প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৩:৫৮ পিএম
তারকাবহুল অভিনয়শিল্পীদের নিয়ে নির্মিত নতুন ধারাবাহিক ‘ফিরে আসার গল্প’ নিয়ে এবার দর্শকদের সামনে হাজির হচ্ছেন নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। একাধিক পরিচিত মুখের উপস্থিতিতে সাজানো এই ধারাবাহিকটি একইসঙ্গে টেলিভিশন ও ইউটিউব প্লাটফর্মে প্রচারিত হবে।
চ্যানেল আইয়ে প্রতি শনি ও রবিবার রাত ৮টায় প্রচারিত হবে ‘ফিরে আসার গল্প’। অন্যদিকে ইউটিউব দর্শকদের জন্য প্রতি বুধ ও বৃহস্পতিবার দুপুর ১২টায় প্রকাশিত হবে ধারাবাহিকটির দুটি করে এপিসোড। অর্থাৎ সপ্তাহের নির্দিষ্ট সময়ে টেলিভিশনের পাশাপাশি অনলাইনেও ধারাবাহিকটির নতুন পর্ব দেখার সুযোগ থাকছে। দুই মাধ্যমে প্রচারের এই আয়োজনের মধ্য দিয়ে দর্শকদের কাছে ধারাবাহিকটি পৌঁছে দেওয়ার প্রস্তুতি নিয়েছেন সংশ্লিষ্টরা।
‘ফিরে আসার গল্প’-এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তানজিম সাইয়ারা তটিনী, খায়রুল বাসার, ফাইজুল ইয়ামিন, জাহিদ হাসান, মনিরা মিঠু, দীপা খন্দকার, বড়দা মিঠু, শহীদুজ্জামান সেলিম, ডা. এজাজ ও মুকিত জাকারিয়াসহ আরও অনেকে। অভিজ্ঞ ও তরুণ অভিনয়শিল্পীদের সমন্বয়ে তৈরি হয়েছে এর তারকাবহুল কাস্ট।
ধারাবাহিকটির নাম ‘ফিরে আসার গল্প’Ñ নামেই যেন ফিরে আসার একটি ইঙ্গিত রয়েছে। তবে সেই ফিরে আসার গল্পটি কীভাবে পর্দায় ফুটে উঠবে, তা জানতে দর্শকদের অপেক্ষা করতে হবে প্রচারের দিন পর্যন্ত। আগামী ৩ অক্টোবর চ্যানেল আইয়ে প্রচারের মধ্য দিয়ে শুরু হবে ধারাবাহিকটির যাত্রা। এরপর ৭ অক্টোবর থেকে সিনেমাওয়ালা-এর ইউটিউব চ্যানেলে নিয়মিত প্রকাশিত হবে এর নতুন এপিসোড।