× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আলাপন

গানেই আমার পরিচয়

মাহমুদা বিশ্বাস

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬ ১৩:৩৬ পিএম

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৬ ১২:১০ পিএম

গানেই আমার পরিচয়

‘পথিক নবী’ নামটির সঙ্গে জড়িয়ে আছে দীর্ঘ সংগীতযাত্রা, সাধনা ও শ্রোতাদের ভালোবাসা। অনিশ্চিত গন্তব্যের পথে হাঁটতে হাঁটতেই গানকে জীবনের সাধনা, অবলম্বন ও মানুষের কাছে পৌঁছানোর মাধ্যম করে নিয়েছেন তিনি। এই পথচলা, গান ও নিজের দর্শন নিয়ে তার সঙ্গে আলাপ করেছেন মাহমুদা বিশ্বাস…

‘পথিক নবী’ নামটি শ্রোতাদের কাছে আবেগের। আপনার নিজের কাছে এই নামের কী পরিচয় বহন করে? 

খুবই মিষ্টি প্রশ্নÑ শুরু থেকেই বলি, এটা ১৯৮৭ সালের গল্প। গ্রাম থেকে যখন ঢাকায় আসলাম, ভবিষ্যৎ কি জানি না। গান গাইতে চাই বা ছবি আঁকতে চাই, এখানে কোনো কিছুই সহজ ছিল না। স্বাভাবিক জীবনযাপন করা এটা তো আমার সম্ভব হয়নি কখনই। যে পথের কোনো মানে নেই, কোনো সঠিক গন্তব্য আছে কি না, তাও জানি না। কিন্তু আমার কার্যক্রমটা হচ্ছে এই পথ দিয়েই আমার কাজ আমাকে করে যেতে হবে। নির্দিষ্ট দিন পর পর একটা করে নতুন গান গেয়ে যাবÑ এই আমার কাজ, পরিভ্রমণ। আমি তো আর অন্য কোনো কিছু পারি না, খুব একটা ভালো করে। তখন আমি চিন্তা করলাম যে, আমাকে এই সিলসিলার পথে হাঁটতেই হবে, এটাই আমার একমাত্র সত্য। সফল হব না ব্যর্থ হব তাও জানি না, তা নিয়ে আমার কোনো ভাবনা ছিল না। 

এখন আসি মেইন পয়েন্টে, আমার নাম আসলে আবুল খায়ের মোহাম্মদ নূরুন্নবী। অনেকেই, বন্ধু-বান্ধবরা সংক্ষেপে ‘নবী’ ডাকত। একদিন চিন্তা করলাম যে আমাকে সবাই নবী বলে, এই নবীর পরিচয় কি? নবীর পরিচয় তো কঠিন। কারণ একাডেমিক যে ব্যাপারগুলো সেগুলো তো আমার ছিল না। টেনেটুনে গ্র্যাজুয়েশন করেছি। কিন্তু গানের জগতে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে অ্যাকাডেমিকভাবে শিখতে পারি নাই। আমি যে বলব, এই যে এটাই আমার পরিচয়, এটাই আমার দক্ষতা, এটাই আমার যোগ্যতাÑ এ রকম বলার মতো কিছুই ছিল না আমার। গান গাইতে গাইতে গায়ক হয়ে ওঠা। শুরুতে, এই গায়ক হয়ে ওঠার আগেই যখন আমি সিদ্ধান্ত নিলাম যে আমার জীবনযাপন তো এ রকমই হবে, এই সুযোগেই আমাকে কষ্ট করে, গানের সঙ্গেই প্রতিষ্ঠিত করতে হবে। তো সবাই যেহেতু আমাকে নবী ডাকে তখন নিজেই নিজের নাম দিলাম ‘পথিক’। আমি তাহলে ‘পথিক নবী’। সেই যে তখন থেকে যাত্রা শুরু হলো। তখন থেকেই আমি ‘পথিক নবী’ বলে নিজেকে পরিচয় দেওয়া শুরু করলাম। দর্শক কীভাবে দেখে তা জানি না। আমার মনে হয় প্রত্যেকটা মানুষই একটা পথিক।

গান আপনার কাছে কি?

