× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাঁচ তারকার খলনায়ক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬ ১২:০৪ পিএম

পাঁচ তারকার খলনায়ক

দেশের চলচ্চিত্রে একের পর এক নতুন গল্প, জুটি ও নির্মাতার আগমন দর্শকের আগ্রহ বাড়িয়ে দিচ্ছে। এর মধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি পোস্টার নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ‘রিউমার্ড কাস্ট অব ’খলনায়ক’ শিরোনামের ওই পোস্টারে দেখা গেছে দেশের জনপ্রিয় পাঁচ অভিনয়শিল্পীÑ আফরান নিশো, চঞ্চল চৌধুরী, মেহজাবীন চৌধুরী, তমা মির্জা ও কলকাতার অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। তবে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি।

এই তালিকায় আফরান নিশোর নাম থাকায় কৌতূহলটা আরও বেড়েছে বলেই মনে করছেন দর্শক। বড়পর্দায় ‘সুড়ঙ্গ’ দিয়ে অভিষেকের পর দর্শকের নজর কাড়েন তিনি। এরপর শিহাব শাহীনের ‘দাগি’তে অভিনয় করেন। চলতি বছর রেদওয়ান রনির ‘দম’ সিনেমায়ও দেখা গেছে তাকে। একই সঙ্গে ‘সুড়ঙ্গ ২’ নিয়েও দর্শকের আগ্রহ রয়েছে।

জানা গেছে, নিশোর সঙ্গে জুটি বাঁধতে পারেন তমা মির্জা। ‘সুড়ঙ্গ’ ও ‘দাগি’র পর নিশো-তমা জুটিকে ঘিরে নতুন কাজের খবর আগেও আলোচনায় এসেছে। সম্প্রতি তমা জানিয়েছেন, অভিনয়ের পাশাপাশি একটি বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাজ করছেন তিনি। তবে অভিনয় ছাড়ার পরিকল্পনা নেই তার। বরং নতুন সিনেমার কাজও সামনে রয়েছে। ‘খলনায়ক’ নামে ভিকি জাহেদের একটি সিনেমায় নিশো-তমার জুটি হওয়ার খবর একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত হলেও নির্মাতা নিজে এ নিয়ে এখনও কোনো কিছুই জানাননি।

এদিকে চঞ্চল চৌধুরীও বর্তমানে দেশ ও কলকাতার চলচ্চিত্রে ব্যস্ত। চলতি বছর তানিম নূরের ‘বনলতা এক্সপ্রেস’-এ অভিনয় করেছেন তিনি। পাশাপাশি ব্রাত্য বসুর ‘শেকড়’ ও সুমন মুখোপাধ্যায়ের ‘আজাদি’ সিনেমার কাজ শেষ করেছেন। এরপর টালিউডের ‘চালচিত্র’ ফ্র্যাঞ্চাইজির প্রিকুয়েলেও যুক্ত হয়েছেন এই অভিনেতা। 

মেহজাবীন চৌধুরীকেও সম্প্রতি ভিন্ন ধরনের চরিত্রে দেখা গেছে। শিহাব শাহীনের ‘ক্যাকটাস’ ওয়েব সিরিজে প্রীতম হাসানের সঙ্গে অভিনয় করেছেন তিনি। জানা গেছে এই সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে পারেন মেহজাবীন।

অন্যদিকে কলকাতার অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারও সাম্প্রতিক সময়ে একাধিক কাজে আলোচনায় রয়েছেন। ‘তারকাটা’ ওয়েব সিরিজে অভিনয়ের পর শমীক রায়চৌধুরীর ‘মায়া সত্য ভ্রম’ সিনেমায় দেখা গেছে তাকে। এদিকে বাংলাদেশি এই তারকাদের সঙ্গে খলনায়ক নামের এই সিনেমায় অভিনয় করবেন বলে গুঞ্জন উঠেছে সিনে পাড়ায়।

পাঁচ তারকার এমন একটি সম্ভাব্য তালিকা স্বাভাবিকভাবেই দর্শকের কৌতূহল বাড়িয়েছে। বিশেষ করে নিশো, চঞ্চল, মেহজাবীন ও তমার মতো জনপ্রিয় অভিনয়শিল্পীদের একই সিনেমার আলোচনায় আসা নতুন প্রত্যাশা তৈরি করেছে। তবে পোস্টারে নাম থাকলেও কারা শেষ পর্যন্ত ‘খলনায়ক’-এর অংশ হচ্ছেন, সেটিই এখন দেখার বিষয়। আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত তাই এটিকে সম্ভাব্য কাস্টের গুঞ্জন হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা