প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬ ১৩:১৯ পিএম
অপেক্ষার প্রহর যেন শেষ হতে চলেছে। স্থগিত হওয়া আয়োজন এবার ফিরছে নতুন নামে, নতুন তারিখে। পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড কাভিশকে ঘিরে ঢাকার শ্রোতাদের যে অপেক্ষা তৈরি হয়েছিল, অবশেষে তার অবসান হতে যাচ্ছে। আগামী ২৬ সেপ্টেম্বর ঢাকায় বসছে ‘ওয়েভ ফেস্ট : এনজয় দ্য ফুল মুন’। এতে কাভিশের সঙ্গে একই মঞ্চে গান পরিবেশন করবে দেশের জনপ্রিয় দুই ব্যান্ড শিরোনামহীন ও মেঘদল।
গত শনিবার আয়োজক প্রতিষ্ঠান প্রাইম ওয়েভ কমিউনিকেশন তাদের অফিসিয়াল ফেসবুক পেজে কনসার্টের নতুন তারিখ ঘোষণা করেছে। এর আগে আয়োজনটির নাম ছিল ‘ওয়েভ ফেস্ট : ফিল দিজ উইনটার’। তবে এবার নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘ওয়েভ ফেস্ট : এনজয় দ্য ফুল মুন’। নিরাপত্তাজনিত কারণে এখনই কনসার্টের ভেন্যুর নাম প্রকাশ করছে না আয়োজকরা।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, গত বছর যারা কনসার্টটির অগ্রিম টিকিট সংগ্রহ করেছিলেন, তারা সেই টিকিট দিয়েই এবারের আয়োজনে অংশ নিতে পারবেন। পাশাপাশি অনলাইন প্লাটফর্ম টিকিফাইয়ে নতুন টিকিট বিক্রি শুরু হয়েছে। সাধারণ টিকিটের মূল্য ২ হাজার ৯৯৯ টাকা এবং ভিআইপি টিকিট ৫ হাজার ৪৯৯ টাকা।
এর আগে গত বছরের ৫ ডিসেম্বর ঢাকায় কাভিশ, শিরোনামহীন ও মেঘদলকে নিয়ে কনসার্টটি হওয়ার কথা ছিল। তবে দেশের তৎকালীন সার্বিক পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় অনুমতি না পাওয়ায় শেষ মুহূর্তে আয়োজনটি স্থগিত করা হয়।
১৯৯৮ সালে জাফর জাইদি ও মাজ মাওদুদের হাত ধরে গড়ে ওঠে কাভিশ। ২০২৫ সালের জানুয়ারিতে প্রথমবার বাংলাদেশে গান শোনায় ব্যান্ডটি। ‘বাচপান’, ‘তেরে পেয়ার মে’, ‘মোরে সাইয়া’, ‘নিন্দিয়া রে’ ও ‘ফাসলে’সহ বেশ কিছু গান শ্রোতাদের মন ছুঁয়েছে
এদিকে দেশীয় ব্যান্ড শিরোনামহীন ও মেঘদলও নিজেদের ব্যস্ততা ধরে রেখেছে। সম্প্রতি কলকাতায় চন্দ্রবিন্দুর সঙ্গে কনসার্ট করেছে মেঘদল। কোক স্টুডিও বাংলায় প্রকাশ পেয়েছে তাদের নতুন গান ‘মুল্লুক’।