প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬ ০৯:১৬ এএম
মিষ্টি ও সুরেলা কণ্ঠে শ্রোতাদের মনে আলাদা জায়গা করে নিয়েছেন সানিয়া সুলতানা লিজা। পেশাগত সংগীতজীবনের শুরুতে ‘ভুল করে যদি কখনও’ গান দিয়ে যে পরিচিতি পেয়েছিলেন, সময়ের সঙ্গে তা আরও বিস্তৃত হয়েছে। এরপর একের পর এক মৌলিক গান উপহার দেওয়ার পাশাপাশি স্টেজ শোতেও ব্যস্ত সময় পার করছেন এই সংগীতশিল্পী। বিশেষ করে নারী শিল্পীদের মধ্যে স্টেজ শোতে লিজার ব্যস্ততা উল্লেখ করার মতো।
গানের পাশাপাশি নিজের উপস্থাপন নিয়েও সচেতন লিজা। টিভি অনুষ্ঠান, স্টেজ শো কিংবা কোনো আয়োজনে নিজেকে সুন্দরভাবে উপস্থাপনে তার থাকে বিশেষ নজর। তবে সবকিছুর ঊর্ধ্বে লিজার সবচেয়ে বড় স্বাচ্ছন্দ্য সংগীতকে ঘিরেই। সুযোগ পেলেই গান নিয়ে থাকতে ভালোবাসেন তিনি।
লিজার কণ্ঠে সর্বশেষ প্রকাশিত মৌলিক গান ‘তুমি বিহন’। জিসান খান শুভর লেখা ও সুরে মেলোডিয়াস ও রোমান্টিক ঘরানার গানটি শ্রোতাদের মাঝে সাড়া ফেলেছে। এর আগে প্রকাশিত হয়েছে ‘তোমার রোদেলা আকাশে’। লালন লোহানীর কথায় গানটির সুর করেছেন নাজির মাহমুদ। এতে লিজার সহশিল্পী অনিক সূত্রধর। মিষ্টি-রোমান্টিক ঘরানার গানটিও শ্রোতাদের কাছে প্রশংসিত হয়েছে।
নিজের সংগীতচর্চা ও সাম্প্রতিক গান প্রসঙ্গে লিজা বলেন, আমার কিন্তু সব সময় গানের মাঝেই ডুবে থাকতে ভালো লাগে। সেটা হোক স্টেজ শো, হোক টিভি শো কিংবা বেতার, হোক গল্প আড্ডায় গানে গানে মেতে থাকা। আমার তো পরিচয় একজন শিল্পী হিসেবে। যে কারণে আমার ভালো লাগা, স্বাচ্ছন্দ্য গানকে ঘিরেই। এরই মধ্যে আমার কণ্ঠে প্রকাশিত পরপর দুটি মৌলিক গান ‘তুমি বিহন’ এবং ‘তোমার রোদেলা আকাশে’-এর জন্য বেশ ভালো সাড়া পেয়েছি।
লিজা আরও বলেন, আমি কিন্তু বছরজুড়ে স্টেজ শোও করি আর চেষ্টাও করি একটার পর একটা মৌলিক গান প্রকাশ করতে। যদিও সিনেমায় আমার গান খুব কম। কিন্তু এটা নিয়ে আমার কোনো আফসোস নেই। আমার যা কিছু আছে, তাই নিয়ে আলহামদুলিল্লাহ সন্তুষ্ট আমি।