হাসনাত মোবারক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬ ১৩:২৯ পিএম
২১ সেপ্টেম্বর দিনের প্রথম প্রহর। তখন দিগন্তে চড়ছে ঝকঝকে রোদ। সূর্যের উত্তাপ এসে পড়ছে মাথার ওপর। জনারণ্য ঠেলে অবশেষে পৌঁছানো গেল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের প্রবেশ পথে। চিকিৎসাসেবা নিতে আসা মানুষের লিফটে ওঠানামার দৃশ্য এবং লিফটে আমাদের স্থান পেতে অনেকটা সময় চলে গেছে ততক্ষণে! লিফট থেকে বেরিয়ে ৬০১ নম্বর ওয়ার্ডের দিকে চোখ তুলতেই দেখতে পাই কমলা রঙের টি-শার্ট আর মাথাভর্তি সাদা চুলের একটা মানুষকে। মুখে তার মিষ্টি মিষ্টি হাসি। পাশে বসা এক তরুণের সঙ্গে গল্প করছেন। দূর থেকে কোনোভাবেই অনুমেয় হবে না, তিনি রোগী হয়ে ভর্তি হয়েছেন এখানে।
সামনে গিয়ে আমার হাতের কাগজের ঠোঙাটি এগিয়ে দিতেই তিনি হাসতে হাসতে বলে ওঠেন, ‘আরে এ যেন জীবনানন্দ দাশের কবিতায় সেই কমলালেবু। কী অবাক ব্যাপার? এসবের দরকার কী? একজন কবিকে হাসপাতালে দেখতে এসেছেন তরুণ কবিরা। আনন্দই বটে।’ কথাগুলো বললেন, ‘হাউসফুল’, ‘এইম ইন লাইফ’, ‘পাটিগণিত’, ‘ফোর টোয়েন্টি’, ‘বনমানুষ’, ‘বাইসাইকেল’, ‘৪২০’, ‘ক্যারম’, ‘মুড়ির টিন’ এবং ‘সিক্সটি নাইন’ নাটকের ‘জাতীয় কাকা’ হিসেবে ব্যাপকভাবে সমাদৃত এবং প্রশংসিত অভিনেতা রিফাত চৌধুরী।
রিফাত চৌধুরী অভিনেতা হিসেবেও পরিচিতি পেলেও আমাদের দেখে সঙ্গে সঙ্গে তার বিছানার নিচ থেকে দুটি খাতা বের করলেন। খাতা দুটি সামনে রেখে জানান, একটিতে তিনি কবিতা লিখে রাখেন। আরেকটিতে কবিতা নোট করেন। কবিতা নিয়ে আলাপ করতেই তিনি স্বাচ্ছন্দবোধ করতে লাগলেন। কবিতাযাপন নিয়ে আলাপ এগোতে লাগল। এরই এক ফাঁকে হাসপাতালে তার ভর্তি এবং চিকিৎসার প্রসঙ্গে টানতেই আবারও স্বভাবসুলভ হাসি দিয়ে বললেন, ‘হাসপাতাল? এর আরেক নাম তো পাতাল। দেখলেন না, আপনারা সুস্থ তরুণ আমার কাছে পৌঁছতেই কেমন হাঁপিয়ে উঠছেন। আর আমার চিকিৎসা! বোঝেন তো সরকারি হাসপাতাল। একটা সিস্টেমের মধ্য দিয়ে এগোয়। ১৪ তারিখে (সেপ্টেম্বর) ভর্তি হয়েছি। বেড পেতে কিছুদিন লাগল। এখন অবশ্য আমার ফাইলপত্র রেডি হয়েছে। আগামীকাল থেকে চিকিৎসা শুরু হবে। দেখা যাক।’Ñ বলে আরও একবার হাসলেন।
হাসপাতালে তাকে দেখভাল করার জন্য কেউ আছেন কি না?Ñ জিজ্ঞেস করতেই বললেন, ‘হ্যাঁ, হ্যাঁ, এখানে তো আমার এক ডক্টর বন্ধু আছেন। তিনি বেশ সহযোগিতা করছেন।’
বললাম, তার নাম কী অমিতাভ অরণ্য? উত্তরে তিনি বললেন, ‘হ্যাঁ, হ্যাঁ। তিনিও লেখালেখির সঙ্গে যুক্ত।’ তার কথা শুনে মাথা নাড়লাম। বললাম, আপনাকে নিয়ে কথা বলছেন বিভিন্ন সমাজমাধ্যমে। দেখা গেছে তারা সবাই লেখালেখির সঙ্গে যুক্ত। কিন্তু আপনি তো অসংখ্য দর্শকপ্রিয় নাটকে অভিনয় করেছেন। সেসব নাটকের নির্মাতাদের সঙ্গে আপনার কথা হয়েছে নিশ্চয়। কথা শুনে রিফাত চৌধুরী বললেন, ‘না, না। কারোর সঙ্গেই আমার এখন আর যোগাযোগ নেই। আমি তো সারা জীবনই নির্জনে থেকেছি। জীবনযাপনটাই অমন বেছে নিয়েছিলাম। এখন তো আরও বেশি একা। দু-চারজন লেখক বন্ধু ব্যতিরেকে কারোর সঙ্গে যোগাযোগ নেই। দেখেন, আপনাদের প্রচার এবং যোগাযোগের মাধ্যমে আমি যদি উন্নত চিকিৎসা পাই।’
তার চিকিৎসার সহযোগিতায় এগিয়ে আসতে পারেনÑ সম্ভাব্য এমন দু-চারজন ব্যক্তির নামও উল্লেখ করলেন। জানালেন তার জীবন সংগ্রামের কথাও। আশির দশকের বরণ্যে এই কবি ও অভিনেতা শারীরিক দুর্বলতা, হাঁটতে গিয়ে পা অবশ হয়ে আসে, দেহে অতিরিক্ত অবসাদ, শ্বাসকষ্ট, বুকে ব্যথা ও নিদ্রাহীনতাসহ বিভিন্ন শারীরিক সমস্যা নিয়ে ভর্তি আছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।