প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬ ১৪:১০ পিএম
শুটিংয়ের ব্যস্ততা, ক্যামেরার সামনে অভিনয় আর কাজের ফাঁকে বন্ধুদের সঙ্গে কাটানো কিছু মুহূর্তÑ শোবিজ অঙ্গনের পরিচিত মুখ অপূর্বের জীবনে এমন স্মৃতির অভাব নেই। তবে এবার শুটিংয়ের পরিচিত আঙিনা ছেড়ে বন্ধুর আমন্ত্রণে ঘুরে এলেন রাজধানীর উত্তরার ‘অ্যালবিয়ন আর্ট গ্যালারি’তে। সেখানে ছবি দেখার পাশাপাশি উপভোগ করেছেন নানা পদের খাবার ও কফি।
উত্তরার লেকড্রাইভ রোডের ৫৫ নম্বর বাড়িটি একসময় ‘আনন্দবাড়ি’ নামে পরিচিত ছিল। দীর্ঘদিন ধরে এটি ছিল নাটক ও চলচ্চিত্রের শুটিংয়ের পরিচিত স্থান। নায়ক রাজ রাজ্জাক, ববিতা, মৌসুমী, পূর্ণিমা, পপি, আবুল হায়াত, আফজাল হোসেন, সুবর্ণা মুস্তাফা, দিলারা জামান, ডলি জহুরসহ বিভিন্ন প্রজন্মের শিল্পীরা এখানে শুটিং করেছেন। অপূর্বও অসংখ্যবার কাজ করেছেন এই বাড়িতে।
২০২৪ সালের ১৬ ডিসেম্বর ‘আনন্দবাড়ি’ নতুন রূপে যাত্রা শুরু করে ‘অ্যালবিয়ন আর্ট গ্যালারি’ হিসেবে। মোহাম্মদ উল্লাহর তত্ত্বাবধানে গড়ে ওঠা এই গ্যালারিতে স্থান পেয়েছে দেশ-বিদেশের বিভিন্ন শিল্পীর আঁকা ছবি। ছবিগুলো কেনারও সুযোগ রয়েছে। পাশাপাশি এটি একটি কফি শপ ও রেস্তোরাঁ। এখানে কফির সঙ্গে পাওয়া যায় পিৎজা, স্টেক, বার্গার, র্যাপস, ইউরোপিয়ান খাবারসহ নানা পদ।
মোহাম্মদ উল্লাহর সঙ্গে অপূর্বর বন্ধুত্ব প্রায় দুই দশকের। গত বৃহস্পতিবার বিকালে বন্ধুর আমন্ত্রণে গ্যালারিতে যান এই অভিনেতা। তখন তিনি এসআর মজুমদারের শুটিংয়ে ব্যস্ত ছিলেন। সেখান থেকে সময় বের করে বন্ধুর প্রতিষ্ঠানে গিয়ে বিভিন্ন শিল্পীর আঁকা ছবি দেখেন এবং নানা পদের খাবার উপভোগ করেন।
অপূর্ব বলেন, ‘মোহাম্মদ উল্লাহ আমার দীর্ঘদিনের প্রিয় বন্ধু। এই আনন্দবাড়ি কাম অ্যালবিয়ন আর্ট গ্যালারিতে আমার কত সময় কেটেছে, তার হিসাব নেই। আমার বন্ধুর সৃজনশীলতার সত্যিই প্রশংসা করতে হয়। প্রত্যেকটি খাবার খুব সুস্বাদু। পরিবার ও বন্ধুদের নিয়ে এখানে আসা যায়। আর কফি এক কথায় অসাধারণ।’
বন্ধুর এমন উপস্থিতিতে আনন্দ প্রকাশ করে মোহাম্মদ উল্লাহ বলেন, অপূর্ব দেশে ফেরার পর শুটিং নিয়ে ভীষণ ব্যস্ত থাকেন। সেই ব্যস্ততার মধ্যেও তার আমন্ত্রণে সময় দেওয়ায় তিনি কৃতজ্ঞ ও আনন্দিত।