প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬ ১৩:২৭ পিএম
একসময় উপস্থাপনার মঞ্চে সরব ছিলেন, নাটকের গল্প ও চিত্রনাট্য লিখেও দর্শকের নজর কেড়েছেন। তবে সময়ের সঙ্গে নিজের পরিচয়ের পরিধি বদলে নিয়েছেন এলিনা শাম্মী। এখন তার ব্যস্ততা কেবল অভিনয় ঘিরেই। নাটকের পাশাপাশি সিনেমায়ও নানা বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে নিজেকে একজন পেশাদার অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তিনি। সম্প্রতি নতুন দুটি সিনেমার ডাবিংয়ের কাজ শেষ করে ফের আলোচনায় এলেন এই অভিনেত্রী।
২০১৪ সালে শাহ আলম কিরণ পরিচালিত ‘৭১-এর মা জননী’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় এলিনা শাম্মীর। এরপর ‘প্রিয়তমা’, ‘গন্তব্য’, ‘ছায়াবৃক্ষ’, ‘মধ্যবিত্ত’, ‘জলরং’, ‘কসাই’, ‘বিউটি সার্কাস’, ‘রেডিও’ ও ‘লোকাল’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। ‘প্রিয়তমা’ ও ‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে বিশেষ পরিচিতি পান এই অভিনেত্রী। এ ছাড়া রায়হান রাফীর ওয়েবফিল্ম ‘জানোয়ার’-এ অভিনয় করেও আলোচনায় আসেন।
এরই মধ্যে জাহিদ হোসেনের ‘লীলা মঞ্জু’ ও নাজিরি সাগরের ‘দুঃসাহস’ সিনেমার ডাবিং শেষ করেছেন তিনি। দুটি সিনেমাতেই গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাকে।
অভিনয়ের আগে নাট্যকার হিসেবেও পরিচিত ছিলেন শাম্মী। নির্মাতা তপু খানের কাছে তার নাটক রচনার হাতেখড়ি। পাশাপাশি একসময় ইংলিশ মিডিয়াম স্কুলে তিন বছর শিক্ষকতা করে তিনবারই সেরা শিক্ষিকা হিসেবে সম্মাননা পেয়েছেন।
নতুন দুই সিনেমা নিয়েও আশাবাদী এই অভিনেত্রী। তিনি বলেন, ‘এখন তো আসলে আমি একজন পেশাদার অভিনেত্রী। কিছুদিন আগে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছি। এখন কিছুটা সুস্থ। এরই মধ্যে দুটি সিনেমার ডাবিংয়ের কাজ শেষ করেছি। সিনেমা দুটি নিয়ে আমি আশাবাদী।’