× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আলাপন

‘কাজই আমাকে সবচেয়ে বেশি আনন্দ দেয়’

মাহমুদা বিশ্বাস

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬ ১১:৪৬ এএম

আবুল হায়াত

আবুল হায়াত

দীর্ঘ অভিনয়জীবনে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন কিংবদন্তি অভিনেতা আবুল হায়াত। সাম্প্রতিক কাজ, অভিনয়ের প্রতি ভালোবাসা, নতুন প্রজন্ম ও সংস্কৃতিচর্চার নানা দিক নিয়ে তার সঙ্গে আলাপ করেছেন মাহমুদা বিশ্বাস…

সাম্প্রতিক কাজ সম্পর্কে জানতে চাই? 

অনেকগুলো নাটক হাতে আছে, নাম বলতে পারছি না। একটা নাটকের কাজ সম্প্রতি শেষ করেছি ‘সন্তান’, আরেকটা ‘সাড়ে তিন হাত মাটি’। এ ছাড়াও অনেকগুলো নাটকে কাজ করেছি সামনে আরও আসবে। আরও একটা নাটকের কথা চলছে এখনও নাম ঠিক হয়নি। এই মাসে আরও দুই-তিনটা নতুন কাজ আছে স্ক্রিপ্ট হাতে পেলে নাম বলতে পারব।

নতুন কাজে যুক্ত হওয়ার আগে কোন বিষয়গুলো বেশি গুরুত্ব দেন?

বেশি গুরুত্ব দিই কন্টেন্টের ওপরে। আমি মনে করি চিত্রনাট্য এবং গল্পই মেইন। এখন তো বেশিরভাগই ইউটিউব বেইজ গল্পে নাটক তৈরি হয়। সুতরাং আগে থেকে ভালো করে দেখে নিই যে ভাষা কী রকম। এগুলো আমাদের রুচির সাথে যায় কি না, সেগুলো চিন্তাভাবনা করেই কাজ করি।

এই বয়সে এসেও টানা শুটিং করছেন, শুটিংয়ের দিন আপনার কেমন কাটে? 

ভালোই লাগে। এনজয় করি কাজ করি যখন, না করলেই বরং খারাপ লাগে, মনে হয় যেন ফাঁকা ফাঁকা লাগছে। কাজে গেলে তখন মনটাও ফ্রেশ থাকে, শরীরও ভালো থাকে। কাজই তো হলো বড় জিনিস, কাজ করলে মানুষের শরীর ভালো থাকে। এটাই বিশ্বাস করি আমি। কাজের মধ্যেই আনন্দ খুঁজে পাই। সব মিলিয়ে বেশ ভালোভাবেই দিন কেটে যায়।

আগের চেয়ে এখন চরিত্র বাছাইয়ে কীভাবে বিচার-বিশ্লেষণ করেন? 

আগে চিত্রনাট্য পড়ি, চিত্রনাট্যের মধ্যে ক্যারেক্টার কি আছে না আছে সেটা বুঝি, সেভাবে নিজেকে প্রস্তুত করি। এখন তো আর ইয়াং ক্যারেক্টার করা যায় না। এই বয়সের সাথে যে সামঞ্জস্যপূর্ণ চরিত্রই দেওয়া হয় আমাকে, সেভাবেই অভিনয় করি। গল্প পড়ে যদি মনে হয় আমার বয়সের সাথে মানাবে রুচির সাথে মিলেÑ তাহলেই সেই গল্পে অভিনয় করি।

তরুণ নির্মাতা ও শিল্পীদের সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন? 

আমি তো এখন ইয়াংদের সাথেই বেশি কাজ করি এবং আমার মনে হয় ওরা ভালো করছে। টেকনিক্যালি তারা অনেক ইম্প্রুভড, ওরা নিজেরাও শিখে-বুঝে এসে কাজ করছে। এখন যে তরুণরা অভিনয় বা নির্মাতা হিসেবে কাজ করছে ওরা বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শিখে এসে জেনে বুঝে তারপর করছে। সুতরাং আমার কোনো অসুবিধা হয় না। আমি ওদের সাথে কাজ করে আনন্দ পাই।

ষাটের দশক ও বর্তমান সংস্কৃতিচর্চায় পার্থক্য কোথায়?

পার্থক্য তো আছেই এবং থাকবেই। যত দিন যাবে তত পরিবর্তন হবে। আর এই পরিবর্তনকে মেনে নিতে হবে। তবে মূল জিনিস আমাদের চেতনার জায়গাটা, সামাজিক চেতনা, সামাজিক মূল্যবোধÑ এই জিনিসগুলো না ভুললেই ভালো। এগুলো ভুলে গেলে কিন্তু আর কিছু থাকে না আমাদের সংস্কৃতির। এখন তো প্রযুক্তিগতভাবে আমরা অনেক এগিয়ে গিয়েছি। আমাদের ছেলেমেয়েরা অনেক ভালো কাজ করছে, সবদিক থেকেই ঠিক আছে। কিন্তু এই পুরনো মূল্যবোধ যেন না ভুলে তারাÑ এটাই আমরা আশা করব। কিন্তু আফসোস এখানেই আমি কিছুটা কমতি দেখি।

আগের সময়ের তুলনায় বর্তমান নাটক-সিনেমার গল্প ও মানকে কীভাবে মূল্যায়ন করবেন? 

ভালো-খারাপ সবই আছে। একেবারে ভালো বলা যাবে না আবার পুরোটা খারাপও বলা যাবে না। তবে বর্তমানে মূল্যবোধের জায়গাটায় একটু কমতি দেখা যায়। আমার মনে হয় মূল্যবোধের জায়গা ঠিক রেখে যদি কোনো কনটেন্ট তৈরি করে তাহলে বর্তমান নাটক সিনেমাগুলো আরও ভালো করতে পারবে।

শুটিং না থাকলে অবসর সময় কীভাবে কাটান? অবসরে প্রিয় কাজ কী? 

অবসর সময়ে আমি বাসায় থাকি। আমার স্ত্রী আর আমি আমরা দুজনই থাকি বাড়িতে। আমরা বসে গল্প করি, টেলিভিশন দেখি। আমি হয়তো একটু পেপার পড়ি, আমার স্ত্রী বাগানচর্চা করেন, তাকে কখনও কখনও সাহায্যও করি। ঘরে মেহমান আসলে তাদের সাথে আড্ডা দেই। নাতি-নাতনিরা তো আছেই, মেয়েরা ফোন করে, তাদের সাথে কথা বলতেই সময় কাটে। সব মিলিয়ে খুব ভালোভাবে অবসর সময় কেটে যায়।

দীর্ঘ অভিনয় জীবনে এখনও কোনো অপূর্ণ ইচ্ছা আছে, যা পূরণ করতে চান? 

এ রকম কোনো ইচ্ছা আছে বলে মনে করি না। আমি যা চেয়েছিলাম বা যা আশা করেছিলাম তার থেকে অনেক বেশি পেয়েছি। এবং আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি প্রতি মুহূর্তে। দীর্ঘ অভিনয় জীবনে অনেক ভালোবাসা পেয়েছি, অনেক সম্মান পেয়েছি। অভিনয় জীবনে আমার আর কোনো চাওয়া নেই। 

নতুন প্রজন্মের শিল্পীদের কি পরামর্শ দিতে চাইবেন?

একটা কথাই বলতে চাই, তোমরা শিল্পী হওয়ার চেষ্টা করো, স্টার হওয়ার চেষ্টা করো না কখনও। কারণ শিল্পী হিসেবে ভালো হলে অটোমেটিক্যালি স্টার হয়ে যাবে। তাই স্টার হওয়ার পেছনে না ছুটে সবসময় চেষ্টা করবে একজন ভালো শিল্পী হওয়ার।

ব্যস্ততার মাঝেও সুস্থ থাকতে কী কী মেনে চলেন?// ব্যস্ত জীবনে নিজের যত্ন ও সুস্থতার জন্য কী করেন? 

তেমন কিছুই না, আমার লাইফস্টাইল যা ছিল এখনও সেই আগের মতেই আছে। সহজ চিন্তাভাবনা, সহজভাবে খাওয়া-দাওয়া। বেশি গুরুত্ব দেই খাবারে, একেবারে যতটা সহজভাবে খাওয়া যায়। একদম সাধারণ খাবার যেটাকে বলে। আমার বাড়ির লোকজন বিশেষ করে আমার স্ত্রী, আমার যত্ন নেওয়ার ব্যাপারে দিক-নির্দেশনা বলিÑ সবই উনি করেন আর আমি সেটা সানন্দে উপভোগ করি, বেশ এটুকুই বলতে পারি। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা