প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬ ১২:০৬ পিএম
আপডেট : ০৩ অক্টোবর ২০২৬ ১৪:৫৫ পিএম
ঢালিউডের জনপ্রিয় অভিনেতা শাকিব খানকে ঘিরে দর্শকের আগ্রহের কমতি নেই। বড়পর্দায় একের পর এক নতুন চরিত্রে হাজির হয়ে দীর্ঘদিন ধরে নিজের অবস্থান ধরে রেখেছেন তিনি। রোমান্টিক গল্প থেকে শুরু করে অ্যাকশন-নির্ভর সিনেমাÑ বিভিন্ন ঘরানার চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে দর্শকের সামনে নিজেকে নতুনভাবে তুলে ধরেছেন এই অভিনেতা।
এবার নতুন গল্প, নতুন যাত্রা নিয়ে আসছেন শাকিব খান। তার আসন্ন সিনেমা ‘মহব্বত’-এর বিষয়ভিত্তিক পোস্টার প্রকাশের মধ্য দিয়ে সিনেমাটি ঘিরে তৈরি হয়েছে নতুন কৌতূহল।

হিমেল আশরাফ পরিচালিত ‘মহব্বত’ সিনেমাটির পোস্টার প্রকাশের পর থেকেই গল্প ও ধরন নিয়ে দর্শকের মধ্যে আলোচনা শুরু হয়েছে। প্রকাশিত পোস্টারে দেখা যায়, কালো পোশাকে এক হাতে বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছেন শাকিব খান। তার পাশে সাদা পোশাকের সঙ্গে লাল ওড়নায় এক নারী। দুজনেরই পেছন ফিরে থাকা অবয়ব, চারপাশে রক্তের ছোপ এবং পোস্টারের সামগ্রিক আবহে ফুটে উঠেছে রহস্য ও উত্তেজনার ইঙ্গিত। সব মিলিয়ে পোস্টারটি সিনেমাটিকে রোমান্টিক ও অ্যাকশনধর্মী গল্পের আভাস দিচ্ছে।
নিজের ফেসবুক ওয়ালেও সিনেমাটির ঘোষণা দিয়েছেন শাকিব খান। সেখানে তিনি লিখেছেন, ‘কখনো কখনো ভালোবাসার সঙ্গে জড়িয়ে থাকে মূল্য, প্রতিশ্রুতি আর লড়াই।’ এরপর ‘মহব্বত’কে পরিচয় করিয়ে দিয়ে নতুন গল্পের, নতুন যাত্রার শুরুর কথা জানান তিনি। একই সঙ্গে দর্শকদের আগামী ঈদুল আজহায় দেখা হওয়ার আমন্ত্রণ জানিয়েছেন এই অভিনেতা।
চলচ্চিত্রে ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করে দর্শকের সামনে নিজের অভিনয়ের বৈচিত্র্য তুলে ধরেছেন তিনি। বিশেষ করে ‘প্রিয়তমা’ সিনেমার সাফল্যের পর তার পরবর্তী কাজ নিয়ে দর্শকের আগ্রহ আরও বেড়েছে। বড় বাজেটের সিনেমা, ভিন্নধর্মী গল্প ও নতুন নির্মাতাদের সঙ্গে কাজের মধ্য দিয়ে নিজের চলচ্চিত্রযাত্রায় নতুন মাত্রা যোগ করে চলেছেন এই অভিনেতা।
এদিকে ‘মহব্বত’-এর পাশাপাশি শাকিবের হাতে রয়েছে আরও কয়েকটি নতুন সিনেমার কাজ। মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘নিঃস্ব’ সিনেমায় অভিনয় করছেন তিনি। অ্যাকশন, রোমান্স ও প্রতিশোধের গল্প নিয়ে নির্মিতব্য সিনেমাটিতে তার বিপরীতে ইধিকা পালের অভিনয়ের বিষয়টি আলোচনায় রয়েছে। অন্যদিকে ‘সোলজার’ সিনেমার কাজ নিয়েও ব্যস্ততা রয়েছে এই অভিনেতার। ফলে আগামী দিনগুলোতে বড়পর্দায় শাকিবের একাধিক নতুন চরিত্রে হাজির হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
‘মহব্বত’ সিনেমার পোস্টারে ভালোবাসার পাশাপাশি বিপদ, সংঘাত ও প্রতিশ্রুতির যে ইঙ্গিত পাওয়া গেছে, তা দর্শকের মনে নানা প্রশ্ন তৈরি করেছে। গল্পে প্রেমের সঙ্গে অ্যাকশনের কী ধরনের সমন্বয় থাকবে, শাকিবের চরিত্রটি কেমন হবে কিংবা তার বিপরীতে কে অভিনয় করবেনÑ এসব বিষয়ে এখনও বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি। ফলে পোস্টার ঘিরে তৈরি হওয়া কৌতূহলের উত্তর পেতে দর্শকদের অপেক্ষা করতে হবে সিনেমাটির পরবর্তী আনুষ্ঠানিক ঘোষণার জন্য।
সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালের ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘মহব্বত’। ঈদের বড়পর্দায় শাকিব খানের নতুন সিনেমা নিয়ে দর্শকের আগ্রহের পাশাপাশি নির্মাতাদের পরিকল্পনা ও গল্পের অভিনবত্বও হয়ে উঠতে পারে আলোচনার বিষয়। আপাতত পোস্টারের রহস্যময় আবহ আর শাকিবের নতুন যাত্রার ঘোষণাকে ঘিরেই সিনেমাটির প্রতি আগ্রহ তৈরি হচ্ছে।