ঢালিউড অ্যাওয়ার্ড
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ১৩:৫৯ পিএম
দেশের সীমানা পেরিয়ে বিদেশের মাটিতেও বাংলাদেশের চলচ্চিত্রের প্রতিনিধিত্ব করেন দেশের শীর্ষ তারকারা। বিশেষ করে যুক্তরাষ্ট্রে আয়োজিত ঢালিউডকেন্দ্রিক বিভিন্ন অনুষ্ঠানে শাকিব খানের উপস্থিতি বরাবরই বাড়তি আগ্রহ তৈরি করে। দীর্ঘ বিরতির পর আবারও সেই আলোচনার কেন্দ্রে থাকছেন ঢাকাই চলচ্চিত্রের এই জনপ্রিয় নায়ক। এবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাওয়া ‘ঢালিউড অ্যাওয়ার্ড ২০২৬’-এ অংশ নিচ্ছেন শাকিব খান। শুধু উপস্থিতিই নয়, সম্মাননা গ্রহণের পাশাপাশি সম্মাননা প্রদান ও পারফর্ম্যান্সেও অংশ নেবেন তিনি।
আগামী ১০ অক্টোবর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লং আইল্যান্ড সিটিতে অবস্থিত ইভাঞ্জেল চার্চ সেন্টারে অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের আলোচিত অ্যাওয়ার্ড অনুষ্ঠান ‘ঢালিউড অ্যাওয়ার্ড ২০২৬’। ‘শো টাইম’-এর সিইও খাইরুল ইসলাম খোকনের সার্বিক তত্ত্বাবধান ও পৃষ্ঠপোষকতায় আয়োজিত এবারের অনুষ্ঠানের নেপথ্যে সার্বিক সহযোগিতায় থাকছেন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় উপস্থাপিকা ও প্রোগ্রাম প্ল্যানার শারমিনা সিরাজ সোনিয়া। তার সঙ্গে আয়োজনে সহযোগিতা করবেন মেহেদী হাসান, সাফওয়াত গণি ও রকি আলিয়ান।
এবারের ঢালিউড অ্যাওয়ার্ডে বাংলাদেশের চলচ্চিত্র, সংগীত, ফ্যাশন, নাটকসহ বিভিন্ন অঙ্গনের তারকাদের সম্মাননা দেওয়া হবে। পাশাপাশি থাকবে তারকাদের পারফর্ম্যান্স ও সংগীত পরিবেশনা। এরই মধ্যে অনুষ্ঠানে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশের বেশ কয়েকজন জনপ্রিয় তারকা। তাদের মধ্যে রয়েছেন শাকিব খান, চঞ্চল চৌধুরী, রিজিয়া পারভীন, এসআই টুটুল, শিরীন শিলা, নিরব, তমা মির্জা, স্পর্শিয়া ও দীঘি।
আয়োজক সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে শাকিব খানের উপস্থিতি এরই মধ্যে নিশ্চিত হয়েছে। এ প্রসঙ্গে শারমিনা সিরাজ সোনিয়া বলেন, ‘এবারই প্রথম যুক্তরাষ্ট্রের জনপ্রিয় এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানের উপস্থাপনা করতে যাচ্ছি। এরই মধ্যে শাকিব খানের সঙ্গে অনুষ্ঠান নিয়ে মিটিং হয়েছে। তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, সম্মাননা গ্রহণ করবেন এবং সম্মাননা প্রদানও করবেন। পাশাপাশি পারফর্ম্যান্সেও অংশ নেবেন। অন্যান্য শিল্পীদের বিষয়েও সবকিছু চূড়ান্ত হয়েছে। তবে কারা চূড়ান্তভাবে সম্মাননায় ভূষিত হবেন, তা অনুষ্ঠানের দিন জানা যাবে।’
শাকিব খানের সঙ্গে ঢালিউড অ্যাওয়ার্ডের সম্পর্ক অবশ্য নতুন নয়। এর আগে ২০২১ সালে যুক্তরাষ্ট্রের জামাইকায় অনুষ্ঠিত ১৯তম ঢালিউড অ্যাওয়ার্ডে অংশ নিয়েছিলেন তিনি। এরপর কয়েক বছর পর আবারও এই আয়োজনে ফিরছেন ঢাকাই চলচ্চিত্রের এই তারকা।
এবারের আয়োজন নিয়ে আশাবাদী অংশগ্রহণকারী শিল্পীরাও। চঞ্চল চৌধুরী বলেন, ‘মনপুরা’ মুক্তির পর ২০১০ সালে প্রথম ঢালিউড অ্যাওয়ার্ডে অংশ নেন তিনি। এরপর আরও কয়েকবার এই অনুষ্ঠানে অংশ নিয়েছেন। এবারের আয়োজনের জন্য শুভকামনাও জানিয়েছেন তিনি।
অভিনেত্রী স্পর্শিয়াও অনুষ্ঠানে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, যুক্তরাষ্ট্রে তার আত্মীয় থাকায় সেখানে নিয়মিত যাওয়া-আসা হয়। চলতি মাসেই যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন তিনি। এবার আবারও এই আয়োজনে অংশ নিতে যুক্তরাষ্ট্রে যাবেন।
অন্যদিকে শিরীন শিলা বর্তমানে কানাডায় রয়েছেন। অনুষ্ঠানের আগেই যুক্তরাষ্ট্রে যাওয়ার আশা প্রকাশ করেছেন তিনি। সংগীতশিল্পী রিজিয়া পারভীনও এর আগে ঢালিউড অ্যাওয়ার্ডে অংশ নিয়েছেন। এবারও গানে গানে দর্শকদের মুগ্ধ করার প্রত্যাশা তার।
আয়োজকদের প্রত্যাশা, এবারের ঢালিউড অ্যাওয়ার্ড হবে আগের আয়োজনগুলোর তুলনায় আরও বর্ণাঢ্য। দেশ-বিদেশের তারকাদের উপস্থিতি, সম্মাননা ও নানা পরিবেশনায় নিউইয়র্কের মঞ্চে তৈরি হবে বাংলাদেশের বিনোদন অঙ্গনের একটি বিশেষ মিলনমেলা।