে ‘পা’ সিনেমায় সর্বশেষ একসঙ্গে কাজ করেছিলেন বিদ্যা বালান ও আর বালকি। অমিতাভ বচ্চন অভিনীত এই সিনেমায় বিদ্যার অভিনয়ও দর্শকের নজর কেড়েছিল। দীর্ঘ বিরতির পর আবারও তাদের একসঙ্গে কাজ করার খবরে স্বাভাবিকভাবেই তৈরি হয়েছে আগ্রহ।
তবে দক্ষিণী সিনেমায় বিদ্যার কাজের অভিজ্ঞতা এবারই প্রথম নয়। ২০১৯ সালে এইচ বিনোদ পরিচালিত তামিল সিনেমা ‘নেরকোন্ডা পারভাই’-এ অতিথি চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এ ছাড়া রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ সিনেমাতেও রয়েছেন বিদ্যা।
নতুন সিনেমায় বিদ্যার চরিত্র কেমন হবে, আর বালকির গল্প বলার ধরন এবার কোন নতুন মাত্রা যোগ করবেÑ এসব প্রশ্নের উত্তর জানতে অপেক্ষায় দর্শক।