× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জীবন অপেরা নিয়ে আশাবাদী মিম

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬ ১১:৫৬ এএম

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৬ ১১:৫৭ এএম

জীবন অপেরা নিয়ে আশাবাদী মিম

অভিনয়ের নৈপুণ্য আর নিজস্ব স্টাইল সেন্সÑ দুইয়ের মেলবন্ধনে বিদ্যা সিনহা মিম নিজেকে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়। রুপালি পর্দায় বৈচিত্র্যময় চরিত্রে রূপদানের পাশাপাশি ব্যক্তিজীবনে সাজপোশাক ও রুচিশীল উপস্থিতির কারণে বরাবরই তিনি সংবাদ শিরোনামে থাকেন। দেশীয় ঐতিহ্যবাহী শাড়ি থেকে শুরু করে ওয়েস্টার্ন আধুনিক পোশাকÑ সব ধরনের ফ্যাশনেই তিনি দারুণ সাবলীল। বিভিন্ন উৎসব, অনুষ্ঠান কিংবা সোশ্যাল মিডিয়ায় তার গ্ল্যামারাস উপস্থিতি প্রায়ই ভক্তদের মন জয় করে নেয়। ফ্যাশন ও অভিনয়ের অঙ্গনে নিজের শীর্ষ অবস্থান ধরে রেখে ক্যারিয়ারে একের পর এক নতুন পালক যুক্ত করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই তারকা।

মিমের রুপালি পর্দার যাত্রা শুরু হয়েছিল প্রখ্যাত কথাসাহিত্যিক হ‍ুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’ চলচ্চিত্রের মাধ্যমে। প্রথম ছবিতেই নিজের সহজাত অভিনয়ের ছাপ রেখেছিলেন তিনি। শুধু বড়পর্দাই নয়, ছোটপর্দায়ও নিজের মেধার স্বাক্ষর রেখেছেন। বিশেষ করে মিজানুর রহমান আরিয়ানের আলোচিত নাটক ‘ট্রাম্পকার্ড’-এ অভিনয় করে ছোটপর্দায় ব্যাপক জনপ্রিয়তা পান। পরবর্তীতে প্রয়াত খ্যাতিমান নির্মাতা খালিদ মাহমুদ মিঠুর ‘জোনাকীর আলো’ চলচ্চিত্রে অসাধারণ অভিনয়ের স্বীকৃতিস্বরূপ শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে অর্জন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার, যা তার ক্যারিয়ারের অন্যতম সেরা মাইলফলক।

তবে মিমের অভিনয়জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট ও ব্যবসাসফল সিনেমা হিসেবে বিবেচিত হয় রায়হান রাফি পরিচালিত ‘পরাণ’। এই চলচ্চিত্রে শরীফুল রাজ ও ইয়াশ রোহানের সঙ্গে তার রসায়ন এবং অনবদ্য অভিনয় দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করে। ‘পরাণ’-এর সাফল্য তাকে মূলধারার বাণিজ্যিক চলচ্চিত্রে এক নতুন উচ্চতায় প্রতিষ্ঠিত করে। সবশেষ প্রেক্ষাগৃহে মুক্তি পায় তার অভিনীত সিনেমা ‘মালিক’, যেখানে প্রথমবার তাকে দেখা যায় আরিফিন শুভর বিপরীতে।

সবশেষ কাজের ধারাবাহিকতায় এরই মধ্যে নতুন আরও একটি বড় ক্যানভাসের সিনেমার শুটিং শেষ করেছেন এই অভিনেত্রী। সিনেমাটির নাম ‘জীবন অপেরা’, যা পরিচালনা করেছেন নির্মাতা আলভী আহমেদ। যদিও ছবিটির বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে নতুন এই প্রজেক্ট নিয়ে অত্যন্ত আশাবাদী অভিনেত্রী নিজেও।

মিম বলেন, আলভী ভাইয়ের নির্দেশনায় এর আগে আমি কোনো কাজ করিনি। এবারই প্রথম তার নির্দেশনায় সিনেমায় অভিনয় করেছি। এরই মধ্যে সিনেমার কাজও শেষ। এর বেশি আর কিছুই বলতে পারছি না। সময় হলেই সিনেমার টিমের পক্ষ থেকে সংবাদমাধ্যমে সবকিছু জানানো হবে। তবে আমি এতটুকুই বলতে চাই, সিনেমাটি নিয়ে আমি ভীষণ আশাবাদী। এখন শুধুই অপেক্ষা।

ক্যামেরার সামনে দাঁড়িয়ে অভিনয় করা ছাড়াও সাহিত্য ও অন্যান্য সৃজনশীল ক্ষেত্রে মিমের দারুণ আগ্রহ রয়েছে। ২০১২ সালের অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয় তার প্রথম গল্পের বই ‘শ্রাবণের বৃষ্টিতে ভেজা’। এর পরের বছর ২০১৩ সালের বইমেলায় পাঠকদের ভালোবাসায় প্রকাশিত হয় তার প্রথম উপন্যাস ‘পূর্ণতা’। বর্তমানে তিনি অভিনয় ও মডেলিংয়ের বাইরে বেশ কয়েকটি দেশীয় ও বহুজাতিক ব্র্যান্ডের গুডউইল অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন। রুপালি পর্দা, ব্র্যান্ড এনডোর্সমেন্ট এবং ফ্যাশন অঙ্গনে ব্যস্ত সময় পার করা মিমের নতুন ছবি ‘জীবন অপেরা’ নিয়ে চলচ্চিত্রপ্রেমীদের আগ্রহ এখন তুঙ্গে।

 


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা