× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আজ প্রেক্ষাগৃহে ‘আবার হঠাৎ বৃষ্টি’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৬ ১৭:১৪ পিএম

আজ প্রেক্ষাগৃহে ‘আবার হঠাৎ বৃষ্টি’

প্রেমের গল্পে চিঠির আবেগ আর অপেক্ষার অনুভূতি নিয়ে প্রেক্ষাগৃহে আসছে নতুন সিনেমা ‘আবার হঠাৎ বৃষ্টি’। আশীর্বাদ চলচ্চিত্রের ব্যানারে নির্মিত সিনেমাটিতে জুটি বেঁধেছেন নবাগত রাদিফা নারমিন ও আরিয়ান সারোয়ার। দেশের কয়েকটি প্রেক্ষাগৃহে আজ ২ অক্টোবর মুক্তি পাচ্ছে সিনেমাটি। মুক্তিকে সামনে রেখে গতকাল বিমানবন্দরের সেন্টার সিনেপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে এর প্রিমিয়ার শো।

এতে উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, আশীর্বাদ চলচ্চিত্রের কর্ণধার হাবিবুর রহমান খান, নবাগত নায়িকা রাদিফা নারমিন, নায়ক আরিয়ান সারোয়ার এবং সিনেমার পরিচালক কামরুজ্জামান।

‘আবার হঠাৎ বৃষ্টি’ সিনেমার গল্প আবর্তিত হয়েছে দীপা ও অঞ্জনকে ঘিরে। দীপা একজন শিক্ষিত বেকার নারী। ব্রাহ্মণবাড়িয়ায় বোন ও দুলাভাইয়ের সঙ্গে থাকেন তিনি। চাকরির সন্ধানে ঢাকায় বান্ধবী সামিনার বাসায় ওঠেন দীপা। বেশ কয়েকটি চাকরির সাক্ষাৎকার দেওয়ার পরও কাঙ্ক্ষিত চাকরি না পেয়ে তিনি ব্রাহ্মণবাড়িয়ায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। ফেরার পথে ট্রেনে চুরি হয়ে যায় তার ব্যাগ।

অন্যদিকে চাকরির পোস্টিং নিয়ে শ্রীমঙ্গলের উদ্দেশে একই ট্রেনে যাত্রা করছিল অঞ্জন। ট্রেনে ফেলে যাওয়া দীপার ব্যাগটি খুঁজে পান তিনি। অনাথ অঞ্জনের একটি বিশেষ শখ রয়েছেÑ মানুষের নাম, জন্মদিন ও ঠিকানা সংগ্রহ করে তাদের জন্মদিনে কার্ড পাঠানো। সেই অঞ্জন খুঁজে পাওয়া ব্যাগটি দীপার ঠিকানায় পাঠিয়ে দেন। ব্যাগ ফিরে পেয়ে দীপা খুশি হয়ে অঞ্জনকে ধন্যবাদ জানিয়ে চিঠি লেখেন। এরপর শুরু হয় তাদের মধ্যে চিঠির আদান-প্রদান। একসময় দেখা না হয়েও চিঠির মাধ্যমে পরস্পরের প্রতি ভালোবাসায় জড়িয়ে পড়েন তারা। এরপর সেই সম্পর্ককে ঘিরেই এগিয়ে যায় সিনেমার গল্প।

‘আবার হঠাৎ বৃষ্টি’তে রাদিফা নারমিন ও আরিয়ান সারোয়ারের পাশাপাশি অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ঝুনা চৌধুরী, ফারজানা ছবি, মৌ খান, কায়েস আরজু, অপূর্ব ঘোষ, সানজিদা নাহার স্বর্ণা, নাজমুল সরকার নিহাদ, আশমিতা এলিজাবেথ চিরান, তাসলিমা আক্তার মনি, মাহমুদ, চা-বাগানের ম্যানেজার অধ্যাপক ড. ফজলুল করিম, ফারুক আহমেদ চৌধুরী বাপ্পী, মো. নুরুজ্জামান প্রমুখ।

কামরুজ্জামান পরিচালিত সিনেমাটির প্রযোজক হাবিবুর রহমান খান এবং নির্বাহী প্রযোজক মো. হাসানুজ্জামান খান। দেশের যেসব প্রেক্ষাগৃহে ‘আবার হঠাৎ বৃষ্টি’ মুক্তি পাচ্ছে সেগুলোর মধ্যে রয়েছে ঢাকার শ্যামলী সিনে কমপ্লেক্স, যশোরের মনিহার, খুলনার লিবার্টি, কুমিল্লার কে স্ক্রিন, কুষ্টিয়ার স্বপ্নিল, বগুড়ার মমইন, নারায়ণগঞ্জের সিনেস্কোপ, চট্টগ্রামের সুগন্ধা ও কাচপুরের চাঁদমহল।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা