প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১১:৩৩ এএম
টেলিভিশন দুনিয়ার সবচেয়ে বড় রাত হয়ে উঠেছিল ৭৮তম এমি অ্যাওয়ার্ডস
তারার ঝলক, পুরস্কারের উত্তেজনা আর ইতিহাস গড়ার মুহূর্ত- সব মিলিয়ে টেলিভিশন দুনিয়ার সবচেয়ে বড় রাত হয়ে উঠেছিল ৭৮তম এমি অ্যাওয়ার্ডস।
লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটার যেন এক রাতের জন্য পরিণত হয়েছিল ছোটপর্দার মহাতারকাদের মিলনমেলায়। বাংলাদেশ সময় গতকাল মঙ্গলবার ভোরে জমকালো আয়োজনে বসে ৭৮তম এমি অ্যাওয়ার্ডসের আসর। টেলিভিশনের পর্দায় যাদের অভিনয় কোটি দর্শককে মুগ্ধ করে, সেই তারকারাই এ রাতে হাজির হয়েছিলেন পুরস্কারের ঝলমলে মঞ্চে।
এনবিসি ও পিককে সরাসরি সম্প্রচারিত এবারের আয়োজনের সঞ্চালনায় ছিলেন জনপ্রিয় অভিনেত্রী মারিস্কা হারগিতাই। শুরু থেকেই তার রসবোধ, প্রাণবন্ত উপস্থাপনা ও সংগীত পরিবেশনায় জমে ওঠে অনুষ্ঠান। তবে আয়োজনের উত্তেজনা আরও বাড়িয়ে দেয় পপসম্রাজ্ঞী টেইলর সুইফটের বিশেষ প্রি-টেপড ভিডিওতে আকস্মিক উপস্থিতি।
সেরার মুকুটে ‘দ্য পিট’
এবারের আসরে সবচেয়ে বেশি আলোচনায় ছিল ড্রামা সিরিজ ‘দ্য পিট’। ২৫টি মনোনয়ন নিয়ে আসরে প্রবেশ করা সিরিজটি শেষ পর্যন্ত জিতে নেয় বছরের সেরা ড্রামা সিরিজের পুরস্কার। অভিনয়ের পাশাপাশি গল্প বলার শক্তি ও নির্মাণশৈলীর জন্যও আলোচনার কেন্দ্রে ছিল সিরিজটি।
কমেডি বিভাগে সেরা হয়েছে ‘উইডোজ বে’। আর সীমিত পরিসরের সিরিজে সেরা শোর সম্মান পেয়েছে ‘ডিটিএফ সেন্ট লুইস’।
এক রাতেই ইতিহাস ম্যাথিউ রাইসের
তবে এবারের এমির সবচেয়ে বড় গল্প সম্ভবত ম্যাথিউ রাইস। একই রাতে দুটি ভিন্ন বিভাগে সেরা অভিনেতার পুরস্কার জিতে অনন্য নজির গড়েছেন তিনি।
‘উইডোজ বে’-এর জন্য কমেডি সিরিজের সেরা অভিনেতা এবং ‘দ্য বিস্ট ইন মি’-এর জন্য লিমিটেড সিরিজের সেরা অভিনেতার ট্রফি উঠেছে তার হাতে। এর মধ্য দিয়ে ড্রামা, কমেডি ও লিমিটেড সিরিজÑ টেলিভিশনের তিন প্রধান অভিনয় বিভাগেই প্রধান অভিনেতা হিসেবে এমি জয়ের বিরল কৃতিত্ব অর্জন করেছেন তিনি। এর আগে ২০১৮ সালে ‘দ্য আমেরিকানস’-এর জন্য ড্রামা সিরিজের সেরা অভিনেতার এমি পেয়েছিলেন রাইস। ফলে এবারের সাফল্য তার ক্যারিয়ারের মুকুটে যোগ করেছে এক অনন্য পালক।
অভিজ্ঞদেরও ঝলক
এমির মঞ্চে এবারও দাপট দেখিয়েছেন অভিজ্ঞ তারকারা। ‘হ্যাকস’-এর জন্য জিন স্মার্ট এবং ‘দ্য ডিপ্লোম্যাট’-এর জন্য অ্যালিসন জেনি নিজেদের জায়গা আরও শক্ত করেছেন। দীর্ঘ অভিনয়জীবনের অভিজ্ঞতা আর ধারাবাহিক সাফল্যের মাধ্যমে তারাও এমির ইতিহাসে নিজেদের নাম আরও উজ্জ্বল করেছেন।
লালগালিচায় তারার ঝলক
পুরস্কারের মঞ্চের মতোই নজর ছিল লালগালিচায়। অভিনেত্রী জেনডায়া অলংকারখচিত প্রাডার গাউনে হাজির হয়ে মুহূর্তেই ক্যামেরার ফ্ল্যাশের কেন্দ্রবিন্দুতে পরিণত হন। উপস্থিত ছিলেন কোলম্যান ডোমিঙ্গো, যিনি ‘দ্য ফোর সিজন’-এর জন্য মনোনয়ন পেয়েছিলেন।
‘দ্য টেস্টমেন্টস’-এর তারকা চেজ ইনফিনিটি, অভিনেত্রী এল ফ্যানিং, ব্রিটিশ তারকা ক্যারি মুলিগান, রিজ আহমেদ ও ফ্লোরেন্স পিউÑ সবাই নিজেদের উপস্থিতিতে জমিয়ে তোলেন তারকাখচিত সন্ধ্যা। ‘মার্গোর গট মানি ট্রাবল’-এর প্রযোজক হিসেবে ছিলেন নিকোল কিডম্যান। আর লালগালিচায় বিশেষ নজর কাড়েন তারকা দম্পতি হ্যারিসন ফোর্ড ও ক্যালিস্তা ফ্লকহার্ট। ‘গেম অব থ্রোনস’-এর জনপ্রিয় মুখ এমিলিয়া ক্লার্কের উপস্থিতিও বাড়িয়ে দেয় আয়োজনের তারকাময়তা।
পুরস্কারের রাত, স্মরণীয় কিছু নাম
এমি শুধু পুরস্কার প্রদানের অনুষ্ঠান নয়; এটি টেলিভিশনের এক বছরের সেরা গল্প, অভিনয় ও নির্মাণকে উদযাপনের রাত। এবারের আসরেও সেই উদযাপনে যোগ হয়েছে নতুন কিছু ইতিহাস, নতুন কিছু মুখ এবং বহু পুরনো তারকার নতুন অর্জন।
সবচেয়ে বড় কথা, ৭৮তম এমি অ্যাওয়ার্ডস আবারও মনে করিয়ে দিলো- টেলিভিশনের পর্দাছোট হতে পারে, কিন্তু সেখানে তৈরি হওয়া গল্প আর অভিনয়ের প্রভাব কখনোই ছোট নয়। আর সেই রাতের সবচেয়ে উজ্জ্বল অধ্যায় হয়ে থাকল ম্যাথিউ রাইসের দ্বৈত জয়।
এক নজরে এমি ২০২৬-এর প্রধান বিজয়ীরা