প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬ ১১:৫৪ এএম
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬ ১১:৫৯ এএম
ঢাকাই সিনেমায় নতুন গল্পের আবহ নিয়ে বড়পর্দায় আসছে ভিকি জাহেদের প্রথম চলচ্চিত্র ‘খলনায়ক’। ওটিটি ও ছোটপর্দায় নির্মাণশৈলী দিয়ে আলাদা পরিচিতি তৈরি করা এই নির্মাতার চলচ্চিত্রযাত্রার প্রথম পদক্ষেপেই থাকছে একঝাঁক পরিচিত মুখ। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে একসঙ্গে দেখা যাবে দেশের তিন প্রথিতযশা অভিনেতা শহীদুজ্জামান সেলিম, চঞ্চল চৌধুরী ও ইন্তেখাব দিনারকে।

তাদের পাশাপাশি সিনেমাটির নারী চরিত্রে যুক্ত হয়েছেন প্রিয়াঙ্কা সরকার, তমা মির্জা ও অ্যানমেরি টম। ফলে গল্প, চরিত্র ও অভিনয়শিল্পীদের সমন্বয়ে ‘খলনায়ক’ নিয়ে দর্শকের আগ্রহও তৈরি হয়েছে শুরু থেকেই।
ভিকি জাহেদের নির্মাণে বরাবরই গল্পের ভিন্নতা ও চরিত্রের রহস্যময় উপস্থাপনা গুরুত্ব পেয়েছে। এবার সেই নির্মাণভঙ্গি বড়পর্দায় কতটা আলাদা মাত্রা তৈরি করে, সেটিই দেখার অপেক্ষা। ‘খলনায়ক’-এর মাধ্যমে প্রথমবার চলচ্চিত্র পরিচালনায় নামছেন ভিকি জাহেদ। এর আগে ওটিটি প্লাটফর্মে তার নির্মিত বিভিন্ন কনটেন্ট দর্শকের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে। এবার সিনেমার গল্প ও চরিত্রের বিস্তৃত পরিসরে তার নির্মাণশৈলী দেখার সুযোগ পাবেন দর্শক।

সিনেমাটির অন্যতম আকর্ষণ দেশের তিন শক্তিমান অভিনেতার একসঙ্গে অভিনয়। শহীদুজ্জামান সেলিম, চঞ্চল চৌধুরী ও ইন্তেখাব দিনারÑ তিনজনই অভিনয়ের নিজস্ব ধরন ও চরিত্র নির্মাণের দক্ষতার কারণে দর্শকের কাছে পরিচিত। ‘খলনায়ক’-এ তাদের উপস্থিতি সিনেমাটির অভিনয়ভিত্তিক আবহকে আরও সমৃদ্ধ করবে বলেই ধারণা করা হচ্ছে। বিশেষ করে বড় পর্দায় এই তিন অভিনেতাকে একই সিনেমায় দেখার বিষয়টি দর্শকের জন্য আলাদা আগ্রহ তৈরি করেছে।

তিন অভিনেতার পাশাপাশি সিনেমাটির নারী কাস্টেও রয়েছে বৈচিত্র্য। প্রিয়াঙ্কা সরকার দীর্ঘদিন ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত এবং ভিন্নধর্মী চরিত্রে কাজের অভিজ্ঞতা রয়েছে তার। ‘খলনায়ক’-এ তার উপস্থিতি সিনেমাটির নারী চরিত্রের পরিসরে নতুন মাত্রা যোগ করতে পারে।
অন্যদিকে তমা মির্জা বর্তমানে চলচ্চিত্রের পরিচিত মুখ। বড়পর্দায় বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে নিজের জায়গা তৈরি করেছেন তিনি। ‘খলনায়ক’-এ তার যুক্ত হওয়াও সিনেমাটির আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে। তবে সিনেমায় তার চরিত্রের বিস্তারিত এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

নারী কাস্টে আরও রয়েছেন অ্যানমেরি টম। তিনিও সিনেমাটির গুরুত্বপূর্ণ নারী শিল্পীদের একজন। প্রিয়াঙ্কা সরকার, তমা মির্জা ও অ্যানমেরি টমÑ এই তিন অভিনেত্রীর উপস্থিতিতে ‘খলনায়ক’-এর নারী চরিত্রের পরিসরও বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে।
ইতোমধ্যে কলকাতার বিভিন্ন লোকেশনে সিনেমাটির প্রথম লটের শুটিং সম্পন্ন হয়েছে। নির্মাতা ও শিল্পীদের নিয়ে সিনেমাটির পরবর্তী কাজও এগিয়ে নেওয়া হচ্ছে। তবে ছবিটির মুক্তির তারিখ কিংবা ট্রেলার প্রকাশের বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। তাই ‘খলনায়ক’-এর গল্প, চরিত্র এবং পর্দায় এই ছয় অভিনয়শিল্পীর রসায়ন কেমন হয়, সেটি জানতে দর্শকদের অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।

‘খলনায়ক’-নামেই যেখানে রহস্য ও সংঘাতের ইঙ্গিত, সেখানে ভিকি জাহেদের প্রথম চলচ্চিত্রে অভিজ্ঞ অভিনয়শিল্পীদের এই সমাবেশ সিনেমাটিকে ঘিরে প্রত্যাশা তৈরি করেছে। বড়পর্দায় নির্মাতার প্রথম গল্প কতটা ভিন্ন অভিজ্ঞতা দেয়, এখন সেই অপেক্ষাতেই দর্শক।