× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মঞ্চে ‘কালযাত্রা’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৪৪ এএম

মঞ্চে ‘কালযাত্রা’

মঞ্চের আলোয় যিনি কখনও সীতা, কখনও দ্রৌপদী, আবার কখনও বেহুলা হয়ে দর্শকের সামনে দাঁড়িয়েছেন, জীবনের শেষ প্রান্তে এসে সেই শিল্পীর নিজের পরিচয়ই যেন হয়ে ওঠে সবচেয়ে বড় প্রশ্ন। মৃত্যুর পর তার শেষ ইচ্ছাটুকু পূরণ করতেও যখন সমাজ, ধর্মীয় বিধান ও নানা অদৃশ্য নিষেধের দেয়াল সামনে এসে দাঁড়ায়, তখন সেই গল্পই মঞ্চে উঠে আসে ‘কালযাত্রা : একটি নিষিদ্ধ জানাজার গল্প’ নাটকে। পরিচয়, নিষেধ, সামাজিক সংকীর্ণতা ও একজন নারী শিল্পীর দীর্ঘ অবহেলার গল্প নিয়ে মঞ্চে আসছে নাট্যদল থিয়েটার চারণিকের নতুন এই প্রযোজনা। এটি দলটির ষষ্ঠ প্রযোজনা।

আগামী ১৬ সেপ্টেম্বর রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হবে। পরদিন ১৭ সেপ্টেম্বর একই স্থান ও সময়ে অনুষ্ঠিত হবে দ্বিতীয় প্রদর্শনী। নাটকটি লিখেছেন মাহফুজা হিলালী এবং নির্দেশনা দিয়েছেন শামীম সাগর। একক অভিনয়ে থাকছেন সাফিয়া খন্দকার রেখা।

‘কালযাত্রা’-এর গল্প এগিয়েছে কুমকুমকে ঘিরে। তার মা প্রিন্সেস মহিমা ছিলেন একজন খ্যাতিমান যাত্রাশিল্পী। মঞ্চে কখনও সীতা, কখনও দ্রৌপদী, কখনও বেহুলা হয়ে তিনি দর্শকের সামনে হাজির হয়েছেন। সময় বদলেছে, পালা বদলেছে, চরিত্র বদলেছে; কিন্তু বদলায়নি তার জীবনের কিছু অপমান, ক্ষত আর না পাওয়ার গল্প। মৃত্যুর পর মেয়ে কুমকুমের সামনে মায়ের রেখে যাওয়া একটিমাত্র শেষ ইচ্ছাÑ জানাজা। সেই ইচ্ছা পূরণ করতে গিয়েই একের পর এক বন্ধ দরজার মুখোমুখি হয় সে।

কোথাও ধর্মের বিধান, কোথাও সমাজের নিষেধ, আবার কোথাও ক্ষমতার অদৃশ্য হিসাবÑ সবকিছু মিলিয়ে মায়ের শেষ ইচ্ছা পূরণের পথ ক্রমেই কঠিন হয়ে ওঠে কুমকুমের জন্য। সে বুঝতে পারে, মানুষকে ঘিরে থাকা সবচেয়ে শক্ত দেয়াল ইট-পাথরের নয়; বরং পরিচয়, ভয় ও নিষেধ দিয়ে তৈরি। আর সেই দেয়ালের ভেতরেই বারবার ফিরে আসে তার মায়ের ফেলে যাওয়া মঞ্চ।

নাটকের গল্পে স্মৃতির পর্দা উঠতে থাকে। অতীতের চরিত্ররা যেন বর্তমানের বাস্তবতায় এসে দাঁড়ায়। কখনও দ্রৌপদীর প্রশ্ন, কখনও বেহুলার দীর্ঘ প্রতীক্ষা, আবার কখনও সীতার অগ্নিপরীক্ষাÑ মঞ্চের অভিনয় ও জীবনের বাস্তবতা ধীরে ধীরে একাকার হয়ে যায়। একজন শিল্পীর জীবনের গল্পের মধ্য দিয়ে সমাজের তৈরি পরিচয় ও নিষেধের দেয়াল নিয়েই প্রশ্ন তোলে ‘কালযাত্রা’।

একজন প্রয়াত যাত্রাশিল্পীর শেষ ইচ্ছাকে কেন্দ্র করে নির্মিত হলেও ‘কালযাত্রা’ শেষ পর্যন্ত কেবল একটি পরিবারের গল্পে সীমাবদ্ধ থাকে না। বরং শিল্পী, নারী, পরিচয় ও সমাজের নানা নিষেধের মুখোমুখি দাঁড় করিয়ে দর্শকের সামনে নতুন কিছু প্রশ্ন ছুড়ে দেয় এই প্রযোজনা।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা