আইইউবিতে আয়োজিত ‘হেনরিক ইবসেন-ইয়োন ফসে ফেস্টিভ্যাল ২০২৬’-এ নরওয়েজিয়ান নাট্যকার ইয়োন ফসের নাটক ‘সুসানাহ্’ প্রদর্শিত হয়।
বিশ্বসাহিত্যের উজ্জ্বল নক্ষত্র ও ২০২৩ সালে সাহিত্যে নোবেলজয়ী নরওয়েজিয়ান নাট্যকার ইয়োন ফসের বিখ্যাত নাটক ‘সুসানাহ্’ প্রথমবারের মতো বাংলাদেশের মঞ্চে প্রদর্শিত হয়েছে।
‘হেনরিক ইবসেন-ইয়োন ফসে ফেস্টিভ্যাল ২০২৬ বাংলাদেশ’-এর অংশ হিসেবে এই প্রদর্শনীর আয়োজন করা হয়।
সুবাহ বিনতে আহসান এবং আইইউবির ইংলিশ অ্যান্ড মডার্ন ল্যাঙ্গুয়েজেস বিভাগের অধ্যাপক ড. আহমেদ আহসানউজ্জামান যৌথভাবে নাটকটি বাংলায় অনুবাদ করেছেন। নাটকটির নির্দেশনা দিয়েছেন অধ্যাপক আহমেদ আহসানউজ্জামান এবং এতে অভিনয় করেছেন আইইউবির শিক্ষার্থীরা। আগামী ৩ অক্টোবর সন্ধ্যা সাড়ে ছয়টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে নাটকটির দ্বিতীয় প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
ঢাকায় অবস্থিত রয়্যাল নরওয়েজিয়ান দূতাবাসের সহযোগিতায় এই উৎসবের আয়োজন করে আইইউবি। নরওয়ের দুই বিশিষ্ট সাহিত্যিক হেনরিক ইবসেন ও ইয়োন ফসের জীবন ও সাহিত্যকর্ম নিয়ে আয়োজিত এ উৎসবে শিক্ষক, শিক্ষার্থী, লেখক, নাট্যকর্মী ও সাহিত্যজগতের বিভিন্ন ব্যক্তিবর্গ অংশ নেন।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হকোন অ্যারাল্ড গুলব্র্যান্ডসেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ফকরুল আলম।
ইবসেন ও ফসেকে নিয়ে আয়োজিত অ্যাকাডেমিক প্যানেল আলোচনায় অংশ নেন আইইউবির ইংরেজি অ্যান্ড মডার্ন ল্যাঙ্গুয়েজেস বিভাগের অধ্যাপক রাজিয়া সুলতানা খান ও অধ্যাপক সরকার হাসান আল জায়েদ এবং ব্র্যাক ইউনিভার্সিটির ইংলিশ অ্যান্ড হিউম্যানিটিজ বিভাগের অধ্যাপক সাবিহা হক। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আইইউবির উপাচার্য অধ্যাপক এম. তামিম। ধন্যবাদ জ্ঞাপন করেন বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক বখতিয়ার আহমেদ।
উৎসবের অংশ হিসেবে ‘গণতন্ত্রের বৃহত্তর প্রেক্ষাপটে হেনরিক ইবসেন’ শীর্ষক জাতীয় রচনা প্রতিযোগিতার পুরস্কারও বিতরণ করা হয়। এতে দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের মোট ৩১৬ জন শিক্ষার্থী অংশ নেন।