× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আজমেরী হক বাঁধন

‘আমাকে দমানো সহজ নয়’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬ ১৫:১৯ পিএম

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৬ ১৫:২৯ পিএম

‘আমাকে দমানো সহজ নয়’

ইতালির ভেনিসে হামলা ও হেনস্থার শিকার হয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ভাই ও পরিবারের সদস্যদের সঙ্গে স্থানীয় একটি পার্কে সময় কাটাতে গিয়ে একদল বাংলাদেশির হাতে শারীরিকভাবে লাঞ্ছিত হওয়ার অভিযোগ করেছেন তিনি। তার দাবি, হামলাকারীরা তার শরীরে পানি, কোমল পানীয় ও ডিম ছুড়ে মেরেছেন, গায়ে হাত তুলেছেন, কানের পাশে আঘাত করেছেন এবং তার হাত থেকে মোবাইল ফোন ফেলে দিয়েছেন। ঘটনার সময় সঙ্গে থাকা তার ভাইয়ের শিশুসন্তানও আতঙ্কের মধ্যে পড়ে।

সোমবার রাতে ঘটনার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে এসে বিস্তারিত জানান বাঁধন। লাইভে তিনি বলেন, ভাইয়ের পরিবারের সঙ্গে পার্কে যাওয়ার পর সেখানে কয়েকজন বাঙালি তাকে শারীরিকভাবে হেনস্থা করেন। তার শরীরে পানি ও কোক ছুড়ে মারায় তিনি পুরোপুরি ভিজে যান। একপর্যায়ে তার গায়ে হাত তোলা হয় এবং কানের পাশেও আঘাত করা হয়। প্রকাশিত ভিডিওতে কয়েকজনকে বাঁধনের দিকে তেড়ে যেতে, তার সঙ্গে ধস্তাধস্তি করতে এবং উত্তেজিতভাবে কথা বলতে দেখা যায়। তাদের কয়েকজন তাকে ‘জুলাই জঙ্গি’ বলেও আখ্যা দেন।

বাঁধনের অভিযোগ, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে তার সক্রিয় ভূমিকার কারণেই তাকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। হামলাকারীদের কয়েকজন নিজেদের আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মী এবং ‘বঙ্গবন্ধুর সৈনিক’ হিসেবে পরিচয় দিয়েছেন বলেও জানান অভিনেত্রী। এমনকি তাকে জোর করে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে বলা হয়। সেই দৃশ্য ভিডিও করে সামাজিক মাধ্যমে সরাসরি সম্প্রচার ও প্রকাশের চেষ্টা করা হয়েছিল বলেও অভিযোগ করেন অভিনেত্রী।

ঘটনার সময় বাঁধনের ভাইয়ের শিশুসন্তানও তাদের সঙ্গে ছিল। প্রকাশিত একটি ভিডিওতে শিশুটির কথা উল্লেখ করে হামলাকারীদের থামানোর চেষ্টা করতে শোনা যায়। বাঁধনের ভাইয়ের স্ত্রীকেও ধাক্কা দেওয়া হয়েছে বলে জানান অভিনেত্রী।

পরে এক গণমাধ্যমের সঙ্গে ফোনালাপে নিজের অবস্থান ও ঘটনার বিষয়ে কথা বলেন বাঁধন। সেখানে তিনি স্পষ্ট করেন, এ ধরনের হামলা বা ভয়ভীতি দেখিয়ে তাকে দমানো যাবে না। জুলাইয়ের আন্দোলনে নিজের অংশগ্রহণের কথাও দৃঢ়ভাবে জানান তিনি। তার বক্তব্যে উঠে আসে, নিজের বিশ্বাস ও অবস্থানের কারণে কোনো ধরনের হেনস্থাকে তিনি মেনে নেবেন না।

সর্বশেষ আরেকটি ফেসবুক লাইভে এসে বাঁধন জানান, তিনি হামলার ঘটনায় মামলা করতে থানায় যাচ্ছেন। এ সময় তিনি বলেন, ‘আমাকে দমানো সহজ না।’ নিজের বর্তমান অবস্থার কথাও জানান অভিনেত্রী। তিনি বলেন, পুলিশের সঙ্গে থানায় যাচ্ছেন এবং তাদের সঙ্গেই আছেন। একই সঙ্গে তিনি জানান, তিনি সুস্থ আছেন।

রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার প্রদর্শনীতে অংশ নিতে সম্প্রতি ইতালিতে গিয়েছিলেন বাঁধন। ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতামূলক অরিজন্তি বিভাগে জায়গা পেয়েছে সিনেমাটি। ৬ সেপ্টেম্বর সালা দারসেনা থিয়েটারে হয়েছে সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার। সিনেমাটির মুখ্য চার নারী চরিত্রে অভিনয় করেছেন জাইনীন করিম, রিকিতা নন্দিনী শিমু, সুনেরাহ বিনতে কামাল ও আজমেরী হক বাঁধন। অর্থাৎ চলচ্চিত্র উৎসবে নিজের সিনেমার প্রতিনিধিত্ব করতেই বর্তমানে ইতালিতে অবস্থান করছেন বাঁধন।

ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বাঁধনের পাশে দাঁড়িয়েছেন দেশের বেশ কয়েকজন অভিনয়শিল্পী ও নির্মাতাসহ অনেকে। পরিচালক শিহাব শাহীন তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘একটা মেয়েকে তিন-চারজন ব্যাডা মিলে হেনস্থা করছেন, এতে কোনো বাহাদুরি নাই। এটা কি পারপাস সার্ভ করছে, সেটাও বুঝে আসে নাই। কোনো কায়দায়ই এটা জাস্টিফাই করা যাচ্ছে না।’ তিনি আরও বলেন, ‘কাজটা ঠিক করেন নাই। ভাবমূর্তি আরও খারাপ করলেন।’

বাঁধনের ওপর হামলার একটি ভিডিও বা পোস্টের প্রতিক্রিয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী পরীমনি। মঙ্গলবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে তিনি লেখেন, ‘বেশি কিছু না। কতগুলা কু.. বাচ্চা রাস্তায় ঘেউ ঘেউ করছে।’ এরপর তিনি আরও লেখেন, ‘এদের কাছে মানুষের বাচ্চার কান্না কিছুই ম্যাটার করে না। করেও নাই।’ বাঁধনের সঙ্গে থাকা শিশুটির কান্নার প্রসঙ্গেই তার এই ক্ষোভ।

অভিনেত্রী সাফা কবিরও ঘটনায় মর্মাহত ও ক্ষুব্ধ হওয়ার কথা জানিয়েছেন। তার ভাষায়, ‘আমি ভীষণভাবে মর্মাহত, ক্ষুব্ধ এবং লজ্জিত।’ দেশের বাইরে একটি চলচ্চিত্র উৎসবে নিজের চলচ্চিত্র ও দেশকে প্রতিনিধিত্ব করতে গিয়ে একজন শিল্পীর প্রাপ্য সম্মান ও নিরাপত্তা-অপমান, হয়রানি কিংবা আতঙ্ক নয় বলেও মন্তব্য করেন তিনি। শিল্পীদের রাজনৈতিক টানাপড়েনের মধ্যে টেনে আনার বিষয়েও প্রশ্ন তোলেন সাফা।

অন্যদিকে অভিনেত্রী জাকিয়া বারী মম বাঁধনকে হেনস্থার ভিডিও শেয়ার করে ঘৃণা ও উদ্বেগ প্রকাশ করেছেন। দেশের সার্বিক পরিস্থিতি নিয়েও নিজের অসন্তোষের কথা জানান তিনি। নারীর প্রতি অসম্মান, নির্যাতন, অন্ধ রাজনৈতিক আনুগত্যসহ একের পর এক অনাকাঙ্ক্ষিত ঘটনার সমালোচনা করে মম বলেন, তিনি কোনো রাজনৈতিক দল করেন না; তার ‘একটাই দল বাংলাদেশ’। দেশ সুস্থ থাকুকÑ এটাই তার প্রত্যাশা।

এ ছাড়া শাহারিয়ার নাজিম জয় বলেন, দেশে এবং বিদেশে দল-মত নির্বিশেষে সব শিল্পীর নিরাপত্তা নিশ্চিত করার দাবি রইল। মব কে সমর্থন করিনি, কখনও করবও না। আর কোনো শিল্পী বিপদে পড়লে সহশিল্পী হিসেবে আপনি হাইসেন না। আপনার বেলায় যারা হেসেছিল তারাও অন্যায় করেছিল। কোথাও না কোথাও থামতে হয়। শিল্পীরা ঐক্যবদ্ধ থাকুন। শিল্পীদের ঐক্যবদ্ধ রাখুন।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা