প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ১৩:৪৬ পিএম
ছোট পর্দার পরিচিত মুখ সাফা কবির। মিষ্টি হাসি, সাবলীল অভিনয় আর চরিত্রের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার দক্ষতায় এক যুগের বেশি সময় ধরে দর্শকের ভালোবাসা ধরে রেখেছেন এই অভিনেত্রী। শোবিজে পথচলার শুরু থেকেই নাটকে নিয়মিত অভিনয় করে নিজের আলাদা অবস্থান তৈরি করেছেন তিনি। সময়ের সঙ্গে কাজের পরিধি বেড়েছে, এসেছে নানা ধরনের চরিত্র। অভিনয়ের পাশাপাশি নিজের ব্যক্তিত্ব ও কাজের প্রতি যত্নশীলতার কারণেও দর্শকের কাছে তৈরি হয়েছে আলাদা গ্রহণযোগ্যতা।
তবে সময়ের সঙ্গে সাফার কাজের ধরনেও এসেছে পরিবর্তন। একটা সময় নিয়মিত নাটকে দেখা গেলেও এখন তুলনামূলক কম কাজ করছেন তিনি। অবশ্য কাজ কমলেও অভিনয় থেকে সরে যাননি; বরং বেছে বেছে কাজ করছেন। সর্বশেষ কোরবানির ঈদে একাধিক নাটকে দেখা গেছে তাকে। উৎসবের আয়োজনের এসব কাজ দর্শক মহলেও প্রশংসিত হয়েছিল। এরপর অবশ্য নতুন কোনো কাজ নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি। এর মধ্যে কিছুদিন আগে যুক্তরাষ্ট্র সফরেও গিয়েছিলেন এই অভিনেত্রী। দেশে ফিরলেও শুটিংয়ে ফেরার কোনো খবর এখনও প্রকাশ্যে আসেনি। ফলে সাফাকে ঘিরে দর্শকের কৌতূহলও বাড়ছেÑ কেন অভিনয় থেকে দূরে সাফা? কবে ফিরছেন নতুন কাজে?
এর মধ্যেই সাফার ক্যারিয়ারে যোগ হয়েছে বিশেষ এক স্বীকৃতি। নারী হিসেবে তার সাফল্যময় পথচলার স্বীকৃতি হিসেবে এবার তিনি পেয়েছেন ‘সম্পূর্ণা পুরস্কার ২০২৬’। গত বুধবার পুরস্কার গ্রহণের পর নিজের অনুভূতি প্রকাশের পাশাপাশি অন্য নারীদেরও নিজ নিজ ক্ষেত্রে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় সাফা লিখেছেন, ‘প্রতিটি নারীকে আজ শুধু একটা কথাই বলতে চাইÑ তুমি যথেষ্ট। তুমি নিজেই সম্পূর্ণ। নিজের শক্তিকে চিনে নাও, নিজের জায়গা তৈরি করো, আর নিজের পৃথিবীটা জয় করো।’
এই স্বীকৃতি পাওয়ার পর আয়োজকদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন সাফা। তিনি লিখেছেন, ‘প্রতিটি স্বীকৃতিই আমার কাছে বিশেষ, কারণ এগুলো আমাকে আরও পরিশ্রম করতে এবং সামনে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে।’ তার এই বক্তব্যে যেমন ফোটে ওঠে স্বীকৃতির আনন্দ, তেমনি সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয়ের কথাও।
এক যুগের বেশি অভিনয়জীবনে সাফা কবিরের কাজের সংখ্যা কম নয়। তবে সাম্প্রতিক সময়ে নিয়মিত কাজের বদলে বেছে বেছে অভিনয় করাই যেন তার কাছে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ফলে ঈদের পর নতুন কোনো কাজে তাকে না দেখা গেলেও এটিকে অভিনয় থেকে দূরে সরে যাওয়া হিসেবে দেখার সুযোগ নেই। বরং নিজের সময়, পছন্দ ও চরিত্রের গুরুত্ব বিবেচনা করেই এগোচ্ছেন তিনি।
এখন অপেক্ষা নতুন কাজের ঘোষণার। সম্প্রতি যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সাফা। নতুন কোনো কাজ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা না এলেও ভক্ত-দর্শকের আগ্রহ কমেনি। বরং সাম্প্রতিক স্বীকৃতি ও তার নিজের কথায় সামনে এগিয়ে যাওয়ার যে প্রত্যয় ব্যক্ত উঠেছে, তাতে নতুন কোনো চমক নিয়ে ফেরার অপেক্ষাই তৈরি হয়েছে। পর্দায় আবার কবে দেখা যাবে সাফাকেÑ এখন সেটিই দর্শকের কৌতূহলের বিষয়।