প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬ ০৯:১৭ এএম
শাহরুখ খানের ‘কিং’ নিয়ে দর্শকদের অপেক্ষার যেন শেষ নেই। সিনেমাটির মুক্তির তারিখ ঘিরে সম্প্রতি নানা জল্পনা ছড়িয়েছিল। নির্ধারিত সময়ের চেয়ে ছবি মুক্তি পিছিয়ে যেতে পারেÑ এমন খবরে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন শাহরুখ-ভক্তরা। তবে সব গুঞ্জনে ইতি টেনে এবার নিজেই সিনেমাটির মুক্তির তারিখ নিশ্চিত করেছেন বলিউড বাদশা।
সম্প্রতি সামাজিক মাধ্যমে ভক্তদের সঙ্গে ‘আস্ক মি এনিথিং’ সেশনে অংশ নেন শাহরুখ খান। সেখানে এক ভক্ত জানতে চান, ‘কিং’ মুক্তির তারিখ সত্যিই পিছিয়ে যাচ্ছে কি না। জবাবে শাহরুখ স্পষ্ট জানান, মুক্তির সূচিতে কোনো পরিবর্তন হয়নি। পূর্বঘোষণা অনুযায়ী আগামী ২৪ ডিসেম্বরই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।
এদিকে ‘কিং’ নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে থাকলেও এখনও সিনেমাটির টিজার, ট্রেলার বা অফিসিয়াল পোস্টার প্রকাশ করা হয়নি। ফলে ভক্তদের অপেক্ষাও বাড়ছে। এক ভক্ত ট্রেলারসহ সিনেমাটির নতুন আপডেট জানতে চাইলে শাহরুখ জানান, দর্শকদের আর বেশি দিন অপেক্ষা করতে হবে না। ২৪ ডিসেম্বর মুক্তির আগে ধাপে ধাপে সিনেমাটির বিভিন্ন ঝলক প্রকাশ করা হবে।
সিনেমাটির শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে শাহরুখ বলেন, কাজটি সহজ ছিল না। শুটিংয়ের সময় কয়েকবার গুরুতর চোট পাওয়ায় কাজ থামিয়ে দিতে হয়েছিল। তবে এখন তিনি সুস্থ এবং সিনেমাটির বড় অংশের শুটিং শেষ হয়েছে।
‘ডাঙ্কি’-এর পর ‘কিং’ সিনেমায় আবারও অ্যাকশন অবতারে ফিরছেন শাহরুখ। এতে প্রথমবার বাবা-মেয়ে চরিত্রে দেখা যাবে শাহরুখ ও সুহানা খানকে। গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অভিষেক বচ্চন ও রানী মুখোপাধ্যায়।