প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬ ১২:০০ পিএম
বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্বের লড়াইয়ে এবার জমা পড়েছে পাঁচটি সিনেমা। ৯৯তম একাডেমি অ্যাওয়ার্ডসের আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে দেশের হয়ে প্রতিদ্বন্দ্বিতার জন্য নির্ধারিত সময়ের মধ্যে সিনেমাগুলো জমা দিয়েছেন সংশ্লিষ্ট নির্মাতা ও প্রযোজকরা। বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে অস্কার বাংলাদেশ কমিটি।
এবার জমা পড়া সিনেমাগুলো হলোÑ রেদওয়ান রনি পরিচালিত ‘দম’, মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘রইদ’, মনিরুল আকাশ হক পরিচালিত ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’, মোহাম্মদ তাওকীর ইসলাম পরিচালিত ‘দেলুপী’ এবং নূরুল আলম আতিক পরিচালিত ‘মানুষের বাগান’।
সিনেমাগুলোর চূড়ান্ত মূল্যায়ন ও বাছাইয়ের জন্য বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের সভাপতি ডা. জহিরুল ইসলাম কচিকে চেয়ারপারসন করে সাত সদস্যের অস্কার বাংলাদেশ কমিটি গঠন করা হয়েছে। কমিটিটি ইতোমধ্যে অস্কার কর্তৃপক্ষের আনুষ্ঠানিক অনুমোদনও পেয়েছে।
নির্ধারিত নীতিমালা ও মূল্যায়ন প্রক্রিয়া অনুসরণ করে কমিটির সদস্যরা জমা পড়া পাঁচটি সিনেমা দেখবেন ও পর্যালোচনা করবেন। এরপর যৌথ আলোচনা ও মূল্যায়নের ভিত্তিতে একটি সিনেমাকে অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্বের জন্য চূড়ান্ত করা হবে।
সব প্রক্রিয়া শেষে আগামী ২৭ সেপ্টেম্বর বাংলাদেশের পক্ষ থেকে অস্কারে জমা দেওয়ার জন্য নির্বাচিত সিনেমার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। অস্কার বাংলাদেশ কমিটিকে সার্বিক সহযোগিতা করছে বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ।