× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাঁধনের আক্ষেপ-‘আমার টিমও আমাকে ডিজওন করেছে’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬ ১৩:৫৯ পিএম

আজমেরী হক বাঁধন

আজমেরী হক বাঁধন

সিনেমার আন্তর্জাতিক উৎসবে অংশ নিতে গিয়ে অনাকাঙ্ক্ষিত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন আজমেরী হক বাঁধন।

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর প্রদর্শনীতে অংশ নিতে ইতালিতে গিয়েছিলেন এই অভিনেত্রী। সেখানে মেস্ত্রে শহরে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের প্রবাসী কর্মীদের হাতে লাঞ্ছিত হওয়ার দাবি করেন তিনি। ঘটনার পর সোমবার সকালে দেশে ফিরেছেন বাঁধন।

দেশে ফিরেই হামলার পরের অভিজ্ঞতা নিয়ে কথা বলেন অভিনেত্রী। তার দাবি, ঘটনার পর ভেনিসে থাকা তার সিনেমার টিম তাকে একরকম ‘ডিজওন’ করেছে। এমনকি উৎসবের বাকি দিনগুলোতে তাদের সঙ্গে অংশ নিতেও তাকে নিষেধ করা হয়। পরবর্তীতে টরন্টো ফিল্ম ফেস্টিভ্যালে যাওয়ার ক্ষেত্রেও তাকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে জানান বাঁধন।

ভেনিসে হামলার পর সহায়তা পাওয়ার বিষয়ে তিনি বলেন, ‘ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের ডিরেক্টর, ইতালি সরকার, আমাদের দেশের সরকার এবং ইতালিতে বাংলাদেশের দূতাবাস আমাকে সাপোর্ট করেছে, সাহায্য করেছে।’

তবে নিজের টিমের সহযোগিতা না পাওয়ার আক্ষেপ করে বাঁধন বলেন, ‘কিন্তু আমার যে টিম, তারা আমাকে ডিজওন করেছে। ফেস্টিভ্যালের বাকি দিনগুলোতে তাদের সঙ্গে অংশ নিতে নিষেধ করেছে। এমনকি পরবর্তীতে টরন্টো ফিল্ম ফেস্টিভ্যালে যাওয়ার কথা থাকলেও তারা আমাকে সেখানেও নিষেধাজ্ঞা দিয়েছে। তবে আমার কো-অ্যাক্টরদের মধ্যে সুনেরাহ, জায়নিন ও তার মা আমাকে খুবই সাহায্য করেছেন।’

নিরাপত্তার বিষয়ে বাঁধন জানান, ঘটনার দিন রাতেই বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট দপ্তর থেকে তার সঙ্গে যোগাযোগ করা হয়। ইতালির বাংলাদেশ দূতাবাস, দেশটির সংস্কৃতি মন্ত্রণালয় ও পুলিশ বিভাগও তাকে নিরাপত্তা দিয়েছে। নিরাপত্তার কারণে ভেনিস উৎসবের পরিচালক লিডোতে তার থাকার ব্যবস্থা করেন।

এ ছাড়া বাঁধন বলেন, এ ঘটনায় বিদেশের মাটিতে বাংলাদেশের নাম ক্ষুণ্ন হয়েছে। দলকানা না হয়ে পরিবারের কথা ভাবুন। কারণ আপনারা কষ্ট করে কাজ করছেন মূলত পরিবারের জন্যই। অথচ বড় বড় নেতারা আরামে দেশে-বিদেশে ঘুরে বেড়াচ্ছেন। যারা আক্রমণ চালাচ্ছেন, আমার মনে হয় তারা নিজেদেরই বিপদ ডেকে আনছেন। তাদের এই বর্বরতা বন্ধ করতে হবে।

উল্লেখ্য, গত মঙ্গলবার মেস্ত্রে শহরের এক পার্কে বাঁধনকে ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে লাঞ্ছিত করা হয় বলে অভিযোগ করেন তিনি। ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর ৮ সেপ্টেম্বর ইতালিতে মামলা করেন অভিনেত্রী।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা