প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৪৬ এএম
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৪৯ এএম
সুব্বুলক্ষ্মী ও রাশমিকা মান্দানা
ভারতীয় শাস্ত্রীয় সংগীতের কিংবদন্তি শিল্পী ও ‘ভারতরত্ন’ এমএস সুব্বুলক্ষ্মীর বর্ণাঢ্য জীবন এবার উঠে আসছে বড়পর্দায়। তাকে নিয়ে নির্মিত হতে যাওয়া বায়োপিকে নাম ভূমিকায় অভিনয় করছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। সিনেমাটি পরিচালনা করছেন ‘জার্সি’ খ্যাত নির্মাতা গৌতম তিনানুরী।
সুব্বুলক্ষ্মীর ১১০তম জন্মবার্ষিকী উপলক্ষে গত বুধবার চেন্নাইয়ের ঐতিহাসিক মিউজিক একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে সিনেমাটির শুভ মহরৎ। আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ষীয়ান অভিনেতা কমল হাসন। এ সময় সুব্বুলক্ষ্মীর পরিবারের সদস্যদের পাশাপাশি কর্ণাটকী সংগীতের খ্যাতনামা শিল্পী ও চলচ্চিত্র অঙ্গনের তারকারাও উপস্থিত ছিলেন।
সুব্বুলক্ষ্মীর জীবনকে পর্দায় তুলে ধরার জন্য দীর্ঘ সময় ধরে গবেষণা ও প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পরিচালক গৌতম তিনানুরী। তার ভাষ্য, সুব্বুলক্ষ্মী শুধু একজন অসাধারণ সংগীতশিল্পীই ছিলেন না, বড় স্বপ্ন পূরণের পথে বহু ত্যাগ স্বীকার করা একজন সংগ্রামী নারীও ছিলেন। বর্তমান সময়ে সামাজিক মাধ্যমের কারণে দ্রুত পরিচিতি পাওয়ার প্রবণতার বিপরীতে তার দীর্ঘ সাধনা, ধৈর্য ও নিষ্ঠার গল্প নতুন প্রজন্মের সামনে তুলে ধরাই সিনেমাটির অন্যতম উদ্দেশ্য।
সিনেমাটির প্রযোজক রকলাইন ভেঙ্কটেশ জানান, বায়োপিকটি নির্মাণের পেছনে প্রায় সাত থেকে আট বছর ধরে গবেষণা ও প্রস্তুতি নেওয়া হয়েছে। দীর্ঘ যাচাই-বাছাই ও আলোচনার পর সুব্বুলক্ষ্মীর চরিত্রের জন্য রাশমিকাকে চূড়ান্ত করা হয়।
এমন ঐতিহাসিক চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত রাশমিকাও। নিজের অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, ‘এই মঞ্চে দাঁড়িয়ে মনে হচ্ছে যেন আমি ঈশ্বরের সামনে দাঁড়িয়ে আছি।’ চরিত্রটির জন্য নিজের সর্বস্ব দিয়ে কাজ করার প্রত্যয়ও জানিয়েছেন তিনি। দর্শকের মনে দাগ কাটার মতো একটি কাজ উপহার দিতে চান এই অভিনেত্রী।
প্রায় ২৫টি সফল সিনেমা প্রযোজনার পর এই বায়োপিকের সঙ্গে যুক্ত হতে পেরে গর্বিত প্রযোজক বানি বাসও। সব মিলিয়ে ভারতীয় সংগীতের এই কিংবদন্তিকে ঘিরে নির্মিতব্য সিনেমাটি নিয়ে এরই মধ্যে দর্শকের আগ্রহ তৈরি হয়েছে।