× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পূজার প্রেমে শুভ-কেয়া

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৪১ পিএম

পূজার প্রেমে শুভ-কেয়া

ঢালিউডে নতুন জুটি মানেই দর্শকের কৌতূহল বেড়ে যাওয়া। বিশেষ করে পরিচিত দুই মুখ যখন প্রথমবার একসঙ্গে পর্দায় হাজির হন, তখন কাজটি ঘিরে আগ্রহ তৈরি হওয়াটা স্বাভাবিক। এবার তেমনই এক নতুন জুটি নিয়ে হাজির হচ্ছেন আরিফিন শুভ ও কেয়া পায়েল। চরকির অরিজিনাল ওয়েব ফিল্ম ‘হ্যাপিলি ম্যারিড’-এ প্রথমবার একসঙ্গে অভিনয় করেছেন তারা। জাহিদ প্রীতম পরিচালিত সিনেমাটি নির্মিত হয়েছে চরকির ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রকল্পের আওতায়। আসন্ন দুর্গাপূজার উৎসবের আবহে ভালোবাসা ও সম্পর্কের নতুন গল্প নিয়ে মুক্তি পেতে যাচ্ছে ‘হ্যাপিলি ম্যারিড’। 

ঢাকাই সিনেমার পরিচিত মুখ আরিফিন শুভ দীর্ঘদিন ধরেই বড় পর্দায় নানা ধরনের চরিত্রে অভিনয় করে দর্শকের নজর কেড়েছেন। অ্যাকশন, রোমান্স কিংবা চরিত্রনির্ভর কাজ-বিভিন্ন ধরনের গল্পে নিজেকে ভেঙেছেন তিনি। চলতি বছরও ঈদুল আজহায় সাইফ চন্দনের ‘মালিক’ সিনেমায় দেখা গেছে তাকে। এর আগে ওটিটি প্লাটফর্মে ‘উনিশ ২০’-এর মাধ্যমে চরকির দর্শকদের সঙ্গে যুক্ত হয়েছিলেন শুভ। ‘হ্যাপিলি ম্যারিড’ দিয়ে আবারও চরকিতে ফিরছেন তিনি। তবে এবারের চরিত্রটি তার আগের অনেক কাজের তুলনায় আলাদা। 

সিনেমাটিতে শুভ অভিনয় করেছেন আনিস চরিত্রে। ছোট শহর থেকে উঠে আসা এই তরুণ আন্তরিক, দায়িত্বশীল এবং পরিবারকেন্দ্রিক। অন্যদিকে গল্পে তার বিপরীতে থাকা অনামিকা ভিন্ন এক জগতের মানুষ। শুভ নিজেই জানিয়েছেন, রোমান্টিক কমেডি ঘরানার এই কাজের চরিত্রটি তার জন্য ভিন্ন অভিজ্ঞতা। ফলে নতুন অবতারে তাকে দেখার আগ্রহও তৈরি হয়েছে দর্শকের মধ্যে। 

অন্যদিকে ছোট পর্দার পরিচিত মুখ কেয়া পায়েল এবার পা রাখছেন ওটিটির জগতে। দীর্ঘদিন ধরে নাটকে নানা চরিত্রে অভিনয় করে দর্শকের কাছে নিজের অবস্থান তৈরি করেছেন তিনি। ‘হ্যাপিলি ম্যারিড’ তার জন্য একাধিক দিক থেকে নতুন অভিজ্ঞতা। প্রথমবার আরিফিন শুভর সঙ্গে জুটি, প্রথমবার চরকির সঙ্গে এবং পরিচালক জাহিদ প্রীতমের সঙ্গে প্রথম চলচ্চিত্রে কাজÑ সব মিলিয়ে নতুন অধ্যায়ের শুরু হচ্ছে এই অভিনেত্রীর। 

সিনেমায় কেয়াকে দেখা যাবে অনামিকা চরিত্রে। সচ্ছল শহুরে পরিবারের এই তরুণীর জীবন সামাজিক যোগাযোগমাধ্যম, তারকা-ভাবনা ও ভার্চুয়াল জগতের আকর্ষণে প্রভাবিত। চরিত্রটির বেশ কিছু স্তর রয়েছে এবং এই কাজের মধ্য দিয়ে দর্শক তার অভিনয়ের নতুন দিক দেখতে পাবেন। 


‘হ্যাপিলি ম্যারিড’ শুধু নতুন জুটির রোমান্টিক গল্প নয়; সমকালীন জীবন, পারিবারিক বন্ধন, সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব এবং দুই ভিন্ন মানসিকতার মানুষের সম্পর্ককে কেন্দ্র করেই এগিয়েছে সিনেমার গল্প। আনিস ও অনামিকার দৃষ্টিভঙ্গির পার্থক্য, পরিবার ও সমাজ নিয়ে তাদের ভাবনা এবং সম্পর্কের নানা টানাপোড়েন গল্পে জায়গা পেয়েছে। নির্মাতা জাহিদ প্রীতমের ভাষ্য অনুযায়ী, প্রযুক্তির অতিরিক্ত ব্যবহারে মানুষের মানসিক পরিবর্তন এবং এর সঙ্গে পারিবারিক মূল্যবোধের সংঘাতও গল্পের গুরুত্বপূর্ণ অংশ। একই সঙ্গে হাস্যরস, রোমান্স ও পারিবারিক আবেগের সমন্বয় রাখা হয়েছে। 

‘মিনিস্ট্রি অব লাভ’ প্রকল্পের এটি সপ্তম সিনেমা। ছবিয়াল সহ-প্রযোজনায় যুক্ত রয়েছে। অভিনেত্রী ও প্রযোজক নুসরাত ইমরোজ তিশাও সিনেমাটির সহ-প্রযোজক হিসেবে কাজ করেছেন। জাহিদ প্রীতম এর আগে চরকির জন্য ‘ঘুমপরী’ নির্মাণ করেছেন। 

এর আগে ‘হ্যাপিলি ম্যারিড’কে ঘিরে শুভ ও কেয়ার বিয়ের গুঞ্জনও ছড়িয়েছিল। তবে সেটি ছিল সিনেমার প্রচারণার অংশ। চরিত্রের নাম আনিস ও অনামিকা এবং বিয়ের সাজের প্রচারণার মাধ্যমে দর্শকের কৌতূহল সৃষ্টি করা হয়েছিল। এবার সেই কৌতূহলের গল্প পর্দায় দেখার পালা। আসন্ন দুর্গাপূজা উৎসবকে সামনে রেখে ওয়েবফিল্মটি আগামী ৮ই অক্টোবর ওটিটি প্ল্যাটফর্ম চরকি-তে মুক্তি পাবে। 

 


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা