প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬ ১১:৩১ এএম
খুরশীদ আলম
বাংলা গানের ভুবনে কিছু কণ্ঠ সময়কে অতিক্রম করে মানুষের হৃদয়ে স্থায়ী আসন করে নেয়। তেমনই এক সজীব ও প্রাণবন্ত কণ্ঠ খুরশীদ আলম। গানের সঙ্গে তার পথচলায় পেরিয়ে গেছে ছয়টি দশক। দীর্ঘ এই সংগীতজীবনে অসংখ্য সিনেমায় গান গেয়ে তিনি উপহার দিয়েছেন বহু জনপ্রিয় গান।
তার কণ্ঠে শ্রোতাপ্রিয় হয়ে ওঠা গানগুলোর মধ্যে রয়েছেÑ ‘চুমকি চলেছে একা পথে’, ‘ও দুটি নয়নে স্বপনে চয়নে’, ‘এ আকাশকে সাক্ষী রেখে’, ‘আজকে না হয় ভালোবাসো’, ‘চুরি করেছো আমার মনটা’, ‘ও চোখে চোখ পড়েছে যখনই’, ‘ও অনুপমা ও নিরূপমা’, ‘পাখির বাসার মতো দুটি চোখ তোমার’, ‘প্রেম করেছো তুমি মন দিয়েছি আমি’, ‘চুপি চুপি বলো কেউ জেনে যাবে’, ‘যদি বউ সাজোগো’ ও ‘পাথরের পৃথিবীতে কাঁচের হৃদয়’সহ অনেক গান।
গানের ভুবনে খুরশীদ আলমের ৬০ বছরের পথচলা উপলক্ষে টেলিভিশন জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (টিজেএফবি) গতকাল শুক্রবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজন করে বিশেষ সংবর্ধনা অনুষ্ঠান। ‘সুরের জীবন্ত কিংবদন্তী কণ্ঠশিল্পী খুরশীদ আলম-এর সংগীতের ৬০ বছর’ শিরোনামে এ আয়োজনে সংগীতাঙ্গনের বরেণ্য শিল্পী সৈয়দ আব্দুল হাদীসহ পরবর্তী প্রজন্মের বেশ কয়েকজন শিল্পী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী এবং বিশেষ অতিথি হিসেবে সংস্কৃতি প্রতিমন্ত্রী উপস্থিত ছিলেন।
খুরশীদ আলম প্রসঙ্গে সৈয়দ আব্দুল হাদী বলেন, ‘খুরশীদ আলম বাংলা গানে নতুন একটি ধারা সৃষ্টি করেছিলেন। তার গায়কীতে সজীবতা ও চঞ্চলতা খুঁজে পেয়েছিলেন শ্রোতারা।’
নিজের দীর্ঘ পথচলা প্রসঙ্গে খুরশীদ আলম বলেন, ‘দেখতে দেখতে গানের ভুবনে পথচলার ষাট বছর চলে গেল। মাঝে মাঝে নিজেই ভাবলে বিস্মিত হই, যেন এক পলকেই চলে গেল এতটা বছর। বাংলা গানের শ্রোতাদের ভালোবাসা ও সম্মানে আমি সত্যিই মুগ্ধ ও কৃতজ্ঞ।’