প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬ ১৩:২৫ পিএম
দুই বছর পর আবারও ঢাকার মঞ্চে ফিরছে ম্যাড থেটারের আলোচিত নাটক ‘অ্যানা ফ্রাঙ্ক’। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত কিশোরী অ্যানা ফ্রাঙ্কের ডায়েরি অবলম্বনে ২০২১ সালে নাটকটি মঞ্চে আনে দলটি। এটি ম্যাড থেটারের তৃতীয় প্রযোজনা। আগামী ২৫ ও ২৬ সেপ্টেম্বর রাজধানীর মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে নাটকটির দুটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
অ্যানা ফ্রাঙ্ক নাটকটি রচনা করেছেন আসাদুল ইসলাম এবং নির্দেশনা দিয়েছেন আনিসুল হক বরুণ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতার পাশাপাশি অ্যানা ফ্রাঙ্কের ব্যক্তিগত স্বপ্ন, ভালোবাসা ও বেঁচে থাকার আকাঙ্ক্ষাকে নাটকের গল্পে তুলে ধরা হয়েছে।
নাটকের গল্পে দেখা যায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে আত্মরক্ষার জন্য অ্যানা ফ্রাঙ্ক ও তার পরিবার আশ্রয় নেয় একটি গোপন কুঠুরি ‘সিক্রেট অ্যানেক্সে’। বাইরের পৃথিবীতে যখন যুদ্ধের ধ্বংসযজ্ঞ, তখন সেই বন্দিজীবনের মধ্যেই নিজের অনুভূতি, স্বপ্ন ও চারপাশের বাস্তবতা ডায়েরির পাতায় লিখে যেতে থাকে অ্যানা। তার লেখায় ধরা পড়ে যুদ্ধের বারুদমাখা ধূসরতা, ব্যক্তিগত স্বপ্ন এবং ভবিষ্যৎ নিয়ে নানা সম্ভাবনার কথা।
কিন্তু দীর্ঘদিন গোপনে থাকার পরও শেষ রক্ষা হয়নি। বন্দিজীবনের ৭৬১তম দিনে হিটলারের বাহিনী ‘সিক্রেট অ্যানেক্স’-এর বাসিন্দাদের ধরে নিয়ে যায়। পরে বন্দিশিবিরে ঠান্ডা ও শ্বাসকষ্টে মৃত্যুবরণ করে অ্যানা ফ্রাঙ্ক। অল্প বয়সে তার জীবন থেমে গেলেও ডায়েরির পাতায় লেখা কথাগুলো তাকে বিশ্বের মানুষের কাছে চিরস্মরণীয় করে রেখেছে।
নাটকটিতে অ্যানা ফ্রাঙ্ক চরিত্রে একক অভিনয় করেছে আর্য মেঘদূত। ২০২১ সালে নাটকটির উদ্বোধনী মঞ্চায়নের সময় সে ছিল দশম শ্রেণির শিক্ষার্থী। এরপর দেশের বিভিন্ন মঞ্চে অভিনয়ের পাশাপাশি নাটকটি নিয়ে ভারতের গুয়াহাটিতে একটি আন্তর্জাতিক নাট্য উৎসবেও অংশ নেন তিনি।
২০২৪ সালে সর্বশেষ অ্যানা ফ্রাঙ্ক চরিত্রে মঞ্চে উঠেছিলেন আর্য মেঘদূত। এরপর উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যে চলে যাওয়ায় নাটকটির প্রদর্শনী বন্ধ ছিল। দুই বছর পর আবারও ঢাকার মঞ্চে ফিরছে প্রযোজনাটি। এবারের প্রদর্শনীর মধ্য দিয়ে অ্যানা ফ্রাঙ্কের গল্প ও তার ডায়েরির অমর কথাগুলো নতুন করে দর্শকের সামনে তুলে ধরতে যাচ্ছে ম্যাড থেটার।