প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৮:১৭ পিএম
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৮:১৭ পিএম
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালতে মঙ্গলবার আত্মসমর্পণ করে জামিন বর্ধিত করার আবেদন করেন তানজিন তিশা। ছবি: ভিডিও থেকে
শাড়ি নিয়ে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে দায়ের করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিনের মেয়াদ বাড়িয়েছেন অভিনেত্রী তানজিন নাহার তিশা।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালতে মঙ্গলবার আত্মসমর্পণ করে জামিন বর্ধিত করার আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালত তার জামিনের মেয়াদ বাড়ানোর আদেশ দেন বলে জানিয়েছেন তিশার আইনজীবী নিহার হোসেন ফারুক।
মামলার অভিযোগ অনুযায়ী, অনলাইন ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’ থেকে ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি নিয়ে ফেরত না দেওয়ার অভিযোগে প্রতিষ্ঠানটির প্রশাসক আমিনুল ইসলাম ২০২৫ সালের নভেম্বরে তানজিন তিশার বিরুদ্ধে মামলা করেন।
পরে মামলাটি তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়ার কথা উল্লেখ করে আদালতে প্রতিবেদন দাখিল করে ডিবি পুলিশ। ওই প্রতিবেদন আমলে নিয়ে তানজিন তিশাকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়।
এর আগে গত ১৩ আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন তিশা। পরবর্তী বিচারিক কার্যক্রমের জন্য মামলাটি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালতে পাঠানো হয়।
মঙ্গলবার ওই আদালতে মামলার অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। একই সঙ্গে নিয়ম অনুযায়ী তিশার আত্মসমর্পণ করে জামিন নেওয়ার বিষয়টিও ছিল।
বেলা ১১টা ৪০ মিনিটের দিকে আদালতে পৌঁছান তানজিন তিশা। প্রায় পাঁচ মিনিট পর শুনানি শুরু হয়। তিনি আত্মসমর্পণ করে জামিন বর্ধিত করার আবেদন করেন। শুরুতে বেঞ্চে বসে থাকলেও বাদীপক্ষের আইনজীবীর আপত্তির পর তাকে কাঠগড়ায় দাঁড়াতে হয়।
তিশার পক্ষে সিনিয়র আইনজীবী খোরশেদ আলম জামিন বর্ধিত করার বিষয়ে শুনানি করেন। তিনি বলেন, “আসামি আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন। তার জামিন বর্ধিতের আবেদন করছি”।
তিশাকে কাঠগড়ায় দাঁড় করানোর বিষয়ে তিনি বলেন, “তাকে অপমান করতে ডকে উঠতে বলা হয়েছে”।
এর জবাবে বাদীপক্ষের আইনজীবী জহিরুল হাসান মুকুল বলেন, “এ আসামি জামিন নেওয়ার পর তার মিসইউজ করেছে। ভেরিফাইড পেজ থেকে আইনজীবী সম্পর্কে আজেবাজে মন্তব্য করেন”।
এ সময় বিচারক বলেন, “অভিযোগ থাকলে পিটিশন আকারে দিন”।
বাদীপক্ষের আইনজীবী বলেন, “মামলায় অভিযোগ গঠনের শুনানি রয়েছে এবং সুনির্দিষ্ট অভিযোগ আছে”।
এ সময় তিশার আইনজীবী খোরশেদ আলম বলেন, “ডিসচার্জের যথেষ্ট গ্রাউন্ড আছে। আমাদের সময় দিন। আমরা পরে শুনানি করবো”।
বাদীপক্ষের পক্ষ থেকে আরও বলা হয়, জামিন নেওয়ার পর তানজিন তিশা তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে প্রতিষ্ঠান সম্পর্কে বিভিন্ন মন্তব্য করেছেন। এ অভিযোগও পিটিশন আকারে জমা দিতে বলেন বিচারক।
পরে আদালত তানজিন তিশার জামিনের মেয়াদ বাড়ানোর আদেশ দেন। একই সঙ্গে অভিযোগ গঠনের বিষয়ে শুনানি পেছানোর জন্য আসামিপক্ষের করা আবেদনও মঞ্জুর করা হয়। তবে পরবর্তী শুনানির তারিখ আদালত থেকে তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।
মামলার এজাহারে বলা হয়, তানজিন তিশা বাংলাদেশের পরিচিত মডেল, অভিনেত্রী ও টেলিভিশন উপস্থাপিকা। দীর্ঘদিন ধরে তিনি মিডিয়া ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত। এর সূত্রে তিনি ‘অ্যাপোনিয়া’র অনলাইন পেজে যুক্ত হয়ে বিভিন্ন শাড়ি দেখার পর একটি শাড়ি পছন্দ করেন। শাড়িটির বাজারমূল্য ২৮ হাজার ৮০০ টাকা।
অভিযোগে বলা হয়, শাড়িটি তানজিন তিশার বাসায় পৌঁছে দেওয়া হয়। এরপর বিভিন্ন ভয়েস মেসেজ ও মেসেজের মাধ্যমে শাড়িটি পরিধান করে অ্যাপোনিয়া পেজের প্রচারে সহযোগিতা করার বিষয়ে তাকে আশ্বস্ত করা হয়।
এজাহারে আরও বলা হয়, পেজ কর্তৃপক্ষ বিভিন্নভাবে তিশাকে শাড়িটি পরিধান করে পেজের প্রচারে সহযোগিতা করার অনুরোধ করে। তিনি গত ১৮ জানুয়ারি শাড়িটি গ্রহণ করেন। কিন্তু দীর্ঘ সময় পার হলেও তিনি শাড়িটি পরিধান বা পেজের প্রচার করেননি। একই সঙ্গে ছয় মাসের বেশি সময় ধরে পেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগও রাখেননি বলে অভিযোগ করা হয়েছে।
বাদীপক্ষের অভিযোগ, তানজিন তিশা শাড়িটি নিয়ে প্রতারণা ও বিশ্বাসভঙ্গ করেছেন।
মামলাটি আমলে নিয়ে তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়। পরে অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য ডিবি পুলিশকে নির্দেশ দেন আদালত।