× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

২৮ বছর পর হঠাৎ বৃষ্টি

মাহমুদা বিশ্বাস

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬ ১৫:২১ পিএম

২৮ বছর পর হঠাৎ বৃষ্টি

কিছু সিনেমা শুধু একটি নির্দিষ্ট সময়ের গল্প হয়ে থাকে না, সময় পেরিয়েও সে ছবি দর্শকের স্মৃতিতে বেঁচে থাকে। ‘হঠাৎ বৃষ্টি’তেমনই একটি সিনেমা। নব্বইয়ের দশকের শেষভাগে ফেরদৌস আহমেদ ও প্রিয়াঙ্কা ত্রিবেদীর জুটিতে যে প্রেমের গল্প দর্শকের মনে জায়গা করে নিয়েছিল, ২৮ বছর পর সেই গল্পই আবার ফিরছে নতুন মুখ ও নতুন সময়ের আবহে। নামও তাই বদলে হয়েছে—‘আবার হঠাৎ বৃষ্টি’। মূল গল্প অপরিবর্তিত রেখে সমকালীন দর্শকের কথা মাথায় রেখে সিনেমাটি নির্মাণ করেছেন পরিচালক কামরুজ্জামান। আগামী ২ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

১৯৯৮ সালের ‘হঠাৎ বৃষ্টি’শুধু একটি প্রেমের সিনেমা ছিল না, বাংলা চলচ্চিত্রের একটি বিশেষ সময়ের স্মৃতির সঙ্গেও জড়িয়ে আছে এটি। বাসু চ্যাটার্জির পরিচালনায় নির্মিত বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে ছিলেন ফেরদৌস আহমেদ ও প্রিয়াঙ্কা ত্রিবেদী। নতুন এ যুগল নিয়ে তৈরি সেই ছবির গল্প, অভিনয় ও গান তখন দর্শকের মধ্যে সৃষ্টি করেছিল আলাদা আবেগ। প্রায় তিন দশক পর সেই আবেগকেই নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা ‘আবার হঠাৎ বৃষ্টি’র।

তবে ২৮ বছর পরের এই ফিরে আসা কেবল পুরনো একটি সিনেমার গল্পকে আবার পর্দায় তুলে ধরার ঘটনা নয়। সময়ের সঙ্গে বদলে গেছে দর্শক, বদলেছে সিনেমা দেখার অভ্যাস এবং গল্প বলার ধরনও। সেই পরিবর্তনের জায়গাটিকেই গুরুত্ব দিয়েছেন নির্মাতা কামরুজ্জামান। তার ভাষ্যে, এমন একটি সিনেমা রিমেক করা বড় চ্যালেঞ্জ; তাই বর্তমান সময়ের কথা মাথায় রেখেই কাজটি করা হয়েছে। অর্থাৎ গল্পের মূল সুর অক্ষুণ্ন থাকলেও উপস্থাপনায় এসেছে সময়ের ছাপ।

পুরনো ছবিতে ফেরদৌস ও প্রিয়াঙ্কা যে চরিত্রে অভিনয় করেছিলেন, নতুন সিনেমায় সেই দুই কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে আরিয়ান সারোয়ার ও রাদিফা নারমিনকে। আরিয়ানের এটি দ্বিতীয় সিনেমা হলেও প্রধান চরিত্রে প্রথম কাজ। নতুন চরিত্রে অভিনয়ের আগে তিনি মূল ‘হঠাৎ বৃষ্টি’একাধিকবার দেখেছেন। তবে ফেরদৌসকে অনুসরণ করলেও অনুকরণ করেননি— নিজের মতো করে চরিত্রটি পর্দায় তুলে ধরার চেষ্টা করেছেন বলে জানিয়েছেন তিনি। ফলে নতুন সিনেমার সামনে যেমন পুরনো ছবির স্মৃতির চাপ রয়েছে, তেমনি নতুন দুই অভিনয়শিল্পীর জন্যও রয়েছে নিজেদের আলাদা করে তুলে ধরার সুযোগ।

পরিবর্তন এসেছে সিনেমার নির্মাণপর্বেও। ১৯৯৮ সালের ‘হঠাৎ বৃষ্টি’র গল্পের পটভূমিতে ছিল ভারতীয় আবহ; নতুন সিনেমাটির দৃশ্যধারণ হয়েছে সম্পূর্ণ বাংলাদেশে। ফলে একই গল্প এবার উঠে এসেছে দেশেরই বিভিন্ন লোকেশন ও পরিবেশের মধ্য দিয়ে। পুরনো ছবির পরিচিত আবেগকে রেখে নতুন বাস্তবতার সঙ্গে সেটিকে মিলিয়ে দেওয়ার এই প্রয়াসই আবার হঠাৎ বৃষ্টির অন্যতম উল্লেখযোগ্য দিক।

গানের জায়গাতেও থাকছে পুরনো ও নতুনের মেলবন্ধন। মূল হঠাৎ বৃষ্টির জনপ্রিয় গানগুলোর মধ্য থেকে তিনটি গান নতুন করে উপস্থাপন করা হয়েছে আবার হঠাৎ বৃষ্টিতে। পাশাপাশি বর্তমান প্রজন্মের শ্রোতাদের কথা মাথায় রেখে যুক্ত হয়েছে দুটি নতুন গান। ফলে সিনেমাটিতে একদিকে যেমন ফিরে আসবে পুরনো দিনের পরিচিত সুরের আবহ, অন্যদিকে নতুন গান তৈরি করবে সমকালীনতার অনুভূতি।

নতুন সিনেমায় আরিয়ান ও রাদিফার পাশাপাশি অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, ক্রিস্টিয়ানো তন্ময়, কায়েস আরজু, মৌ খান, ঝুনা চৌধুরীসহ আরও অনেকে। আশীর্বাদ চলচ্চিত্র ও ইমপ্রেস টেলিফিল্মের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটি ইতোমধ্যে সার্টিফিকেশন বোর্ডের অনুমতি পেয়েছে।

একটি সিনেমার বয়স ২৮ বছর হয়ে গেলে তার গল্পের সঙ্গে শুধু চরিত্র ও নির্মাণই নয়, জড়িয়ে যায় একটি প্রজন্মের স্মৃতিও। সেই স্মৃতিকে অক্ষুণ্ন রেখে নতুন প্রজন্মের কাছে একই গল্পকে কতটা নতুন করে বলা যায়—‘আবার হঠাৎ বৃষ্টির সামনে এখন সেটিই বড় পরীক্ষা। ১৯৯৮-এর দর্শকের পরিচিত ‘হঠাৎ বৃষ্টি’এবার ২০২৬-এর দর্শকের চোখে কেমন হয়ে ওঠে, তার উত্তর মিলবে প্রেক্ষাগৃহে।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা