সালমান মুক্তাদির। ছবি: ফেসবুক থেকে
সম্প্রতি দেশের অন্যতম আলোচিত ঘটনা কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর এবং বিএনপি কর্মীদের সেই হামলার ঘটনায় সম্পৃক্ততার অভিযোগ।
রাজধানীর ইসিবি চত্বর এলাকার দক্ষিণ মানিকদীর নিউগিনি প্রপার্টিজ আবাসন প্রকল্পে সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িত থাকার অভিযোগে এ পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
যদিও এই ঘটনায় দেশের নিরাপত্তা ব্যবস্থার অবনতিকেই দুষছেন সালমান মুক্তাদির। তবে জনপ্রিয় এই ইউটিউবার বিএনপির বিরুদ্ধে ঢালাও অভিযোগ করছেন বলেও দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ নিয়ে দুজনেই দিয়েছেন অভিযোগ পাল্টা অভিযোগ।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ফেসবুকে আরও এক রহস্যময়ী বার্তা শেয়ার করেছেন সালমান মুক্তাদির। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে সালমান বাংলিশে লিখেছেন, “Tora amake bhalo hote dilina”, (তোরা আমাকে ভালো হতে দিলিনা)।
যদিও সালমান এই পোস্টে কারোর নাম উল্লেখ করেননি। তবে নেটিজেনরা বলছেন তার এই পোস্ট স্টুডিওতে হামলার ঘটনার সঙ্গে সম্পৃক্ত।
কমেন্টে কেউ কেউ হাস্য রসের ছলে বলছেন, “আপনি কি আদৌ ভালো হতে চেয়েছিলেন!”
কেউ আবার বলছেন, সালমান মুক্তাদির আবারও ফিরছেন তার আগের রুপে।
মঙ্গলবার বেলা পৌনে একটায় দেওয়া এই পোস্টের কয়েক মিন্টি পরেই নিজের পেজের কভার ফটো পরিবর্তন করেছেন সালমান মুক্তাদির। নতুন সেই ছবি জায়গা পেয়েছে এক ঘুমন্ত সিংহের ছবি।
কভার ছবির এই পরিবর্তন এবং রহস্যময় পোস্টের মাধ্যমে সালমান কোনো বার্তা বা ইঙ্গিত দিয়েছেন কি না, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা জল্পনা। তবে এ বিষয়ে সালমান মুক্তাদিরের পক্ষ থেকে এখনো কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।