প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৪৩ এএম
চঞ্চল চৌধুরী ও আফরান নিশো
বাংলাদেশের অভিনয় জগতে আলাদা অবস্থান তৈরি করেছেন আফরান নিশো ও চঞ্চল চৌধুরী। ছোটপর্দা থেকে বড়পর্দা দুজনেরই অভিনয়দক্ষতা ও বৈচিত্র্যময় চরিত্রে উপস্থিতি দর্শকের কাছে তাদের জনপ্রিয়তা বাড়িয়েছে। দীর্ঘ ক্যারিয়ারে নানা ধরনের চরিত্রে অভিনয় করে নিজেদের শক্ত অবস্থান তৈরি করেছেন তারা। এবার বড়পর্দায় আবারও একসঙ্গে দেখা যাবে এই দুই অভিনেতাকে। ভিকি জাহেদের নির্মাণে নতুন সিনেমা ‘খলনায়ক’-এ অভিনয় করছেন আফরান নিশো ও চঞ্চল চৌধুরী।
নির্মাতার সঙ্গে নিশোর দীর্ঘদিনের কাজের সম্পর্ক। নাটক ও ওয়েব কনটেন্টে ভিকি জাহেদের সঙ্গে একাধিকবার কাজ করেছেন তিনি। ‘রেডরাম’-এর মতো আলোচিত কাজেও নিশোকে দেখা গেছে। এবার সেই পরিচিত নির্মাতার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে যুক্ত হয়েছেন অভিনেতা। বর্তমানে কলকাতায় চলছে সিনেমাটির শুটিং।
অন্যদিকে চঞ্চল চৌধুরীর সঙ্গে আফরান নিশোর একসঙ্গে কাজের অভিজ্ঞতাও রয়েছে। ২০২৩ সালে একটি বিজ্ঞাপনচিত্রে চঞ্চল, নিশো ও মোশাররফ করিমকে একসঙ্গে দেখা গিয়েছিল। পরে বড়পর্দায় তাদের একসঙ্গে আনার পরিকল্পনাও আলোচনায় আসে। সেই ধারাবাহিকতায় রেদওয়ান রনির ‘দম’ সিনেমায় প্রথমবারের মতো বড় পর্দায় একসঙ্গে অভিনয় করেন তারা। সিনেমাটিতে দুজনের পাশাপাশি অভিনয়ের বিষয়টি নির্মাতা নিজেই নিশ্চিত করেছিলেন।
এবার ‘খলনায়ক’-এ তাদের উপস্থিতি নিয়ে দর্শকের আগ্রহ তৈরি হয়েছে। ভিকি জাহেদের পরিচালনায় এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। সিনেমাটির গল্প, নিশো ও চঞ্চলের চরিত্র কিংবা মুক্তির তারিখ নিয়ে এখনও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। তবে কলকাতায় শুটিং শুরু হওয়ায় নতুন এই কাজ নিয়ে আলোচনা তৈরি হয়েছে।
এদিকে সিনেমাটিতে টালিউডের জনপ্রিয় এক অভিনেত্রীও থাকছেন বলে জানা গেছে। তবে এখনও তার নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। ফলে নিশো-চঞ্চলের পাশাপাশি সেই অভিনেত্রী কেÑ তা নিয়েও দর্শকের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। সিনেমাটি প্রযোজনা করছে আলফা আই। সামনে নির্মাতার পক্ষ থেকে ‘খলনায়ক’ নিয়ে আরও তথ্য প্রকাশ হতে পারে।