× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শেষ সুরে ফিরছেন আশা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬ ১৫:১৮ পিএম

শেষ সুরে ফিরছেন আশা

আশা ভোঁসলের কণ্ঠ যেন ভারতীয় সংগীতের এক অনন্ত অধ্যায়। তার গানে প্রেম এসেছে, বিরহ এসেছে, এসেছে জীবনের নানা রঙ ও অনুভূতি। আট দশকের বেশি সময় ধরে নিজের স্বতন্ত্র কণ্ঠ ও গায়কী দিয়ে কয়েক প্রজন্মের শ্রোতার হৃদয়ে জায়গা করে নিয়েছেন এই কিংবদন্তি শিল্পী। তার গাওয়া অসংখ্য গান আজও মানুষের স্মৃতিতে জড়িয়ে আছে। সেই চেনা কণ্ঠের শেষ রেকর্ড করা গান এবার আবারও ফিরছে শ্রোতাদের কাছে। জন্মদিনের বিশেষ আয়োজনে গান প্রকাশের মধ্য দিয়ে যেন আরও একবার ভক্তদের কাছে ফিরে এলেন।

গতকাল ৮ সেপ্টেম্বর আশা ভোঁসলের ৯৩তম জন্মবার্ষিকী ছিল। তাকে শ্রদ্ধা ও ভালোবাসা জানাতেই এই বিশেষ দিনটি বেছে নেওয়া হয়েছেÑ তার জীবনের শেষ রেকর্ড করা গান প্রকাশের জন্য। কমেডি-ড্রামা সিনেমা ‘ওম কা হরি’-এর জন্য রেকর্ড করা গানটির নাম ‘এ মেরি জিন্দেগি, তু ছুপি হ্যায় কাহাঁ’। বিষয়টি জানিয়েছেন সিনেমার পরিচালক হরিশ ব্যাস।

আশার কণ্ঠে রেকর্ড করা শেষ এই গানটি ভক্তদের জন্য নিঃসন্দেহে আবেগঘন এক মুহূর্ত হয়ে উঠতে পারে। প্রয়াত এই সংগীত কিংবদন্তির শেষ সুর তাদের সিনেমার অংশ হয়ে থাকায় আবেগাপ্লুত সিনেমাটির অভিনেতা অংশুমান ঝা। তার ভাষায়, এমন একটি কিংবদন্তি কণ্ঠের শেষ রেকর্ড করা গান তাদের ছবির অংশ হয়ে থাকা পরম প্রাপ্তি। এই কাজ ও এর সঙ্গে জড়িয়ে থাকা স্মৃতি সবসময় তার হৃদয়ের কাছাকাছি থাকবে বলেও জানান তিনি।

আট দশকের দীর্ঘ সংগীতজীবনে ১২ হাজারেরও বেশি গানে কণ্ঠ দিয়েছেন আশা ভোঁসলে। তার কণ্ঠে মুগ্ধ হয়েছে কয়েক প্রজন্মের শ্রোতা। ভারতীয় সংগীতের ইতিহাসে তার অবদানও হয়ে থাকবে চিরস্মরণীয়।

চলতি বছরের ১২ এপ্রিল ৯২ বছর বয়সে প্রয়াত হন এই কিংবদন্তি শিল্পী। তবে জন্মদিনে প্রকাশিত তার শেষ রেকর্ড করা গানের মধ্য দিয়ে আবারও শ্রোতাদের কাছে ফিরে আসবেন তিনি-চেনা কণ্ঠে, চিরচেনা সুরের মায়ায়।

 


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা