আরফাতুন নাবিলা
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬ ১৫:৫৩ পিএম
আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৬ ১৬:১৩ পিএম
রায়হান রাফি পরিচালিত প্রেশার কুকার চলচ্চিত্রটি শহুরে নারীদের আর্তচিৎকারেরই এক প্রতিচ্ছবি
আমরা যখন কোনো চলচ্চিত্র দেখতে বসি তখন অজান্তেই তার মাঝে হারিয়ে যাই। ভাবতে থাকি, এই চরিত্রে যদি আমি থাকতাম তাহলে আমি ঠিক কী করতাম? কীভাবে কথা বলতাম? আবার কখনও প্রতিটি দৃশ্য দেখতে দেখতে এক ধরনের অপরাধবোধে ভুগতে থাকি। কেন এমন হলো? কেন এই মানুষগুলোকে এত কষ্ট পেতে হচ্ছে? কেন একদল শুধু আদায় করবে, এক দল না পাওয়ার যন্ত্রণা ভোগ করতেই থাকবে? এসব প্রশ্ন কখনও কখনও জীবনবোধ বাড়ায়, জীবনকে ভিন্নভাবে দেখার অন্তদৃষ্টি বাড়ায়। এই কথাগুলোর প্রতিটি মিলে যায় রায়হান রাফি পরিচালিত চলচ্চিত্র ‘প্রেশার কুকার’ এ।
চলচ্চিত্রে যে চারজন নারীকে কেন্দ্র করে ঘটনা আবর্তিত হয়েছে তারা যেন একসাথে সমাজের দর্পণ হয়ে উঠেছেন। শুরুতেই বলতে হয় রেশমার কথা। একজন মা, একজন স্ত্রী, পক্ষান্তরে স্পা সেন্টারে কাজ করা একজন নারী – যিনি কিনা সবকিছুর আড়ালে সন্তানের ভালো থাকাকে গুরুত্ব দেন, তাকেই বেছে নিতে হয় নিদারুণ কঠিন পথ। স্বামীর উপর ভরসা করে, দিনের পর দিন তার অপেক্ষায় থেকেও এক সময় নিজের অনেকগুলো টাকা খোয়াতে হয় সেই স্বামীর কারণেই। এদিকে তন্ময় তাকে ভালোবাসে এ কথা জেনেও সে নতুন জীবনে পা রাখতে পারে না। তার প্রতিনিয়ত ভয় হয়, যদি এবারও সে জীবনযুদ্ধে হেরে যায়? ভাইয়ের বাড়িতে থেকেও তার স্বস্তি নেই, কাজের জায়গায় সম্মান নেই। এতকিছুর পরও সে চায় সুন্দর একটা নির্ভেজাল জীবন। কিন্তু চাইলেই কি সব পাওয়া যায়? এই সমাজ, এই দেশ কি রেশমাদের এতটুকু স্বস্তি দিয়েছে? দিয়েছে স্বাভাবিক জীবনের নিশ্চয়তা? তাইতো দিনশেষে রাতের গভীরে রেশমাদের পাখি হয়ে উঠতে হয়, তাদের চিরচেনা কন্ঠকে যতটুকু সম্ভব দমিয়ে রাখা হয়। একটা কালো বোরকা, একটা নেকাব, দু'পাটি জুতো, শত প্রশ্নে জড়ানো দুটো শ্রান্ত চোখ, চিবুকে লড়াকু দৃঢ়তা নিয়ে ঢাকা শহরের অলিগলি ঘুরে বেড়ানো রেশমা শত শত মেয়ের জীবনযুদ্ধের সাক্ষী হয়ে রয়েছে।

রাজনীতি যে বড্ড জটিল জিনিস সেটা যেন আরও একবার চোখের সামনে ধরা দিল আজমেরি চরিত্রের মাধ্যমে। স্বামী রাজনীতির মাঠে সরব থাকলেও মাঝে মাঝে আজমেরি চাইত স্বামীকে বিভিন্ন বুদ্ধি দিতে যেন তিনি আরও ভালো করেন। কিন্তু ওই যে পুরুষ শাসিত সমাজে নারীর বলা বারণ! তাইতো অপমানের বোঝা বয়ে বেড়াতে হয় তাকেও। স্বামী গায়ে হাত তুলতেও দ্বিধা বোধ করে না। এভাবে অপমানের বোঝা না সইতে পেরে আজমেরির ক্ষোভ এক সময় ফুলে ফেঁপে ওঠে ঠিক প্রেশার কুকারের মতই। আর তাই পথের কাঁটা স্বামীকে খুন করতেও দ্বিধাবোধ করে না আজমেরি। যদিও এই কাজে তাকে সমর্থনের সুযোগ নেই, কিন্তু যে নারীকে দিনের পর দিন প্রেশার কুকারের মতো শুধু চাপিয়েই দেয়া হচ্ছে এক সময় না এক সময় তারও তো ধৈর্যের বাঁধ ভাঙবে!
অনন্যা নামের যে মেয়েটি শাকিলকে ভালোবেসে ঘর ছাড়ল, সে কি জানতো কোনো এক উর্ধ্বতনের চাপে এই ছেলেটাকে সে হারিয়ে ফেলবে? আজীবনের জন্য তার পথ একলা হয়ে যাবে? তার অনাগত সন্তান বাবার ভালোবাসা ছাড়াই বড় হবে? শুধুমাত্র টাকার কাছে নিজেকে বিক্রি করতে চায়নি বলে অনন্যা নিজের সংসারের জন্য বেছে নিয়েছে কঠিন এক সংগ্রামের জীবন। তারপরও কি সেই সংগ্রাম সে করতে পারল? নিম্নবিত্ত জীবনের চাপে পড়ে তাকেও হতে হলো নিঃশেষ।
বর্তমান যুগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইনফ্লুয়েন্সারদের তৎপরতা নিয়ে তো আমরা সবাই জানি, দেখছি। এই তালিকায় ছিল রেখাও। পরিবারের চাপে সে নিজের মতো চলতে না পারায় এক সময় পড়ে যায় নতুন ঝামেলায়। যে ঝামেলা তাকে নিয়ে যায় এমন এক কক্ষে যেখানে শেষ পর্যন্ত তার বাবাকে হেনস্তা হতে হয় পুলিশের কাছে, পুলিশের হাতে নিহত হয় বয়ফ্রেন্ডও। এক কথায় সমাজ তাকে এমনভাবে পিষ্ট করে যে নিরপরাধ হয়েও তাকে বেছে নিতে হয় কঠিন এক বাস্তবতা।
যে চার নারীকে নিয়ে রায়হান রাফি প্রেশার কুকার বানিয়েছেন, তাদের প্রতিটি চরিত্র সমাজের একেকটি দর্পণ। এই সিনেমায় নিষ্ঠুর আরও কিছু চিত্র উঠে এসেছে অসৎ পুলিশ বাহিনীর ঘুষ, দুর্নীতি ও চারিত্রিক অধঃপতনের দিকগুলোর মাধ্যমে। ভিকটিমদের উদ্ধারে তথাকথিত অভিযানে বিচার–বহির্ভূত হত্যাকাণ্ড বা ক্রসফায়ারের নামে কয়েক বছর ধরে চলা পুলিশের একটি অংশের এই অপকর্মগুলোকে বেশ সাহসিকতার সঙ্গে বড় পর্দায় ফুটিয়ে তুলেছেন রাফি। এজন্য আলাদা একটি বাহবা তার প্রাপ্যই বটে।

সিনেমায় কয়েকটি গান রয়েছে যেগুলো শুনলে বোঝা যায় এগুলো নিতান্ত কেবল বিনোদনের জন্য নয়; বরং গল্পের মানসিক চাপ ও থ্রিলার আমেজ বেশ ভালোভাবে ফুটিয়ে তুলেছে। গল্প বলার মধ্যেই প্রেশার কুকারের বাষ্পের শব্দ, ধাতব ঘর্ষণ, আলু সেদ্ধ করার আওয়াজ এবং পানির টগবগানির শব্দগুলোকে নেপথ্য মিউজিকের সঙ্গে এমনভাবে মিশিয়ে দেওয়া হয়েছে, যা দর্শকদের মনে একধরনের দমবন্ধ করা অস্বস্তি তৈরি করে। বোঝায় কীভাবে প্রেশার কুকার চাপ দিয়ে ধরে রাখে। পুরুষ সমাজের যে চরিত্রগুলো এখানে দেখানো হয়েছে বিশেষ করে শহীদুজ্জামান সেলিম, চঞ্চল চৌধুরী, আজিজুল হাকিম, ফজলুর রহমান বাবু, মিশা সওদাগর প্রত্যেকে তাদের নিজ নিজ চরিত্রে অসাধারণ দক্ষতার প্রমাণ রেখেছেন। তাদের অভিনয় এতটাই অসাধারণ ছিল যে তাদের দেখলে দর্শকের চেহারায় রাগ, ক্রোধও ফুটে ওঠে। আবার তন্ময় চরিত্রে অভিনয় করা রিজভী রিজুর কষ্ট দেখে তার জন্য মনের গভীরে কোথায় যেন একটা মায়া তৈরি হয়। এখানেই তো অভিনয়ের সার্থকতা।
প্রেশার কুকার মূলত হাইপারলিংক একটি সিনেমা। এ ধরনের সিনেমায় কয়েকটি ঘটনাকে একসাথে একটি সুতায় বাঁধতে হয়। এই চলচ্চিত্রের সুতাটি হচ্ছে ঢাকা শহর। এতে অভিনয় করা শবনম বুবলী, নাজিফা তুষি, মারিয়া শান্ত এবং স্নিগ্ধা চৌধুরীর ভিন্ন চারটি আলাদা জীবন ও সংগ্রাম সমান্তরালভাবে চলতে থাকে। প্রেশার কুকার এর পুরো গল্পকেই মেটাফোরিক্যাল বা রূপকধর্মী হিসেবে উপস্থাপনের মাধ্যম ঢাকা শহরকে শুধুমাত্র একটি লোকেশন হিসেবে নয়; বরং একটি জীবন্ত চরিত্র হিসেবে দেখানো হয়েছে। শহরের ট্রাফিক–ব্যবস্থা, মানুষের ভিড়, ঘিঞ্জি লোকালয়, আধুনিক ঢাকার রূপান্তর, নাইট ক্লাব ও নাগরিক যান্ত্রিকতাকে এমনভাবে সংলাপ ও দৃশ্যে আনা হয়েছে, যা প্রতিটি মধ্যবিত্ত বা উচ্চবিত্ত মানুষকে প্রতিনিধিত্ব করে, নতুন করে ভাবতে শেখায় আমাদের সমাজে কোথায় কী হচ্ছে সেসব নিয়ে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ এই রাজধানীতে আসে, নতুন জীবন খোঁজে, নতুনভাবে বাঁচতে চায়, পরিবারকে নিরাপদে গ্রামে রেখে এসে শহরে টাকার খোঁজে দুর্নিবার ঘুরতে থাকে। এই সিনেমায় রেশমা কথা বলতো নোয়াখালির ভাষায়, যা দর্শককে গভীরভাবে আকৃষ্ট করতে পেরেছে। প্রতিটি চরিত্রকে আলাদা আলাদাভাবে গুরুত্ব দেয়াসহ ঢাকা শহরের মানুষের দৈনন্দিন কথ্য ভাষা, চরিত্রের ইমোশনাল গ্রাফ, নারীদের চাপা ক্ষোভ ও আবেগের বহিঃপ্রকাশ সংলাপে সতেজভাবে ফুটে উঠেছে। নায়কপ্রধান কোনো চলচ্চিত্র না হয়ে শুধু নারীনির্ভর একটি চলচ্চিত্র যে এভাবে দর্শকপ্রিয় হয়ে উঠতে পারে সেটা সম্ভবত রায়হান রাফি বলেই পেরেছেন। নানা ধরনের কাহিনী নিয়ে কাজ করতে করতে রাফি বুঝেছেন নারীদের আলাদা শক্তি আছে যা তাদের লড়াকু হয়ে উঠতে বাধ্য করে। সাথে সেট ডিজাইনিং, গুমোট ও অন্ধকারাচ্ছন্ন কালার গ্রেডিং - সব মিলিয়ে উন্নত নির্মাণশৈলী আর কারিগরি উৎকর্ষের এক অনন্য নিদর্শন এই সিনেমা। প্রেশার কুকার কেবল বিনোদন নয়; বরং এই সমাজের নীরবে অবদমিত হতে থাকা নারীসত্তার এক নিঃশব্দ আর্তচিৎকার।