প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬ ০৯:২২ এএম
নুসরাত ফারিয়া ও নির্মাতা রায়হান খান
একটি চরিত্র পছন্দ হওয়া, অভিনয়ের জন্য প্রস্তুতি নেওয়াÑ সবই ছিল। তবে শেষ পর্যন্ত শিডিউল জটিলতার কারণে থেমে গেল নুসরাত ফারিয়ার ‘ট্রাইব্যুনাল’ যাত্রা। নির্মাতা রায়হান খানের আলোচিত সিনেমাটিতে আইনজীবীর চরিত্রে অভিনয়ের কথা ছিল তার।
কিন্তু শুটিংয়ের অনিশ্চয়তাসহ কয়েকটি কারণে সিনেমাটি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন এই অভিনেত্রী। গত সোমবার বিষয়টি নিশ্চিত করেন ফারিয়া। যদিও তার সরে দাঁড়ানোর খবর এখনও জানেন না বলে জানিয়েছেন নির্মাতা।
চট্টগ্রামে এক গৃহবধূকে আগুনে পুড়িয়ে হত্যার চাঞ্চল্যকর সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হচ্ছে ‘ট্রাইব্যুনাল’। গত বছরের ৯ ডিসেম্বর ক্যারিয়ারের দুই যুগ পূর্তি উপলক্ষে সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা দেন রায়হান খান। সে সময় কোনো এক ঈদে সিনেমাটি মুক্তির পরিকল্পনার কথাও জানিয়েছিলেন তিনি। তবে এখনও ফারিয়ার অংশসহ সিনেমাটির বেশকিছু কাজ বাকি।
সিনেমা থেকে সরে আসার বিষয়ে ফারিয়া বলেন, ‘ক্রিটিক্যাল কোনো কারণ নেই। এই সিনেমার চরিত্রটি আমার খুব পছন্দের ছিল। অভিনয়ের জন্য এক্সাইটেড ছিলাম। কিন্তু শুটিং নিয়ে অনিশ্চয়তার কারণে শিডিউল জটিলতাসহ আরও কয়েকটি বিষয়ে আমাদের ব্যাটে বলে মিলছিল না। তাই সরে আসা।’
তবে ফারিয়ার সিদ্ধান্তের বিষয়ে তার সঙ্গে কোনো কথা হয়নি বলে জানিয়েছেন রায়হান খান। একটি গণমাধ্যমকে তিনি বলেন, ‘ট্রাইব্যুনাল সিনেমা না করার বিষয়ে ফারিয়ার সঙ্গে আমার কোনো কথা হয়নি। আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক কোনোভাবেই আমাকে কিছু জানায়নি। তাই এ নিয়ে কোনো কথা বলতে পারব না।’
এদিকে সিনেমাটির অন্য দুই অভিনেত্রী তানিয়া বৃষ্টি ও মৌসুমী হামিদও আপাতত শুটিংয়ের জন্য প্রস্তুত নন। অসুস্থতার কারণে তানিয়া বৃষ্টি চিকিৎসাধীন, অন্যদিকে প্রথমবার মা হওয়ার অপেক্ষায় আছেন মৌসুমী হামিদ। তাদের জন্য অপেক্ষা করছেন নির্মাতা। বাজেটসহ নানা জটিলতা কাটিয়ে চলতি বছরের শেষ দিকে শুটিং শুরুর আশা করছেন রায়হান খান।