অবশ্যই গান আমার কাছে সাধনা। গান শুধু গাওয়ার জন্য গাওয়া হয় না। গান গাওয়ার পাশাপাশি গানের সাথে জীবনযাপন, জীবনের চিন্তাভাবনাগুলোÑ যা অনুভব করছি, বলছি। যা আমার দর্শনে ধরার ইচ্ছে বা যেটাকে আমি মহৎ বলে ভাবছি, দায়িত্ব বলে মনে করছি, সেই জায়গাটাই আসলে গান গাওয়া। এটা যেন শুদ্ধ জীবনের মতো, গানের সঙ্গে কোনো মিথ্যা থাকবে না। গানকে ভালোবেসে, মানুষের জন্য, মানুষকে ভালোবেসে গান গাইতে হবে। 

অবশ্যই গান একটা আনন্দের বিষয়। গান আমার শিক্ষা, চিকিৎসা, গান আমার জীবনযাপনের অবলম্বন। অন্তঃস্থান, গীতের জায়গা, গান আমার ঐশ্বরিক অনুভূতির একটা মাধ্যম। গানের মাধ্যমেই আমার প্রার্থনার অনুভূতি ও কার্যক্রম করি। কতটুকু সফল হয়েছি সেটা আল্লাহ পাক জানেন। কিন্তু আমি যখন গান করি, তখন মনে করি যে অন্তর থেকেই ভালোবেসে গান করি। নিঃশ্বাস-প্রশ্বাস দিয়ে আল্লাহ পাকের সাথেও আমার অনুভূতি আমি নিজেকে প্রতিষ্ঠা করি, গানের মাধ্যমে। গান তো অবশ্যই দায়িত্বের জায়গা, কর্তব্যের বিষয়, সচেতনতার বিষয়, গান অবশ্যই আদর্শ-দর্শন, গানের তাগিদ প্রচুর, তা বলে শেষ করা যাবে না।

সংগীতজীবনে সবচেয়ে বড় প্রাপ্তি কি?

জনপ্রিয়তা, সম্মান, শ্রোতাদের ভালোবাসাÑ এই প্রতিটা জিনিসই পেয়েছি এবং শুকরিয়ার জায়গা বলে মনে করি। আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া যে আমি গান করছি, আমার গান মানুষ শোনে, ভালোবাসে এবং আমাকেও ভালোবাসে।

আর আমিও তো সব মানুষকে খুশি করে বা মিলিয়ে চলতে পারব না। এত বড় ধারণক্ষমতা বা বহনযোগ্যতা নেই আমার। তবে যখন যে মুহূর্তে বা যাদের সঙ্গে আমার পরিচয় থাকে, যাদের সঙ্গে চলতে থাকি কাজে বা কর্মে যেকোনো অবস্থান থেকে, আমার প্রতিবেশী মানুষটাকে আমি অন্তর থেকে অনুভব করি। আমার মনে হয়, আমার গান পছন্দ করার এবং আমাকে ভালোবাসার একটা কারণ আছে। সেটা হচ্ছে, যে আমাকে যে সম্মানটা দেয়, যে ভালোবাসাটা দেয়, আমি আমার দিকে তাকাই, এবং যে জায়গা থেকে আমি আমাকে অনুভব করি, অন্য মানুষকেও আমি একইভাবে অনুভব করি। সম্মান প্রকাশ করতে থাকি। আর সে কারণেই হয়তো মানুষ আমার গান ভালোবাসেন এবং আমাকে ভালোবাসেন। 

মানুষ শুনছে বলেই আমার গানগুলো জনপ্রিয়। আমি তো যতটুকু পেরেছি আমার ভেতর থেকে নিংড়িয়ে দিয়েছি। কিন্তু আমাকে তো একদম গভীরভাবে মানুষ নেয়। অনেক সময় দেখা যায় আমার গানের অর্থ আমি যেভাবে চিন্তা করি না বা জানি না, আমার ভক্তরা সেই কথাগুলো বলছেন। তখন অনুভূতিটা অন্যভাবে কাজ করে। মনে শক্তি প্রকাশ পায়। বর্তমানে গানের বা সুরের শক্তি, শিল্প, শ্রোতা, সময়, সোশ্যাল মিডিয়ার ভেতরেই। গানের মাধুর্য শিল্পের সৃষ্টির সার্থকতা। আমার গান মানুষের ভালো লাগেÑ এটাই তো আমার পরম প্রাপ্তি। এটাই তো আমার জীবনের সবচেয়ে বড় পুরস্কার।

আপনার সংগীতজীবনকে একটি গানের নামে প্রকাশ করতে বলা হলে, কোন গানটি বেছে নেবেন এবং কেন?

এই মুহূর্তে বলা কঠিন, একটু চিন্তাভাবনা করে বলতে হবে। যেহেতু আমার জীবনটাই গানের ভেতর দিয়ে কেটেছে এবং ভবিষ্যতেও কাটবে। একটা মানুষকে আপনি কীভাবে মূল্যায়ন করবেন। শিল্প হিসেবে দেখবেন! একজন শিল্পী হিসেবে দেখবেন? পারিবারিক পরিবেশ, প্রাকৃতিক, সামাজিকভাবে দেখবেন? গান তো আমার জীবনের সাথে জড়িয়ে আছে। একজন গানের মানুষের জীবনের ভেতরে তো অনেকগুলো সত্তা থাকে। একটা শিল্পী মানে তার ব্যাপ্তি অনেক রকম। তাই এই কঠিন প্রশ্নের উত্তর দেওয়াই আসলে কঠিন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা