শুভ জন্মদিন
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১১:৪২ এএম
বাংলাদেশের চলচ্চিত্রে শিল্প নির্দেশনার মাধ্যমে গল্পের সময়, পরিবেশ ও আবহকে পর্দায় জীবন্ত করে তুলেছেন উত্তম গুহ। শিল্প নির্দেশক ও মঞ্চ অভিনেতা হিসেবে দীর্ঘ কর্মজীবনে সৃজনশীলতার স্বাক্ষর রেখে তিনি অর্জন করেছেন জাতীয় পর্যায়ের স্বীকৃতি। আজ ৩০ সেপ্টেম্বর তার জন্মদিন।
অভিনয়ের মধ্য দিয়ে কর্মজীবন শুরু করেন উত্তম গুহ। কুমিল্লার জনান্তিক নাট্যসম্প্রদায়ের পর চট্টগ্রামের অঙ্গন থিয়েটার ইউনিট এবং ১৯৮৮ সালে মমতাজ উদ্দীন থিয়েটারে একাধিক মঞ্চ নাটকে অভিনয় করেন। পাশাপাশি যুক্ত ছিলেন শিল্প নির্দেশনার কাজেও। মোস্তফা ওয়ালিদ পরিচালিত ‘প্রতিঘাত’ চলচ্চিত্রের মাধ্যমে বড়পর্দায় অভিনয়ে অভিষেক হয় তার।
১৯৯৫ সালে শেখ নিয়ামত আলীর ‘অন্য জীবন’ চলচ্চিত্রে শিল্প নির্দেশক হিসেবে কাজ করে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান উত্তম গুহ। এরপর ‘চিত্রা নদীর পাড়ে’, ‘হাছন রাজা’, ‘লালন’, ‘মৃত্তিকা মায়া’ ও ‘শঙ্খচিল’-এর শিল্প নির্দেশনার জন্যও জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন। মোট সাতবার শ্রেষ্ঠ শিল্প নির্দেশক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি।
তার উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘চন্দ্রগ্রহণ’, ‘রাজা সূর্য খাঁ’, ‘ব্রিহন্নলা’, ‘জীবনঢুলি’, ‘গহীন বালুচর’, ‘রূপসা নদীর বাঁকে’ ও ‘গোর’। মঞ্চেও রয়েছে তার দীর্ঘ পথচলা। ‘শেষরক্ষা’, ‘ভুবনের ঘাটে’, ‘ফুলরানী আমি তিয়া’ ও ‘অন্য গাজীর অন্য কিচ্ছা’ তার উল্লেখযোগ্য মঞ্চনাটক।
জাতীয় চলচ্চিত্র পুরস্কারের পাশাপাশি চলচ্চিত্র সাংবাদিক সমিতি, চলচ্চিত্র প্রযোজক সমিতি ও জয়নুল আবেদীন পুরস্কারসহ বিভিন্ন সম্মাননা পেয়েছেন এই গুণী শিল্পী।