× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অভিনয়ে কোথায় মেহজাবীন?

মাহমুদা বিশ্বাস

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬ ১৩:২৪ পিএম

অভিনয়ে কোথায় মেহজাবীন?

একসময় পর্দায় মেহজাবীনের উপস্থিতি ছিল অনেকটা ঋতুর মতোই নিয়মিত। ঈদ এলেই নতুন নাটক, নতুন চরিত্র, নতুন কোনো গল্প নিয়ে হাজির হতেন তিনি। কখনও হাসাতেন, কখনও কাঁদাতেন, আবার কখনও একেবারেই অন্য রকম কোনো চরিত্রে নিজেকে ভেঙে গড়তেন। ছোট পর্দার সেই ব্যস্ততম সময় পেরিয়ে এখন যেন খানিকটা থেমেছেন মেহজাবীন চৌধুরী। ক্যামেরার সামনে তার উপস্থিতি কমেছে, কমেছে কাজের সংখ্যাও। বরং কাজের বাইরের সময়টুকু নিজের মতো করে কাটাতেই ইদানীং বেশি দেখা যাচ্ছে তাকে। তাই দর্শকের মনে স্বাভাবিকভাবেই প্রশ্নÑ অভিনয় থেকে কি ধীরে ধীরে দূরে সরে যাচ্ছেন মেহজাবীন?

অভিনয়ের শুরু থেকেই ছোট পর্দায় নিজের জায়গা তৈরি করেছেন মেহজাবীন। একের পর এক নাটকে অভিনয় করে অল্প সময়েই হয়ে ওঠেন দর্শকের পরিচিত মুখ। ‘বড় ছেলে’, ‘পুনর্জন্ম’, ‘শিল্পী’, ‘শুক্লপক্ষ’, ‘মাইঙ্কার চিপায়’সহ নানা নাটক ও ওয়েব কনটেন্টে ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করে নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছেন। একটা সময় বছরে উৎসবকেন্দ্রিক নাটকের বড় অংশজুড়েই ছিল তার উপস্থিতি। তবে সময়ের সঙ্গে সেই চিত্র বদলেছে।

ছোট পর্দার পাশাপাশি বড় পর্দাতেও নিজের যাত্রা শুরু করেছিলেন এই অভিনেত্রী। শঙ্খ দাশগুপ্তের ‘প্রিয় মালতী’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় তার। এরপর ‘সাবা’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করে নতুন করে আলোচনায় আসেন। ওটিটিতেও ‘সাবরিনা’, ‘রেডরাম’, ‘আমি কী তুমি?’, ‘ফরগেট মি নট’, ‘আরারাত’সহ বিভিন্ন কাজে দেখা গেছে তাকে। অর্থাৎ মাধ্যম বদলালেও অভিনয়ের সঙ্গে তার সম্পর্ক থেমে যায়নি।

তবে আগের মতো নিয়মিত কাজ করছেন না মেহজাবীনÑ এটাই এখন সবচেয়ে দৃশ্যমান পরিবর্তন। বিশেষ করে নাটকে তার উপস্থিতি নেই বললেই চলে। একসময় যে অভিনেত্রীকে নিয়ে ঈদের নাটকের তালিকা তৈরি হতো, তাকে এখন খুব বেছে বেছে কাজ করতে দেখা যায়। চলতি সময়েও নাটক ও ওয়েবভিত্তিক কিছু কাজে তার উপস্থিতি থাকলেও আগের সেই টানা ব্যস্ততা নেই।

এই পরিবর্তনের আরেকটি দিকও চোখে পড়ে তার সামাজিক যোগাযোগমাধ্যমে। কাজের সেটের ছবি কিংবা নতুন কোনো প্রকল্পের খবরের পাশাপাশি নিজের ব্যক্তিগত সময়, ভ্রমণ, অবসর কিংবা নিজের মতো করে কাটানো মুহূর্তগুলোও এখন তার উপস্থিতির বড় অংশ হয়ে উঠেছে। দীর্ঘদিনের ব্যস্ত অভিনয় জীবনের বাইরে নিজের জন্য একটু সময় রাখার এই প্রবণতা তাই আলাদা করে নজর কাড়ছে।

তাহলে কি সত্যিই অভিনয় থেকে দূরে সরে যাচ্ছেন মেহজাবীন? এখন পর্যন্ত তার কাজের গতিপথ সে কথা নিশ্চিত করে না। বরং বলা যায়, আগের মতো সংখ্যায় নয়, নিজের পছন্দ ও চরিত্রের গুরুত্বকে সামনে রেখে কাজ বেছে নিচ্ছেন তিনি। হয়তো তাই মেহজাবীনের ক্ষেত্রে ব্যস্ততার হিসাবটা বদলেছে, কিন্তু অভিনয়ের গল্পটা এখনও শেষ হয়নি। দর্শকের অপেক্ষা এখন, কবে নতুন কোনো চরিত্র হয়ে পর্দায় ফিরবেন প্রিয় ‘মেহু’।

 


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা