প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৫২ এএম
একসময় স্বপ্ন ছিল জাতীয় দলের জার্সি গায়ে ক্রিকেট খেলার। বয়সভিত্তিক ক্রিকেটে ঢাকা মেট্রোর হয়ে খেলেছেন। ইনজুরি থামিয়ে দেয় সেই স্বপ্নের দৌড়। তবে থেমে যাননি পার্থ শেখ। ক্রিকেটের মাঠ থেকে এবার নামলেন অভিনয়ের মঞ্চে। নতুন স্বপ্ন, নতুন লড়াই। সেই লড়াইয়ে ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করেছেন তরুণ অভিনেতা ও মডেল পার্থ শেখ। শুরুর দিকে নির্মাতা হিসেবে পথচলা শুরু করলেও অভিনয় তাকে এনে দিয়েছে আলাদা পরিচিতি।
মাত্র দুই বছরের অভিনয়জীবনে নাটক, ওয়েব ছবি ও মিউজিক ভিডিও সব ক্ষেত্রে নিজের উপস্থিতি জানান দিয়েছেন তিনি। গতানুগতিক চরিত্রের বাইরে ভিন্ন ভিন্ন গল্প ও চরিত্রে কাজ করার চেষ্টা তাকে দর্শকের কাছে আলাদা করে চিনিয়েছে। তবে এ যাত্রায় সম্প্রতি এসেছে নতুন এক বাঁক। যদিও এ বাঁকের আগে হুট করে নিয়েছিলেন বিরতি। ক্যারিয়ারের শুরুতে কেন এই বিরতি? কৌতূহল নিয়ে প্রশ্ন রেখেছেন অনেকে। সেই প্রশ্নের উত্তর এলো বিরতির আট মাস পর। কারণ, বড় করে লাফ দিতে কয়েক পা পিছিয়েছিলেন তিনি। আট মাস পর নতুন নাটক ‘অমর প্রেম’ নিয়ে ফিরেছেন তিনি। ফিরে পেলেন অফুরন্ত ভালোবাসা। যে ভালোবাসা অন্যরকম এক উচ্চতায় নিয়ে গেল তাকে।