প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১২:৩২ পিএম
বলিউডে চরিত্রের বৈচিত্র্য আর অভিনয়ের পরীক্ষানিরীক্ষায় বরাবরই আলাদা জায়গা করে নিয়েছেন আমির খান। কখনও ‘মিস্টার পারফেকশনিস্ট’, কখনও আবার একেবারে অচেনা অবয়বে পর্দায় হাজির হয়ে দর্শকদের চমকে দিয়েছেন তিনি। এবার সেই তালিকায় যুক্ত হতে পারে আরও বড় এক চমকÑ সুপারহিরো চরিত্র।
প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা ও নির্মাতা আর বাল্কির পরিকল্পনায় তৈরি হতে যাওয়া একটি নতুন সুপারহিরো সিনেমায় প্রধান চরিত্রে আমির খানকে দেখা যেতে পারে। এ নিয়ে অভিনেতার সঙ্গে প্রাথমিক পর্যায়ে আলোচনা চলছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমের একাধিক প্রতিবেদন।
‘বলিউড হাঙ্গামা’-এর প্রতিবেদন অনুযায়ী, সিনেমাটির প্রস্তাব ইতিবাচকভাবেই নিয়েছেন আমির। তবে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো চুক্তিতে সই করেননি তিনি। প্রকল্পটি এখনও রয়েছে ভাবনা ও পরিকল্পনার পর্যায়ে। গল্প, চিত্রনাট্য এবং মূল চরিত্রের কাঠামো তৈরির কাজ চলছে।
সিনেমাটি বড় বাজেটের হওয়ায় নির্মাতারা শুরু থেকেই সময় নিয়ে এগোতে চাইছেন। আগামী কয়েক মাস গল্প ও চিত্রনাট্য চূড়ান্ত করার পাশাপাশি আমিরের চরিত্রের লুক, শারীরিক অবয়ব ও পর্দায় তার উপস্থাপন কেমন হবেÑ এসব নিয়েও বিস্তারিত পরিকল্পনা করা হবে। চিত্রনাট্য পুরোপুরি প্রস্তুত হওয়ার পরই সিনেমাটিতে অভিনয়ের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন আমির।
প্রকল্পটি বাস্তবে রূপ নিলে সাজিদ নাদিয়াদওয়ালা ও আর বাল্কিÑ দুজনের সঙ্গেই আমির খানের এটিই হবে প্রথম কাজ। সাজিদের সঙ্গে আমিরের দীর্ঘদিনের বন্ধুত্ব থাকলেও পেশাগতভাবে এখনও একসঙ্গে কাজ করা হয়নি তাদের।
অন্যদিকে নির্মাতা আর বাল্কি বরাবরই গতানুগতিক গল্পের বাইরে গিয়ে সিনেমা নির্মাণে আগ্রহী। ‘চিনি কম’, ‘পা’, ‘কী অ্যান্ড কা’, ‘প্যাড ম্যান’ এবং ‘চুপ : রিভেঞ্জ অব দ্য আর্টিস্ট’-এর মতো ভিন্নধর্মী সিনেমার মাধ্যমে তিনি ইতোমধ্যেই নিজের স্বতন্ত্র নির্মাণশৈলী প্রতিষ্ঠা করেছেন।