প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬ ১২:১৮ পিএম
আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৬ ১২:২১ পিএম
নুসরাত ফারিয়া। ছবি: সংগৃহীত।
বাংলাদেশের বিনোদন অঙ্গনে গ্ল্যামার, অভিনয় আর বহুমুখী প্রতিভার সমন্বয়ে নিজের আলাদা অবস্থান তৈরি করেছেন নুসরাত ফারিয়া। উপস্থাপনা দিয়ে শোবিজে যাত্রা শুরু করা এই তারকা পরবর্তী সময়ে মডেলিং, রেডিও জকি, গান এবং অভিনয়ে নিজেকে মেলে ধরেছেন। পর্দায় তাঁর সাবলীল উপস্থিতি ও আধুনিক স্টাইলের কারণে অল্প সময়েই দর্শকের নজর কাড়তে সক্ষম হন তিনি। বাংলাদেশ ও ভারতের বাংলা চলচ্চিত্রে কাজ করে দুই বাংলার দর্শকের কাছেও পরিচিতি পেয়েছেন এই অভিনেত্রী। আজ ৮ সেপ্টেম্বর এই সুন্দরী অভিনেত্রীর জন্মদিন।

নুসরাত ফারিয়ার বড় পর্দায় অভিষেক হয় ২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার সিনেমা ‘আশিকী’ দিয়ে। জাজ মাল্টিমিডিয়া ও ভারতের এসকে মুভিজের প্রযোজনায় নির্মিত সিনেমাটিতে অঙ্কুশ হাজরার বিপরীতে অভিনয় করেন তিনি। অভিষেকের পর থেকেই একের পর এক সিনেমায় কাজ করে নিজের অবস্থান শক্ত করতে থাকেন ফারিয়া। ‘হিরো ৪২০’, ‘বাদশা: দ্য ডন’, ‘প্রেমী ও প্রেমী’, ‘বস ২’, ‘ধূমকেতু’, ‘শাহেনশাহ’সহ বেশ কয়েকটি সিনেমায় তাঁর অভিনয় দর্শকের মাঝে আলোচনার জন্ম দেয়।

শুধু বাংলাদেশ নয়, কলকাতার বাংলা চলচ্চিত্রেও নিয়মিত কাজ করেছেন ফারিয়া। দুই বাংলার চলচ্চিত্রে কাজের সুবাদে তাঁর অভিনয়জীবনে এসেছে বৈচিত্র্য। পাশাপাশি গানের জগতেও রয়েছে তাঁর পদচারণা। নিজের কণ্ঠে গান প্রকাশের পাশাপাশি মিউজিক ভিডিওতেও দেখা গেছে তাঁকে।

অভিনয়ের পাশাপাশি ফ্যাশন ও গ্ল্যামার জগতেও নুসরাত ফারিয়ার উপস্থিতি বরাবরই আলোচিত। পর্দায় তাঁর আত্মবিশ্বাসী উপস্থিতি, নাচের দক্ষতা এবং নিজস্ব স্টাইল তাঁকে সমসাময়িক তারকাদের মধ্যে আলাদা করে তুলেছে। সময়ের সঙ্গে নিজেকে নানা মাধ্যমে তুলে ধরে বিনোদন অঙ্গনে নিজের একটি স্বতন্ত্র পরিচয় তৈরি করেছেন এই তারকা।